আম্রপালির সুবাসে মন ভরে যায়
খাগড়াছড়ির সবখানে আম্রপালির ম-ম গন্ধ। এ আমের স্বাদ অনন্য। এখানকার আম উৎপাদনকারী ব্যবসায়ীরা গর্ব করে বলেন, ‘রাসায়নিক দ্রব্য মুক্ত আম আমরাই বিক্রি করি। এ জন্যই জেলার বাইরেও এ আমের চাহিদা বেশ।’ আম পাকার পর বাগানিরা শহরের বিভিন্ন জায়গায় দোকান ভাড়া নিয়ে বিক্রি শুরু করেছেন। আবার অনেকে শহরের কেন্দ্রবিন্দু মুক্তমঞ্চের চারপাশে বসেই খুচরা বিক্রি করছেন। খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া সড়কে এমন একটি আমের দোকান ‘হিল ম্যাংগো কর্নার’। এ দোকানে আম বিক্রি করছেন পাইসু মারমা। তিনি জানান, তাঁদের তিনটি বাগানে ৯০০টি গাছ। গত ১৩ জুন থেকে এ পর্যন্ত আট মেট্রিকটনের বেশি আম বিক্রি হয়েছে। পাইসু মারমা বলেন, তাঁদের বাগানে আম্রপালি, মল্লিকা, মহানন্দ, রাংগুই (বার্মা জাতের আম), ল্যাংড়া জাতের আম রয়েছে। তিনি আম বিক্রি করছেন প্রতি কেজি ৫০-৬০ টাকা দরে।দোকানে আম কিনতে আসা চাঁদপুরের আসাদুজ্জামান রিপন বলেন, ‘খাগড়াছড়িতে এসে আম্রপালি আম খেলাম। খুবই ভালো। আর সবচেয়ে ভালো লাগছে এ আম রাসায়নিক দ্রব্য মুক্ত। তাই আম কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি।’খাগড়াছড়ি বাজারের ফলব্যবসায়ী মজনু মিয়া জানান, ‘খাগড়াছড়ির স্থানীয়ভাবে উৎপাদিত আম শেষ না হওয়া পর্যন্ত আমরা বাইরে থেকে আম আনি না। স্থানীয় আম দামে সস্তা ও রাসায়নিক দ্রব্য মুক্ত। তাই ক্রেতাদের কাছে স্থানীয় আমের চাহিদা বেশি।’ খাগড়াছড়ি সদরের চাইহ্লাউপাড়ার আমবাগানের মালিক সানু মং মারমা বলেন, ‘বাগানের আম পাকতে শুরু করলে মাসখানের মধ্যে বিক্রি শেষ করতে হয়। এখানে কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই। তাই কম মূল্যে হলেও আম বিক্রি করে দিই।’ তিনি খাগড়াছড়িতে কাঁচা ফল সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপনের দাবি জানান।খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে জানা যায়, এ বছর খাগড়াছড়ি জেলায় আমের ফলন আশা করা হচ্ছে ১৬ হাজার ৮০০ মেট্রিকটন। আবহাওয়া অনুকূল থাকায় আমের ফলন ভালো হয়েছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ভবতোষ সরকার।