আমেরিকা থেকে চিঠি

মার্কিন নাগরিক কেলি ম্যাকার্থি ২০১২ সালে কর্মসূত্রে এসেছিলেন বাংলাদেশে। ২০১৪ সালে কেলি ফিরে গেছেন নিজ বাসভূমে। কিন্তু বাংলাদেশ এখনো আছে তাঁর অন্তরজুড়ে। ইছামতী নদীর পাড় থেকে রবীন্দ্রসরোবরের কোলাহল, আমাদের নাগরিক জীবনের বিবিধ অনুষঙ্গ কেলি অনুভব করেছেন হৃদয় দিয়ে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর আমরা এই মার্কিন লেখক ও কবিকে অনুরোধ করেছিলাম বাংলাদেশ নিয়ে লিখতে। খোলা চিঠির আদলে তিনি লিখেছেন বাংলাদেশে তাঁর অনন্য অভিজ্ঞতা।
এই প্রথম নয়, আপনাকে ও বাংলাদেশকে ভালোবেসে চিঠি আমি আগেও লিখেছি, সংখ্যা হিসাবে এর ক্রমিক হয়তো ৫ নম্বর! আমার আশা, নীল কাগজে লাল কালিতে লেখা এই চিঠিটি নিজ থেকেই খুঁজে নেবে সাত সমুদ্দুর তেরো নদী ওপারের আপনাকে। এ আশা সত্য হবে কি না, আমার জানা নেই। যদি হয়ও, জানা নেই কত দিনে তা সত্য হবে। হয়তো বছরও পেরিয়ে যাবে, তবু এই দূর থেকেই আমি অনুভব করে নেব, সেই ডাকপিয়নের চোখে খেলা করা, অবশেষে আপনার হাতে এই চিঠিটি পৌঁছে দেওয়ার ছোট সাফল্যের গর্বটুকু। বাক্সবন্দী হয়ে, উড়োজাহাজ, ট্রাক, মোটরবাইক, কাঁধের ঝোলা ইত্যাদি হয়ে দীর্ঘ যাত্রায় চিঠিটি হয়তো তখন খানিকটা দুমড়ে-মুচড়ে তার কাগুজে সৌন্দর্য হারিয়েছে। আচ্ছা, আপনি তখন কী করবেন চিঠিটি হাতে পেয়ে? সঙ্গে সঙ্গেই পড়ে ফেলবেন, নাকি এক কাপ চিনি ছাড়া দুধ কম কড়া লিকারের চা দিতে বলে কিছুক্ষণ চিঠিটি হাতে নিয়ে অপেক্ষা করবেন—একা, চুপচাপ? যদিও আপনার বাসার সবাই জেনে গেছে আপনার নামে এক চিঠি এসেছে, বহুদূর থেকে! আপনার ইচ্ছার ওপর যদি আমার অধিকার ফলানোর সুযোগ থাকত, তাহলে অবশ্য আমি কিছু শর্ত জুড়ে দিতাম। অন্য কিছু নয়, কেবল আমার এই চিঠিখানা কোথায় কোথায় আর কীভাবে পড়া যেতে পারে, সে বিষয়ে কিছু মতামত আর একটা ছোট তালিকা বলতে পারেন। আমি জানি, বললেই এর কারণটা আপনিও অনুধাবন করতে পারবেন। যদিও মজার ব্যাপারটা হচ্ছে, নিশ্চয়ই ইতিমধ্যে আপনি চিঠিটি খুলে পড়া শুরু করে ফেলছেন, নয়তো কী করে জানলেন এই চিঠি পড়তেও শর্ত আছে? তবে কি এখন একটু বিরতি দেবেন পড়ায়? নাই-বা দিলেন, তাতে কী? আমি আমার শর্তগুলো বরং বলেই দিই। তবে আমি কিন্তু ভালোই জানি—পাঠক, আমি যদি আপনাকে সঠিক চিনে থাকি, তবে আমার তালিকার অপেক্ষা না করেই আপনি সেই তালিকারই কোনো এক জায়গা আপনমনেই খুঁজে নিয়ে পড়ছেন আমার পাঠানো এই ‘আমেরিকা থেকে চিঠি’!

