আম্মার অ্যাপ্রন আর স্টেথোস্কোপ নিয়ে খেলতে খেলতে আজ মেডিকেলে

আমাদের ছোট-বড় স্বপ্ন পূরণে ছায়ার মতো পাশে থাকেন মা। কখনো কখনো মায়ের অনুপ্রেরণাতেই আমরা স্বপ্নের ক্যাম্পাসে পা রাখি, পছন্দের পেশা বেছে নিই কিংবা শুরু করি সাহসী কোনো উদ্যোগ। কিন্তু স্বপ্নপূরণের সঙ্গী, মাকে ধন্যবাদ দেওয়া হয়ে ওঠে না। আজ মা দিবস উপলক্ষে তাই মায়ের কাছে খোলা চিঠি নিয়ে বিশেষ আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে লেখক

মা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা খুব মধুর বললে ভুল হবে। টক-মিষ্টি সম্পর্ক বলা যায়। কিংবা বলা যায় টম আর জেরির মতো। কিন্তু সত্যি বলতে কি আম্মা, তুমি আমার কাছে পুরো একটা পৃথিবী। আমি সারা দিন যা-ই করি না কেন, তোমার কথা মাথা থেকে যায় না।

তুমি ভয়ানক ব্যস্ত থাকো। হাসপাতাল, বাসা, সব সামলে কীভাবে চাঙা থাকো, আমি ভেবে পাই না। এত ব্যস্ততার মধ্যেও আমার কী প্রয়োজন, কখনো ভুলে যাও না। দেখতে দেখতে মেডিকেল কলেজের শেষ বর্ষে পৌঁছে গেছি। কদিন পর হয়তো ডাক্তার হয়ে বেরও হয়ে যাব। কিন্তু আমার অনুপ্রেরণা তো তোমার কাছ থেকেই পাওয়া। তোমার অ্যাপ্রন আর স্টেথোস্কোপ নিয়ে খেলতে খেলতেই আজ হয়তো ডাক্তার হয়ে যাচ্ছি।

ছোটবেলার সেই খেলা সহজ ছিল। কিন্তু এখনকার বাস্তবতা খুব কঠিন। কতবার হোঁচট খেয়েছি! আম্মা, তুমি না থাকলে, শক্ত করে না ধরলে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। আমি আমার জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছি; ঠিক হোক বা ভুল, তুমি পাশে ছিলে। মেডিকেলের পরীক্ষাগুলো কখনো মনে হয়েছে পড়ালেখার, কখনো জীবনের। তবু যতবার হোঁচট খেয়েছি, তুমি ধরে উঠিয়েছ।

খুব ছোটবেলায় আমাকে নৌকা আঁকতে দেখে তোমার মনে হয়েছিল, ছবি আঁকাটা আমাকে দিয়ে হবে। ভর্তি করিয়ে দিয়েছিলে শিশু একাডেমিতে। তোমার উৎসাহেই আমার ছবি আঁকা শেখা। ছবি এঁকে পুরস্কার না পেলে মন খারাপ হতো। তুমি বলতে, ‘নিজের জন্য আঁকো।’ ছোট্ট একটা প্রতিযোগিতায় পেনসিল স্কেচ করে প্রথম পুরস্কার হিসেবে একটা কলম পেয়েছিল। সেই থেকে বেড়েছে আমার পুরস্কারের ঝুলি। এখন ‘আর্ট অ্যাটাক’ নামে আমার একটা ছবি আঁকার ফেসবুক পেজও আছে। হয়তো খুব ভালো আঁকি না। কিন্তু তোমার কথাটা আমি মনে রেখেছি, ‘নিজের জন্য আঁকো।

স্বপ্ন দেখি, ডাক্তার হয়ে একদিন তোমার সঙ্গে কাজ করব। তত দিন আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখেন।