আর দেরি নয়, আজই দাওয়াত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশ থেকে ভালো মানুষ টপাটপ উঠে যাচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে গুগলে সার্চ দিয়েও ভালো মানুষ পাওয়া যায় না। এ রকম পরিস্থিতিতে কেউ যদি ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিতি পেয়ে যায়, তাহলে কী দারুণ একটা ব্যাপারই না হবে! অথচ একটু বু্দ্ধি খাটালেই বিনা পরিশ্রমে ভালো মানুষ হওয়া যায়। ভাবছেন কীভাবে? খুবই সোজা, মানুষকে দাওয়াত দিয়ে। অতিথিপরায়ণ জাতি হিসেবে সারা বিশ্বেই আমাদের খ্যাতি রয়েছে। শুধু মানুষ নয়, পাখিরাও আমাদের দেশে অতিথি হয়ে এসে ভালোবেসে এখানেই থেকে যায়। দাওয়াত দেওয়াটা আমাদের ঐতিহ্য। কারও কাছ থেকে দাওয়াত পেলে তাঁর সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে যায়। মনে হয়, ‘আহা, উনি কত ভালো মানুষ, আমাকে দাওয়াত করেছেন।’ আর দাওয়াত না দিলে মনে হয়, ‘হোয়াট! এত বড় সাহস? আমার পেছনের বাড়ির ড্রাইভার দাওয়াত পেল, আর আমি পেলাম না? এত বড় অপমান?’ তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ নিজেই শান্তিতে খেতে পায় না, অন্যকে দাওয়াত দেবে কীভাবে? কিন্তু কী আর করা? জনপ্রিয়তার জন্য একটু কষ্ট তো করতেই হবে। অর্থা ৎ দাওয়াত দিতে হবে মাথা খাটিয়ে। এমন কাউকে দাওয়াত দিতে হবে, যিনি কখনোই আসতে রাজি হবেন না। প্রয়োজনে একটু খোঁজখবরও নিতে হতে পারে। অফিসের বসকে সন্তুষ্ট করতে পারছেন না বলে প্রমোশন হচ্ছে না? যেদিন গুরুত্বপূর্ণ কোনো স্থানে বসের দাওয়াত আছে, ঠিক সেদিনই বসকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান। এতে বস খুশি হবেন, গুরুত্বপূর্ণ কাজ ফেলে দাওয়াতও কবুল করতে পারবেন না, আবার কলিগ মহলে আপনার মর্যাদাও বৃদ্ধি পাবে। অর্থা ৎ এক ঢিলে দুই বা ততোধিক পাখি মারতে পারবেন। এভাবে শুধু অফিসের বস কেন, চাইলে যে কাউকেই আপনি দাওয়াত করতে পারেন। সবাই ভাববে, আহা, লোকটা কত ভালো, নিয়মিত মানুষকে দাওয়াত দেয়! এলাকায় আপনাকে নিয়ে আলোচনা হবে, ‘জানেন, অমুক সাহেব খুবই ভালো মানুষ। আমাকে বারবার তাঁর বাসায় যেতে বলেছিল। কিন্তু সেদিন আবার আমার ছোট শ্যালিকার বান্ধবীর বড় ভাইয়ের গার্লফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল বলে যেতে পারলাম না!’ তবে অন্য সবকিছুর মতো দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে, সবকিছু তুচ্ছ করে দাওয়াত কবুল করে বসবে এমন কাউকে দাওয়াত না দেওয়াই ভালো। তাই দেশের স্বার্থে সবাই দাওয়াত দিন, ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করুন!