শর্ত নম্বর-১, শহর: ঢাকা, এলাকা: ধানমন্ডি
যেতে হবে রিকশা করে, রাতের বেলা এবং অবশ্যই সেটা হতে হবে জোছনাস্নাত রাত। ধানমন্ডি ৩২ নম্বর ব্রিজ পেরোনোর সময়টা, চিঠি ভুলে আপনাকে একটু মনোযোগ দিতে হবে রিকশাযাত্রার এই অংশটুকুতে—দুটো ভাগে! প্রথমে আপনাকে ঢাল বেয়ে তুলতে বেচারা রিকশাওয়ালার তার প্যাডেলের সঙ্গে কঠিন যুদ্ধ আর ঠিক ব্রিজের মধ্যখানে পৌঁছাতেই তার চোখেমুখে জ্বলজ্বলে যুদ্ধজয়ের আনন্দ এবং বাকিটুকু নামার সময় সেই ‘বেচারা’ রিকশাচালকের প্রায় খাটনিবিহীন স্বচ্ছন্দ গতির তোড়ে একই হাওয়া ছুঁয়ে যাবে আপনাদের দুজনেরই চুল, চোখ, মুখ, শরীর। চালক ও আরোহী—দুজনকেই প্রশান্তি দেওয়া বাতাসটুকু কিন্তু একই—মনোযোগ হারাননি তো? এরপর কিছু গলি পেরিয়ে একটু ভেতরে ঢুকতেই, আপনার চালককে থামতে বলুন একটি নিয়ন বাতির নিচে। সেখানে আমার এই লেখাটি পড়ুন! মনোযোগ হারাবেন না, সেখান একটি বিশাল গাছও থাকার কথা এবং হয়তো তার আশপাশেই জনা কয়েক নৈশপ্রহরী সন্দেহজনক অথবা রহস্যময় গতিবিধির কারণে আপনার দিকে কড়া নজর রাখবে।
তাদের মাথায় নিশ্চিত ঘুরপাক খাবে—এই রাতে মাঝ রাস্তায় রিকশায় বসে কী পড়ছেন তিনি? রাস্তার মাঝে এতটা সময় দাঁড় করিয়ে রাখার জন্য রিকশাচালকও ভাড়ার বাইরে কিছু বাড়তি টাকা চেয়ে বসতে পারেন—তাঁকে দয়া করে সেটা দেবেন। বাকি লেখাটুকু পড়তে পারেন আরেকটু এগিয়ে ধানমন্ডি লেকের পাড়ে বসে, রবীন্দ্র সরোবরের রেলিং ঘেঁষে বসা চায়ের দোকান থেকে এক কাপ চা হাতে। তবে সাবধান! তারা চা দেয় ভীষণ পাতলা প্লাস্টিকের কাপে, পানীয় উত্তাপে যে তার পাত্রকেই প্রায় গলিয়ে দেয়!

