আম্মাকে খুব মনে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার আম্মা, লুৎফুন্নেসা বেগমকে হারিয়েছি পাঁচ বছরের কিছু বেশি সময় হয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো ঘটনায়, কোনো না কোনো কারণে যখন-তখন আম্মাকে মনে পড়ে।আম্মাকে নিয়ে কত না স্মৃতি, কত না কথা। সেই ছোট্ট স্কুল-বেলা, সেই কৈশোরে কলেজ-বেলা, দুরন্ত সেই ষাটের দশকের বিশ্ববিদ্যালয়-জীবনের দিনগুলোর কথা। তারপর সেই রাজনীতি আর সাংবাদিকতার জীবনের দিনগুলোতে কত না সাহায্য পেয়েছি আর কষ্ট দিয়েছি আম্মাকে।শিশুকাল থেকেই আমরা বংশালে থেকেছি প্রায় ২৫ বছর। আব্বা-আম্মা ও আমাদের নয় ভাইবোনের বাইরেও চাচা, মামা, খালা, ফুফা এবং তাঁদের ছেলেমেয়েরা বছরের বেশির ভাগ সময় আমাদের বাড়িতে থাকত। আম্মা প্রত্যেককে ভাইবোন কিংবা সন্তানতুল্য দেখভাল করতেন। আমাদের আর্থিক অবস্থা খুব বেশি সচ্ছল ছিল না। তার পরও আম্মা হাসিমুখে সব পরিস্থিতি সামাল দিয়েছেন। কঠোর পরিশ্রম করে আমাদের লেখাপড়া নিশ্চিত করেছেন। খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবাইকে উৎসাহ জুগিয়েছেন।লালমাটিয়ার বাসায় আমরা দীর্ঘদিন থেকেছি, এখনো থাকি। আমাদের সবার বড় ভাই প্রকৌশলী হওয়ার কয়েক মাসের মধ্যে মারা যান। মায়ের নামের সঙ্গে মিলিয়ে তাঁর নাম রাখা হয়েছিল লুৎফর রহমান। তাঁর স্মৃতি কখনো ভোলেননি মা। বড় ভাইয়ের কবরে অন্তিম শয়ানে শায়িত হন মা।ছাত্ররাজনীতি ও রাজনৈতিক জীবনে অনেক নেতা-কর্মী, ছাত্রছাত্রী আমাদের বাড়িতে এসেছেন, কখনো কখনো দিনের পর দিন থেকেছেন। এসবের ব্যাপারে মায়ের সার্বক্ষণিক সহযোগিতা ছিল। বাবা ছিলেন এসবের বিরোধী। আম্মা নানাভাবে সবকিছু সামাল দিতেন।আমাদের রণেশদা, রণেশ দাশগুপ্ত বিভিন্ন সময়ে আমাদের বাড়িতে এসেছেন। শ্রদ্ধেয় জ্ঞান চক্রবর্তী, অনিল চক্রবর্তী, মোহাম্মদ ফরহাদসহ আরও অনেকের আমাদের বাড়িতে আসা-যাওয়ার সূত্রে মায়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। পশতু কবি আজমল খাটাক আর ঢাকার কবি শামসুর রাহমানেরও মায়ের সঙ্গে চেনাজানা ছিল। আম্মা এঁদের আপ্যায়িত করে, আদর-যত্ন করে আনন্দ উপভোগ করতেন। এখনো খুব মনে পড়ে মাকে ঘিরে কলকাতার স্মৃতি। ২০০২ সালে মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। অবশ্য তার চেয়ে বেশি আগ্রহ ছিল কয়েকটি দিন একসঙ্গে কাটানো। কলকাতা ছিল মায়ের স্মৃতির শহর। আমার জন্ম ওখানে।মনে পড়ে, মাকে নিয়ে কলকাতার নানা স্থানে ঘুরেছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলীপুরের চিড়িয়াখানা, মিউজিয়ামসহ নানা জায়গায়। আম্মা খুব বেশি সুস্থ ছিলেন না। কিন্তু প্রতিটি স্থানে তিনি আনন্দ নিয়ে উৎসাহের সঙ্গে ঘুরেছেন। বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পরের কথা, আমার জন্মের সময়ের কথা। আরও বলেছেন, যুদ্ধের বোমাবর্ষণের মধ্যে আমাদের নিয়ে কলকাতা থেকে ঢাকা হয়ে গ্রামের বাড়ি কাপাসিয়ায় ফিরে যাওয়ার কথা।আম্মা কবিতা আবৃত্তি করতেন। গান শুনতেন, নাটক, সিনেমা দেখতেন। শেষ বয়সে এসেও এসবে আগ্রহ ছিল।