আর নয় অপচয়
পরাগ আর সোহেল ভাই আমার দিকে কেমন চোখে যেন তাকিয়ে আছে। অবশ্য তাকানোরই কথা। এই তো কিছুদিন আগেও আমি ঘরের পাখা, বাতি—এসব বন্ধ না করেই বেশির ভাগ সময় বাইরে চলে যেতাম। আর এখন অন্য কেউ এ কাজ করলেই আমি উল্টো তাদের সঙ্গে ঝগড়া বাধিয়ে দিই। হ্যাঁ, অবাক তো হওয়ারই কথা। পাশের ঘরের মতিন ও মাসুম এসে দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল, ‘আচ্ছা ভাই, বলুন তো, আপনি আগে যে পরিমাণ পানি নষ্ট করতেন, এখন আপনি আমাদের পানি ব্যবহারে সংযমী হওয়ার সবকই দিচ্ছেন না, বরং বাধ্য করছেন। আপনার এমন আচরণে আমরা শঙ্কিত, কারণ যেকোনো সময় আপনি যদি হলের কোনো নেতাকে পানি ব্যবহারে সংযমী হওয়ার সবক দেন, তাহলে সে কিন্তু আপনাকেই উল্টো সাত ঘাটের পানি খাওয়াবে।’ তাদের এ কথায় আজ আমি দমে গেলাম না, বরং একটু বেশ তেজ নিয়েই বললাম, যে দেশের সম্পদ ব্যবহারে মিতব্যয়ী নয়, তার নেতা হওয়ার যোগ্যতা নেই। ওরা হয়তো মজাই পাচ্ছিল আমার এই আকস্মিক উত্তেজনায়। কিন্তু আমার তো পিছিয়ে গেলে চলবে না। হাইস্কুল-জীবনে প্রতিদিন কয়েক লাইনের শপথবাক্য পড়াতেন কালাম স্যার, কিন্তু তা শুধু একরকম পড়ার মতোই মনে হতো। অন্তরের মধ্যে গাঁথেনি। আর সেদিন পাবলিক লাইব্রেরির সামনে প্রথম আলোর উদ্যোগে শপথের ব্যানারে আমি কী লিখব, কী শপথ করব, এমন সময় লিখলাম, ‘জীবনে আর কোনো দিন পানি ও বিদ্যুত্ অপচয় করব না।’ এর পর থেকে নিজে পানি ও বিদ্যুতের কোনোরূপ অপচয় করিনি, বরং অন্য কেউ করলে আমি প্রথম প্রথম স্বাভাবিকভাবে বুঝিয়ে বলতাম, কিন্তু কয়েক দিন হলো কেমন যেন রাগ হয়। আমার তখন মনে হয়, এক দিন বা দুই দিন পানি ছাড়া রাখলে ওরা বুঝবে, পানি কত মূল্যবান।কয়েক দিন পর আমি সুফল পেলাম। অবাক আর আনন্দিত হয়ে দেখলাম, পরাগ ভাই, সোহেল ভাই, মাসুম, মতিন—সবাই আর ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখে না। অকারণে আলো জ্বালায় না। তাদের এই সচেতনতা দেখে আমার চোখে পানি এসে যাওয়ার জোগাড়। মো. আল-আমিনবঙ্গবন্ধু হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।