শর্ত নম্বর-২, শহর: ঢাকা, এলাকা: ফার্মগেট
আমি জানি এই শর্তটা শুনে আপনি একটু ভ্রু কুঁচকিয়েছেন। এই চিঠি পড়তে ফার্মগেট যেতে হবে? যেখানের ট্রাফিক জ্যামের যন্ত্রণায় মানুষ আহাজারি করে এই জনমে আর বাড়ি ফেরা হবে কি না নিয়ে, সেখানে? হ্যাঁ, সেখানেই! আমার চিঠিটি হাতে নিয়ে গাড়ি থেকে সোজা নেমে পড়ুন! তবে নেমেই আবার পড়া শুরু করে দেবেন না কিন্তু! একটু আশপাশে তাকান, ফেরিওয়ালা আর হকারদের দেখুন, অপ্রয়োজনীয় কিছু জিনিস দরদাম করুন। একটা গোলাপি হাওয়াই মিঠাই, একটা গামছা আর একটা বেলি ফুলের মালা কিনুন! কিছুক্ষণ দাঁড়িয়ে বা ঘুরে ঘুরে অন্যের কেনাকাটা দেখুন। তাদের আরও দর-কষাকষি করতে বলুন। রাস্তায় আড্ডারত দুই বন্ধুর কথায় আড়ি পাতুন। আর সেই ফার্মগেটের ধাক্কাধাক্কির মাঝে দাঁড়িয়েই আমার চিঠিটি পড়ুন। এবার হয়তো অতি উৎসাহী কেউ উল্টো আপনার ঘাড়ের ওপর দিয়ে দেখার চেষ্টা করবে আপনি কী পড়ছেন? সমস্যা নেই, এই চিঠিটি এই ‘প্রেমপত্র’টি তো যে শহরকে ভালোবেসে লেখা, সে শহরটা তো তারও! এতক্ষণে নিশ্চয়ই আপনার খিদে পেয়ে গেছে? তো ফার্মগেট ওভারব্রিজের গোড়ায় একটা শিঙাড়া হলে কেমন হয়?
শর্ত নং-৪, শহর: মুন্সিগঞ্জ
যেতে হবে ইছামতী নদীর তীরে। একটু কষ্ট হলেও আমি বলব বাসে করে মুন্সিগঞ্জ নেমে রিকশা নিতে। সেখানে...না পৌঁছেই চিঠি খুলে বসা যাবে না কিন্তু! একটা ঘাট খুঁজে নিয়ে একটু সাঁতার কেটে নিন, ইছামতীর পানিতে ভিজিয়ে নিন শরীর। তবে খরস্রোত বিষয়ে কিন্তু সাবধান। সবুজ ঘাসে একটু খালি পা ছোঁয়ান, ঘাটে বাঁধা নৌকায় বসত করা মানুষগুলোর সঙ্গে একটু গল্প করুন। কথা দিচ্ছি, তাঁরা আপনাকে ফিরিয়ে দেবেন না, বরং গরম সাদা ভাত আর মাত্রই ধরা মাছের সালুন দিয়ে আপনাকে আপ্যায়ন করবেন! রাতের জন্য একটা ছোট নৌকা ভাড়া নিন, সঙ্গে নিন একজন এলাকার বাউলকে। নৌকায় বসেই দেখুন নদীর পাড়ে কী ভীষণ যত্নের সবুজ ঘাস ও ধানখেত তাদের। ইছামতী নদীর জলে ভাসতে ভাসতে দেখবেন কীভাবে নদীর একপ্রান্তে সূর্য ডুবে আবার আরেক প্রান্তে নিজেকে মেলে ধরে। সে সময়, সেই নদীর পানিতেই ফুল আর বাউল গানে স্নাত আপনি এবার আমার চিঠিটা খুলে বসতে পারেন!

