প্রযুক্তিতে দক্ষ জনশক্তি সৃষ্টিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রোবট গবেষণা–বিষয়ক সংগঠন রোব মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন (আরএমএ) শুরু করেছে ‘কোড ফেস্ট’ শিরোনামের কর্মসূচি। এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রযুক্তি–বিষয়ক ভীতি দূর করা এবং উচ্চমাধ্যমিক পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আইসিটি পাঠ্যবইয়ের বিষয়গুলোর বাস্তবে সুষ্ঠু প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া।
১০ সেপ্টেম্বর চুয়েট কলেজের শিক্ষার্থীদের নিয়ে হয়েছে এই কর্মসূচি। ওই দিন শিক্ষার্থীদের সামনে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় প্রযুক্তির বিভিন্ন মাধ্যমের ব্যবহার পদ্ধতি, সুবিধা ও অসুবিধা। দেখানো হয় বিশ্বসেরা প্রযুক্তিবিদদের বিভিন্ন আবিষ্কারের স্থিরচিত্র।
আরএমএ এর উপদেষ্টা অর্ণব পাল বলেন, ‘প্রযুক্তির ব্যবহারের প্রতি বাংলাদেশের শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও রয়েছে দক্ষতার অভাব এবং প্রযুক্তি–বিষয়ক পড়ালেখায় কিছুটা ভীতি। এসব কারণে তথ্যপ্রযুক্তির এ যুগেও দেশের শিক্ষার্থীরা প্রযুক্তির যথার্থ সুবিধা ভোগ করার দিক দিয়ে পিছিয়ে আছে। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে আরও আগ্রহী ও দক্ষ করে তুলতেই আমাদের এ আয়োজন।’