আমেরিকান বার্গারে দেশি স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালুমিনিয়ামের ফয়েলের ভাঁজ খুলতেই বের হয়ে আসবে আস্ত বার্গার। কামড় বসাতে না বসাতে মুখের মধ্যে উধাও। পেট ভরলেও ভরবে না মন। এত মজার একটা খাবার, অল্পতে কি আর মন ভরে? ‘আমেরিকান বার্গার’-এর খাবারের বিশেষত্ব এটাই। আর এটাকে পুঁজি করেই ঢাকার ভোজনরসিকদের ১০ বছর ধরে বার্গার খাইয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কেমন খাবারনামের সার্থকতা প্রমাণ করতে এই দোকানের অন্যতম আকর্ষণ বার্গার। প্রায় আট রকমের বার্গারের পাশাপাশি স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইসও আছে। মেন্যু খুব একটা লম্বা না হলেও, স্বাদের কারণেই দিনভর ছুটে আসেন বার্গারপ্রেমীরা। বার্গারের দাম ২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫ টাকা। কী, চমকে উঠলেন! এত কমদামে বার্গার! বিশ্বাস করুন, এটাই লেখা আছে আমেরিকান বার্গারের মেন্যুতে। মেন্যুটা অবশ্য ১০ বছরের পুরোনো! সেই ২৫ টাকার বার্গার এখন ৯০ টাকা। আকারের ওপর নির্ভর করে দাম বাড়বে ১৯০ টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানের হাতিরপুল ফ্র্যাঞ্চাইজির মালিক প্রীতম চৌধুরী বললেন, ‘আমরা অতিরিক্ত দাম রাখি না। ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করি। লাভ খুবই অল্প হলেও বিক্রি বেশি হওয়ায় চলে যায়। দিনে আমাদের সব শাখা মিলিয়ে প্রায় এক হাজার ৫০০ বার্গার বিক্রি হয়। অন্যান্য খাবার তো আছেই।’ বার্গার চেইনশপনামে আমেরিকান বার্গার হলেও এটি শতভাগ বাংলাদেশি বার্গার শপ। আর রেসিপি আরব দেশের। আমেরিকান বার্গারের প্রতিষ্ঠাতা আবদুল মোমেন কুয়েতে ছিলেন দীর্ঘ ১১ বছর। সেখানে অ্যারাবিয়ান বার্গার নামে এক বার্গার শপে কাজ করতেন তিনি। ২০০০ সালে দেশে ফিরে এসে ভাবলেন নিজেই একটা বার্গার শপ দেবেন। ঢাকার গুলশান-২ থেকে তখনই যাত্রা শুরু। এরপর বনানী, ধানমন্ডি, মিরপুর-১০ নম্বর, বেইলি রোড, উত্তরা-১, বসুন্ধরা সিটি, হাতিরপুল এবং বসুন্ধরা আবাসিক এলাকা—মোট নয়টি শাখা নিয়ে এখন পুরোদমে চলছে আমেরিকান বার্গার। শুধু বাংলাদেশ নয়, বিদেশের মাটিতেও জায়গা করে নিয়েছে বাংলাদেশি ‘আমেরিকান বার্গার’। মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি শাখা ছিল আগে থেকেই। এবার দুবাইতে হচ্ছে এর দ্বিতীয় আন্তর্জাতিক শাখা। সব মিলিয়ে চেইন বার্গার শপ হিসেবে নিজেকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে দেশি এই প্রতিষ্ঠানটি। বাড্ডার বার্গারসবগুলো শাখার খাবারের উপকরণ তৈরি হয় বাড্ডায়, এর নিজস্ব কারখানায়। সেখান থেকে প্রতিদিন সকালে বার্গার ও স্যান্ডউইচের ব্রেড, স্টেকের মূল উপাদান কিমা পাঠানো হয় শাখাগুলোতে। সঙ্গে থাকে মালয়েশিয়া থেকে আসা মেয়োনেজ এবং কেচাপ। আর এগুলো দিয়েই প্রতিদিন তৈরি হয় মুখরোচক সব বার্গার। ‘আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাজ করায় খাদ্যের গুণগত মানের ওপর আমরা কড়া নজর রাখতে পারি। খাবারের মূল উপাদান ব্রেড আমরা আমাদের নিজস্ব রেসিপিতে তৈরি করি। কিমা তৈরির জন্য মাংস বাছাইয়েও নেওয়া হয় বিশেষ সতর্কতা।’ বলছিলেন প্রীতম চৌধুরী।হাতিরপুলেই বাসা আশিকের। প্রতিদিন তাঁর আমেরিকান বার্গারের বার্গার না খেলে চলেই না। ঈদের পর কয়েকটা দিন দোকান বন্ধ থাকা অবস্থায় আশিক পড়েছিলেন মহা বিপদে। কিন্তু আমেরিকান বার্গারের বার্গার না খেলে যে তাঁর চলেই না। ‘বাসাভর্তি মাংস। কিন্তু এখানকার মতো স্বাদ আর কোথাও পাই না।’ বলছিলেন আশিক।