আম্মা সব সময় শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়ি ঘুরে দেখার স্বপ্নের কথা বলতেন। সেই স্বপ্ন পূরণের জন্য মাকে নিয়ে সেখানে গিয়েছিলাম। মনে আছে, কলকাতায় কয়েকটা দিন আমি ও আম্মা একই বিছানায় ঘুমিয়েছি। ঢাকায় ফিরে আসার আগের রাতে আম্মা আমার হাত ধরে বুকের কাছে টেনে নেন। আদর করতে করতে বলেন, বাবা, তোমার সঙ্গে তো এমন সময় আর পাব না। ঢাকায় গিয়ে তোমাকে আর পাব না। তুমি ব্যস্ত হয়ে যাবে...সত্যি তা-ই হয়েছিল। ব্যস্ততা আর কাজের ভিড়ে ঢাকায় ফিরে আম্মাকে সময় দিইনি। আমরা যখন ধানমন্ডির ২৮ নম্বরে থাকতাম, তখন আম্মা থাকতেন বড় ভাইয়ের বাসায়। সকালে উঠে বারান্দায় বসতেন। আমি হাঁটতে যেতাম সকালে। যাওয়া-আসার পথে আম্মা হাত নেড়ে ডাকতেন। কোনো দিন যেতাম, কোনো দিন না। এত কাছাকাছি থেকেও মায়ের সঙ্গে নিয়মিত দেখা হতো না। আম্মা কত দুঃখ-কষ্টই না পেয়েছেন। আজ তা মনে হলে চোখ ভিজে যায়।একবার আমি ও মালেকা আম্মাকে নিয়ে কলকাতা, দিল্লি, জয়পুর ও আজমির শরিফ গিয়েছিলাম। দিল্লিতে আম্মার সঙ্গে বিশিষ্ট নেত্রী অরুণা আসফ আলী, রেণু চক্রবর্তী এবং কলকাতায় লেখিকা আশাপূর্ণা দেবী, প্রতিভা বসু, রাজনৈতিক নেত্রী ইলা মিত্র, বাণী দাশ গুপ্ত প্রমুখের দেখা হয়েছিল। আম্মা এঁদের গল্প বলতেন খুব খুশি হয়ে।স্রোতের পক্ষে-বিপক্ষে দুভাবেই বহমান ছিল আমাদের জীবন। পরষ্পরবিরোধী শিক্ষা-সংস্কৃতি, চেতনা, ব্যক্তিগত অনুভব, বিশ্বাস, পড়াশোনা প্রভৃতি কারণে আমাদের পরিবারে দ্বন্দ্ব ছিল, ছিল দুই ধারার সংস্কৃতি; যার একটির নিয়ন্ত্রক ছিলেন আমার বাবা। বাবা চেয়েছিলেন আমাদের ভাইদের মাদ্রাসায় পড়াতে। আর বোনদের উচ্চশিক্ষা গ্রহণ না করাতে। আম্মা একক প্রচেষ্টায় সেই বাধা অতিক্রম করেন। আমাদের নয় ভাইবোনের আজ পর্যন্ত যত অর্জন; প্রত্যেকের শিক্ষা-দীক্ষা ও যোগ্যতার বিকাশে আমাদের মায়ের অবদান অনেক। অবশ্য এ কথা বলে আমাদের বাবার অবদানকে কোনোভাবেই খাটো করতে চাই না। তবে আমাদের প্রত্যেকের আজকের অবস্থানের পেছনে সবার আগে আম্মার সহযোগিতার কথা স্মরণ করতে হয়। আসলে আমার মায়ের নিজের লেখাপড়ার ইচ্ছে ছিল প্রবল। সে ইচ্ছা তাঁর পূরণ হয়নি। তাই নিজের সন্তানদের বিশেষত নিজের মেয়েদের সর্বস্বপণ করে লেখাপড়া শিখিয়ে, সংস্কৃতিমনস্ক হতে সাহায্য করে মা সে ইচ্ছাই যেন পূরণ করতে চেয়েছেন সারা জীবন।এভাবে চলতে চলতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি আম্মা আমাদের ছেড়ে চলে যান। মৃত্যুর বেশ কদিন আগে থেকেই বারডেমে অচেতন অবস্থায় ছিলেন। শেষ দিন দুপুরে হাসপাতালে মায়ের কাছে দাঁড়িয়ে ‘আম্মা’ ‘আম্মা’ বলে ডেকেছিলাম। আম্মা সেদিন আমার ডাকে সাড়া দিয়েছিলেন, নড়ে উঠেছিলেন। মায়ের সঙ্গে সেটাই আমার শেষ কথা, ‘আম্মা’ ‘আম্মা’ বলে শেষ ডাক।এখন মনে হয়, আমাদের আট ভাইবোনের আরও একটু বেশি মায়ের পাশে থাকা উচিত ছিল। আরও একটু বেশি খোঁজখবর নেওয়া, হাসি-খুশি রাখা। আম্মার ইচ্ছা পূরণে এগিয়ে যাওয়া দরকার ছিল।আম্মা আমাদের মাঝে থাকুন আর না-ই থাকুন, আমরা সব ভাইবোন জীবনের সব ক্ষেত্রে, সব সময় মায়ের অবদানকে সশ্রদ্ধচিত্তে স্বীকার করি, স্মরণ করি। আম্মাকে বারবার মনে করি।