আমেরিকা! আমেরিকা!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আসি। আমার এক আত্মীয়ের সঙ্গে আমার মনোমালিন্য চলছিল। অনেকটা ‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’ অবস্থা। আমার আত্মীয়রা ন্যাকামির ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেছিল। ঠিক এমন সময় নিজের অজ্ঞতার কারণে একটি ভুল করে বসি। ভুলটি সংশোধন করা সম্ভব ছিল এবং আমার ভুলের কারণে তাদের আর্থিক কোনো ক্ষতি হয়নি। কোনো প্রকার আত্মসমর্পণের সুযোগ না দিয়ে তারা আমাকে এমন তুলোধোনা করল, যেন আমার ভুলটি ক্ষমার অযোগ্য। আমি তখন এখানে নতুন অভিবাসী—এ কারণেই ভুলটি হয়েছিল। যাইহোক, তাদের ভর্ৎসনা হজম করে কাজে রওনা দিলাম। তখন রাতে কাজ করি। বাসা থেকে কাজের জায়গায় যেতে বাসে ৪০ মিনিট লাগে। আত্মীয়দের আচরণে এতটাই মর্মাহত ছিলাম যে কখন নির্ধারিত বাসস্টপ পার হয়ে ১০ ব্লক (আনুমানিক দু-তিন মাইল) দূরে চলে গিয়েছিলাম, খেয়াল করিনি। বাসটি যখন ক্রমে ঢালুর দিকে নেমে যাচ্ছিল, তখন খেয়াল হলো, আমি কোথায় এলাম। দেখলাম, বাসে আমি ছাড়া আর কোনো যাত্রী নেই। উঠে গিয়ে ড্রাইভারের পেছনে দাঁড়ালাম। ড্রাইভার জানতে চাইলেন, কিছু বলব কি না। ইংরেজিতে কোনো রকম বললাম, আমি ভুল করে ১০ ব্লক বেশি চলে এসেছি। এ জায়গাটা আমার অচেনা, এ দেশে আমি নতুন এসেছি। এখন কীভাবে আমার কর্মস্থলে ফিরব জানি না। কাজের সময় হয়ে গেছে। ড্রাইভার বললেন, ওকে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে সঙ্গে সঙ্গে উল্টো দিকে যেতে লাগলেন এবং বললেন, কোথায় নামবে আমাকে বলবে। কয়েক মিনিট পরেই আমি নির্ধারিত বাসস্টপটি দেখতে পাই এবং আমাকে এখানে নামাতে বলি। তার পরও ড্রাইভার জানতে চান, আমাকে কাজের জায়গায় নামিয়ে দিতে হবে কি না। ওখান থেকে পাঁচ-সাত মিনিট হাঁটলেই আমি কর্মস্থলে পৌঁছতে পারব। সুতরাং ড্রাইভারকে ‘না’ বলে শুকনো গলায় ধন্যবাদ জানিয়ে অশ্রুসিক্ত হয়ে কাজের পথে হাঁটতে শুরু করি। তপন দেবনাথলস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।