আমের রাজ্যে...

চারদিকে আম আর আম। আমের ভারে ছোট্ট গাছের ত্রাহি অবস্থা। এই বুঝি ভেঙে পড়ল। পাঁচ-ছয় ফুটের এক একটি গাছে ডালভর্তি আম। এ রকম একটি-দুটি নয়, হাজারো। বাতাসেও আমের মিষ্টি সুবাস। জ্যৈষ্ঠ মাসের এমন দিনের অপেক্ষা এখানকার মানুষগুলোর। সারা বছরের পরিচর্যা শেষে ফল তোলার এই তো সময়। মহাআনন্দে ফল তুলছেন তাঁরাও। কেউ গাছ থেকে আম পাড়ছেন, কেউ খাঁচায় ভরছেন। আরেক দল আম নিয়ে যাচ্ছেন পাহাড়ের চূড়ার শেডে। সেখানে চলছে ধোয়া-মোছা। রাজ্যের ব্যস্ততা। দম ফেলার ফুরসত নেই। এই আমের রাজ্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কেঁয়াজুপাড়ায়।
আমের দিনে আমের রাজ্যে
দিনটি ছিল ১ জুন। সকাল থেকে এই মেঘ এই বৃষ্টি। এর মধ্যেই চট্টগ্রাম শহর থেকে যাত্রা শুরু। সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া আমিরাবাদ স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরের লামার কেঁয়াজুপাড়ার পথ ধরার পর ঝুম বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। মনে মনে ভাবলাম কী যে হবে। আদৌ কি বাগান পর্যন্ত যেতে পারব? পুটিবিলার শেষ প্রান্তে এসে দেখলাম রাস্তার ওপর পড়ে আছে গাছের একটি ডাল। আমাদের গাড়ির আগে একটি মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। চালক কোনোমতে পাশ কাটিয়ে গাড়ি বের করেন। আমরাও হাঁফ ছেড়ে বাঁচলাম। এরপর যতই সামনে এগোচ্ছি আকাশ তত পরিষ্কার। কেঁয়াজুপাড়া বাজারে যখন নামছি তখন একেবারে কড়া রোদ। ঘড়ির কাঁটায় ১০টার একটু বেশি। বাজারের লাগোয়া মেরিডিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে ২০ মিনিটের বিরতি। চায়ে চুমুক দিতেই দীর্ঘ পথের ক্লান্তি নিমেষে উধাও। এবার আসল কাজ। বাগানে ঘোরা। আমার সঙ্গী হলেন বাগানের ব্যবস্থাপক হরিমোহন দাশ। কার্যালয় থেকে এক শ ফুটের দূরত্বে বাগান। উঁচু-নিচু পাহাড়ে সারি সারি আমগাছ। আর তাতে ফলের বাহার।
রাসায়নিকমুক্ত রাখতে...
বাগানে দেখা গেল প্রতিটি গাছে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (ফেরোমেন সেক্স) পদ্ধতির ব্যবহারর। আমের পোকা দমনে কীটনাশক নয়, এই পদ্ধতির ওপরই ভরসা। তা ছাড়া আম গাছ থেকে তোলার পর ভালোমতো মুছে হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ব্যবহার করে বাড়ানো হচ্ছে আমের আয়ুষ্কাল।
বাগানের ব্যবস্থাপক হরিমোহন দাশ জানান, হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি মূলত নির্দিষ্ট মাত্রার গরম পানি দিয়ে আম ধুয়ে নেওয়া। এতে আমের গায়ে থাকা জীবাণু মরে যায়। সহজে পচে না। গুণাগুণও থাকে অটুট। ফলে আমে কোনো ধরনের রাসায়নিকের ব্যবহার থাকে না। মেরিডিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপক আবুল হোসেন জানান, শুধু রাসায়নিকের ব্যবহার না করার জন্য প্রতি মৌসুমে উৎপাদিত আমের ৩০ শতাংশ নষ্ট হয়। যার মূল্য দাঁড়ায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা।
পাহাড়ের টানে
শুরুতে শখের বশে ১৫০ একর পতিত পাহাড় নিয়ে বাগান করেন মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা। সালটা ছিল ১৯৯৫। পতিত জঙ্গল সাফসুরত করে একসময় ক্লান্ত হয়ে পড়েন। তা ছাড়া এখনকার মতো রাস্তা তো ছিল না। পদে পদে ছিল ভোগান্তি। তার পরও দমে যাননি। কিছুদিন পর তাঁর পাশে দাঁড়িয়েছেন স্ত্রী কোহিনূর কামাল। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। স্বামী-স্ত্রী মিলে এগিয়ে চললেন। ১৯ বছরের ব্যবধানে ১৫০ হলো ৮০০ একর। তাঁদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে ছড়িয়ে পড়ছে আম্রপালির চাষ। এখান থেকে প্রতিবছর চারাও বিক্রি হয়। আর তাদের বাগানের রাসায়নিকমুক্ত আমের খ্যাতি ছড়াল চট্টগ্রামজুড়ে।
পাহাড়ের জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে আম ও রাবার চাষের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জন্য ২০১১ সালে জাতীয় পরিবেশ পদক অর্জন করে প্রতিষ্ঠানটি। মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনূর কামাল বলেন, ‘শখের বশে ২০০০ সালে আমরা আম চাষ শুরু করি। বর্তমানে বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। এ ছাড়া থাইল্যান্ড ও ভিয়েতনামের কারিগরি সহযোগিতায় সারা বছর আম বাজারজাত করার প্রকল্প হাতে নিয়েছি। আমাদের সেমি-অর্গানানিক বাগানকে সম্পূর্ণ অর্গানিক এ রূপান্তরিত করার পরিকল্পনা আছে।’
আম-কাঁঠাল কত-কী
বাগানের বেশির ভাগ অংশজুড়ে আছে আম্রপালি জাতের আম। এই আমের আঁটি ছোট। খেতেও ভারি মিষ্টি। শুধুই কি আম্রপালি, রয়েছে মল্লিকা, রাংগুয়াই, ফনিয়া, হিমসাগর, থাই জাতের নামদকমাই, কাঁচামিঠা, ব্যানানা, সোনালি ও সুন্দরী। তবে সাড়ে ১০ হাজার আমগাছের মধ্যে আম্রপালিই আছে সাত হাজার ৩০০। আর থাই জাতের আম আগাম বাজারে এসেছে। মে মাসের শেষ দিক পর্যন্ত এগুলোর ফলন তোলা হয়। এখন চলছে আম্রপালি আর মল্লিকা। ফলন সম্পর্কে জানতে চাইলে বাগান ব্যবস্থাপক জানান, এবার ১৫০ টনের কাছাকাছি হবে।
আমের পাশাপাশি চাষ হয় রাবারও। এ ছাড়া কাঁঠাল, লিচু, সফেদা, দারুচিনি, কাজুবাদাম, পেঁপে, কামরাঙা, গাব, বেল, এলাচি, থাই জামরুল—এসবও রয়েছে বাগানে।