শর্ত নম্বর-৫, শহর: চট্টগ্রাম
রওনা করুন ঢাকা এয়ারপোর্টের উদ্দেশে তবে উড়োজাহাজ ভুলে যান! নামবেন ‘ঢাকা বিমানবন্দর রেলস্টেশন’-এ। আমি চাইব আপনি ট্রেনে যান, রাতের ট্রেন। সঙ্গে ছোট একটা ঝোলা নিতে পারেন, সেটাতেই পুরে নিন আমার চিঠিটি। টিকিটটি ট্রেন ছাড়ার সময় রাত ১১টা ৪৫ মিনিট বলবে, কিন্তু আপনি ধীরে-সুস্থে মোটামুটি রাত সাড়ে ১২টার দিক স্টেশনে পৌঁছালেও আপনার খুব একটা ‘দেরি’ হয়ে যাবে না! এই ট্রেনে খুব সুন্দর শীতাতপনিয়ন্ত্রিত বিছানা-বালিশসহ ছোট ঘর আছে, এসি চেয়ার বগিও আছে...কিন্তু না, খবরদার! ওসব কোনোটিতেই না। আমার চিঠি নিয়ে আপনাকে চড়তে হবে মাথার ওপর খাঁচাওয়ালা ছোট ফ্যানের চেয়ার বগিতে। এই রাতজুড়ে ট্রেন-যাত্রা দারুণ হবে, যদি আপনি কিছু বন্ধু জুটিয়ে দল বেঁধে যেতে পারেন। ট্রেন চলতেই শুরু হবে আড্ডা, খুনসুটি আর ট্রেনের কী এক জাদু আছে, যার যাত্রার ঝিকঝিক শব্দের সঙ্গে বন্ধুরাও যেন আরও বেশি বন্ধু হয়ে যায়, বেড়ে যায় নিজেদের ভেতর জীবনের নানা গল্প ও কথা ভাগাভাগি করা—আর সেটা হয় ‘ট্রেনের চা’ পান করতে করতে! হ্যাঁ, ট্রেনের চা, ভুল লিখিনি। বাংলাদেশের অন্য যেকোনো দুধ, রং, আদা, লেবু, চা থেকে কেমন যেন আলাদা এই ‘ট্রেনের চা’! আমার মনে হয় বন্ধুত্বের মন্ত্রটা ওই ট্রেনের চায়েই লুকানো থাকে! রাতের গভীরতা বাড়তে থাকবে এবং আপনাদের গল্পও বাড়তে থাকবে। বাড়তে থাকবে হাসি আর গলার স্বর! হয়তো তখন আশপাশের কোনো যাত্রী ভীষণ বিরক্ত হয়ে আপনাদের থামতে বলে একটা ধমকও দিয়ে দিতে পারে। এবং তার সম্মানে আপনারাও হা হা, হো হো থেকে একেবারে নিশ্চুপ হয়ে যাবেন...কিন্তু সেটা আর কতক্ষণ? বাজি ধরে বলতে পারি, মিনিট খানেক? তারপরেই একে অন্যের বহু কষ্টে হাসিচাপা মুখ দেখে আবারও ভেঙে পড়বেন হা হা, হো হোতে, যা কিনা অনিচ্ছায় হলেও আগের চেয়েও জোরগলায়! ঠিক তখনই আমার চিঠিটি খুলে নিয়ে বসুন। মনে মনে নয়, ফিসফিস করে বন্ধুদের নিয়ে একত্রে পড়ুন। কারণ, আমার এই সুদূরের প্রেমপত্রটি কিন্তু আপনার বন্ধুদের জন্যও!

