আমেরিকান হিমু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্যান্টাকি পুলিশ স্টেশনের পুলিশসদস্যরা তো বড্ড বেরসিক! তাঁরা একজন আমেরিকান হিমুকে আটকে রেখেছেন! তাঁরা কি জানেন না মাইকেল হার্প নামের এই হাজতি যে কাণ্ড করেছে তা আসলে হুমায়ূন আহমেদের হিমুরা অহরহই করে থাকে!

আসলে ভাগ্যটাই খারাপ হার্পের। হুমায়ূন আহমেদের হিমু-বিষয়ক উপন্যাস তো আর ক্যান্টাকির পুলিশসদস্যরা পড়েননি, হিমুকে চিনবেন কী করে? পড়লে নির্ঘাত বাংলাদেশের পুলিশসদস্যদের মতো মাথা চুলকে বলতেন, ‘ছেড়ে দাও, ছেড়ে দাও, ও একটা ভ্যাগাবন্ড! ওকে ধরে রেখে লাভ নেই।’

উনত্রিশ বছর বয়সী মাইকেল হার্প বাস করেন যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি রাজ্যে। তিনি যে কাণ্ড করেছেন তা শোনার পর আপনার মনে নিশ্চিত এই প্রশ্নটাই প্রথমে জাগবে, হার্পের সঙ্গে ​কি হিমুর পরিচয় আছে? সে প্রশ্নের উত্তর জানার অবশ্য সুযোগ নেই। তবে হার্পের কর্মকাণ্ডের মধ্যে হিমুগিরি স্পষ্ট।

হার্প করেছেন কী, তা-ই শুনুন এবার।

ক্যান্টাকির এই যুবককে পুলিশ আটক করেছিল গত মঙ্গলবার সন্ধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক সুরিখানা থেকে ৩৬ ডলার মেরে দিয়েছেন! খুবই মামুলি ঘটনা। ক্যাপ্টেন কোই উইলসন তাঁকে ক্যান্টাকির হাজতখানায় তালাবদ্ধ করার পর গরাদের ফাঁক দিয়ে তাকিয়ে দেখলেন সুয্যি নামছে পাটে। একটু পরেই ঘনিয়ে উঠবে আঁধার।

কিন্তু খানিকবাদে এক আকস্মিক ঘটনায় ঝলমলিয়ে উঠল ক্যান্টাকি থানা প্রাঙ্গণ। বলা নেই-কওয়া নেই হঠাৎ করেই পাঁচ-পাঁচটি পিৎ​জা নিয়ে হাজির ডমিনাস পিৎ​জার এক বিক্রয়কর্মী! ক্যাপ্টেন কোই উইলসন চোখ কপালে তুলে বললেন, এই অসময়ে আবার পিৎ​জার অর্ডার করল কে?

বিক্রয়কর্মী বললেন, ‘একটু আগে তো স্যার আপনিই ফোনে অর্ডার করলেন!’

ক্যাপ্টেনের চোখ এবার কপাল থেকে বোধ হয় মাথাতেই উঠে গেল! বলে কী এই লোকটা! পিৎ​জা? অর্ডার?

একটু দম নিয়ে মাথা ঠান্ডা করলেন ক্যাপ্টেন। তারপর যে ফোন নম্বর থেকে পিৎ​জার অর্ডার করা হয়েছে সেই নম্বর ট্র্যাক করে খুঁজে বের করলেন পিৎ​জা অর্ডারকারীকে। ওমা, এ যে মাইকেল হার্প! একটু আগে যাঁকে আটক করেছেন ক্যাপ্টেন!

হার্পের বিরুদ্ধে অভিযোগ এবার আর মামুলি থাকল না। চুরির অভিযোগ তো আগেই ছিল, এবার তার সঙ্গে যুক্ত হলো পুলিশের পরিচয় জালিয়াতির অভিযোগ। হ্যাঁ, মাইকেল হার্প ক্যাপ্টেন কোই উইলসনের পরিচয় দিয়েই পিৎ​জার অর্ডারটা দিয়েছিলেন! এ নিয়ে অবশ্য খুব একটা উচ্চবাচ্য নেই হার্পের। পুলিশকে সমঝে চলার ব্যাপারটা আসলে হিমুদের মধ্যে নেই। ‘পুলিশ ছুঁলে ছত্রিশ ঘা’ জানার পরও তারা পুলিশের সঙ্গে মজা করতে ছাড়ে না।

মারুফ ইসলাম

সূত্র: ডেইলি মেইল, অরেঞ্জ নিউজ