শর্ত নম্বর-৬, শহর: ঢাকা
এই সুদূরে বসে, বাংলাদেশের আরও কত যে জায়গায় আপনাকে আমার এই চিঠিটি নিয়ে যেতে অনুরোধ করতে ইচ্ছা করছে, কিন্তু এই চিঠির সীমা ফুরিয়ে আসছে আর যত সম্ভব জলদি এটাকে আপনার হাতে পৌঁছে দিতে চাই! ইচ্ছা ছিল চিঠিটি যাক উত্তরে, যেখান থেকে দূরের পাহাড় দেখা যায়। দক্ষিণে, যেখানে নদী মিশেছে সাগরে। কিংবা একবার কি যেতে পারেন পশ্চিমে? দেশের সীমানা ফুরানোর আগেই যেকোনো এক গৃহস্থের বাড়ি কি একটু ঘুরে আসবেন আমার চিঠিটি নিয়ে? আমি জানি আপনার জন্যই উঠানজুড়ে দাঁড়িয়ে থাকবেন গৃহস্থ স্বয়ং! মধ্য দুপুরের সূর্য মাথায় নিয়ে, দুহাত পেছনে করে আপনার অপেক্ষাতেই তিনি দাঁড়িয়ে আছেন। তিনিই আপনাকে পরম আতিথেয়তায় নিয়ে যাবেন ঘরের ভেতরে। তার বৈঠকখানায় আপনাকে চা খাওয়াবেন তিনি। বৈঠকখানার দেয়ালজুড়ে ঝুলছে তার ও তার স্ত্রীর প্রাচীন পারিবারিক ছবি। ছবিগুলো তাকে ক্ষণে ক্ষণে কানের কাছে এসে বলে যায় কয়েক পুরুষের গল্প। তিনি আপনাকে ছবিগুলো দেখাবেন কিছু গল্পও বলবেন সমুদ্র আর সীমান্ত পেরোনোর গল্প-জীবন নামের এক মহা অকপট গল্প! এর মাঝেই তার পরিবার আপনাকে তাদের সঙ্গে একবেলা খাওয়ার দাওয়াত দেবে। আপনি অবশ্যই সেই দাওয়াত গ্রহণ করবেন। অবশ্যই! খেতে বসার পর পুরো পরিবারের যেন দায়িত্ব হয়ে পড়বে খেয়াল রাখা যে সবার চেয়ে বেশি আপনিই খাচ্ছেন! প্রথম দানা থেকে শেষ দানা—সবই যেন আপনার! যতবার আপনার খাবার শেষ হওয়ার পথে, ততবারই কেউ না কেউ আরও কিছু তুলে দেবে আপনার পাতে। এই জবরদস্তিতে যন্ত্রণা নেই, আছে এক অপার্থিব ভালোবাসা! তবু যখন মনে হবে যে নাহ, আর সম্ভব নয়, তখন রান্নাঘর থেকে আবার নতুন কিছু চলে আসবে সরাসরি আপনার পাতে! আর তা-ও শেষ করার পর যখন রীতিমতো ঘোষণাই দিয়ে ফেলবেন যে আর সম্ভব নয়, তবু অতৃপ্ত পরিবার আপনার সামনে পরিবেশন করবে মিষ্টান্ন! মিথ্যা বলছি না, মমতার জোরে আপনি তা-ও সাবাড় করে ফেলতে পারবেন, আর কি জানেন? ওই ঘরে তৈরি মিষ্টি মুখে তুলতেই আপনি হারিয়ে যাবেন, নিজেকে খুঁজে পাবেন ঢাকা শহরের কোনো এক বাড়ির ছাদে ছোট কোনো গায়েহলুদের অনুষ্ঠানের উৎফুল্ল আয়োজনে, গানে, আর হলুদমাখা নতুন বউয়ের লাজুক চোখ-মুখ ঘিরে সবার হইহুল্লোড়ে! তবে অনুরোধ, হারিয়ে যাওয়ার আগেই, ভাত-মাছের শেষ লোকমাটা শেষ করারও বেশ পড়ে, সেই পরিবারের পরিবেশন করা আপাতত শেষ কাপ চায়ে চুমুক দেওয়ার আগেই, আমার এই চিঠিটি বের করুন, সবাইকে নিয়ে পড়ুন। সুদূর আমেরিকা থেকে বাংলাদেশকে ভালোবেসে লেখা এই চিঠিটা আপনার মতোই সীমান্তের ওই ছোট গ্রামের গৃহস্থের পরিবারের জন্যও তো!
ইচ্ছা করছে না, কিন্তু শেষ করতে হচ্ছে। আপনি, আপনারা কি আমার পরের চিঠিটির অপেক্ষায় থাকবেন?
লেখক: কেলি ম্যাকার্থি, মার্কিন নাগরিক, লেখক ও কবি, ২০১২-২০১৪ কাটিয়েছেন ঢাকায় ও বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে।
অনুবাদ: অনিক খান, ছবি: জিয়া ইসলাম, কবির হোসেন ও সাইফুল ইসলাম