‘আমাদের অসচেতনতার কারণে সুন্দর ছড়াটা শুকিয়ে যেতে বসেছিল। তাই কলেজ পড়ুয়া দুই ছেলের পড়াশোনাসহ পরিবারের ভরণ-পোষণে অনেক কষ্ট হলেও লাভজনক পাথরের ব্যবসা ছেড়ে দিয়েছি। এখন নিজের জায়গায় গাছ রোপণ করছি।’ গত শুক্রবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে বসে স্থানীয় লোকজনের সামনে প্রথম আলোর কাছে এ কথা বলছিলেন সাপছড়ি পাড়ার নীরুমোহন তঞ্চঙ্গ্যা (৪৮)। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশবিরোধী পাথর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শুধু নীরুমোহন তঞ্চঙ্গ্যা নন। সাপছড়ি এলাকাসহ ওয়াগ্গা ইউনিয়নের আরও অনেকে পাথর আহরণ, বনের গাছ বিক্রিসহ পরিবেশবিরোধী নানা কাজে যুক্ত ছিলেন। কিন্তু নিজেদের ভুল বুঝতে পেরে সবাই এখন এসব কাজ থেকে সরে এসে নানা মৌসুমি ফসল উত্পাদন ও বাগান সৃজনের দিকে মনোযোগ দিয়েছেন।এলাকার গ্রামপ্রধান তেজেন্দ্র লাল কার্বারি (৭৫) জানান, পাকিস্তানআমলে সাপছড়ি ছড়া থেকে পাথর নিয়ে যাওয়া শুরু হয়। কয়েক বছর আগেও তা চলছিল। এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে বড় বড় গাছ কেটে বন উজাড় করতেন। ফলে দুই দিকের পাহাড় ভেঙে পানির উত্সগুলো বন্ধ হতে শুরু করে। পাশাপাশি ছড়ার মাঝখানে পানি ধারণের যে বড় ও গভীর গর্ত ছিল সেগুলোও ভরাট হয়ে যায়। শুষ্ক মৌসুমে দেখা দেয় পানিসংকট। সবার সামনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি ফুটে ওঠে। এ অবস্থায় কয়েক বছর আগে পাশাপাশি পাঁচপাড়ার লোকজন মিলে ছড়ার পানির উত্স ঠিক রাখতে বন সৃজন ও রক্ষা এবং পাথর আহরণ বন্ধের সিদ্ধান্ত নেন।এলাকাবাসী জানান, তাঁদের উদ্যোগের কথা জেনে স্থানীয় বেসরকারি সংস্থা হিল ফ্লাওয়ার ও আরণ্যক ফাউন্ডেশন বন ও পরিবেশ রক্ষায় আর্থিক ও কারিগরি সহায়তা দিতে এগিয়ে আসে। সংস্থা দুটি এ পর্যন্ত ১২ হাজারের বেশি ফলদ এবং দেশীয় প্রজাতির বনজ ও ওষুধি গাছের ছাড়া বিনা মূল্যে দিয়েছে। হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক নীলু কুমার তঞ্চঙ্গ্যা জানান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, টোকিও বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞানের একজন অধ্যাপক ও ইউএসএইডের কান্ট্রি ডিরেক্টর সরেজমিনে দেখতে সাপছড়ি এলাকা সফর করেছেন। এলাকাবাসী যাতে বন ও পাথর আহরণের ওপর নির্ভরশীল হয়ে না থাকেন সে জন্য চারটি সমিতি করে দেওয়া হয়েছে। প্রতিটি সমিতিকে অফেরতযোগ্য দুলাখ টাকা করে সঞ্চয় দেওয়া হয়েছে। তাঁরা প্রয়োজনে স্বল্পসুদে সেখান থেকে ঋণ নিতে পারেন। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসু চাইন মারমা বলেন, সাপছড়ি এলাকার লোকজন বন ও পরিবেশ রক্ষায় যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। যেসব এলাকায় ঝরনা-ছড়া শুকিয়ে গেছে সেসব এলাকার লোকজন সাপছড়ি মডেল অনুসরণ করতে পারেন বলে তিনি মত দেন। সরেজমিনে দেখা গেছে, ওয়াগ্গা ইউনিয়নে চার নম্বর ওয়ার্ডের ঘাগড়া বড়ইছড়ি সড়কের পাশে সাপছড়ি এলাকা। এর পূর্বপাশে বিশাল পাহাড় থেকে সৃষ্টি হয়েছে একটি ছড়া। ছড়ার নামে গড়ে উঠেছে দুটি গ্রাম; সাপছড়ি ও সাপছড়ি মইনপাড়া। পাশাপাশি রয়েছে আরও তিনটি পাড়া—টিপিরেপাড়া, হাতিমারা ও তম্বুপাড়া। পাঁচ গ্রামে রয়েছে ২০৬ পরিবার। এসব পরিবারে পানির প্রধান উত্স পাহাড়ি ছড়া। ছড়ার মূল স্রোতের সঙ্গে মিশেছে আরও কমপক্ষে পাঁচটি ছোট ছোট পানির উত্স। সাপছড়ি ও সাপছড়ি মইনপাড়ার প্রধান তেজেন্দ্র লাল কার্বারি ও ইন্দ্রলাল কার্বারি (৬৩) জানান, ১৯৬০ সাল থেকে পাথর আহরণ শুরু হয়। কিন্তু পাঁচ-সাত বছর ধরে শুষ্ক মৌসুমে ছড়ায় পানিসংকট দেখা দেয়। এ অবস্থায় আশপাশের গ্রামের লোকজন মিলে পাথর আহরণ বন্ধের সিদ্ধান্ত নেন। অন্য এলাকা থেকে বেশ কিছু ব্যবসায়ী টাকার বিনিময়ে পাথর আহরণের প্রস্তাব দিলেও তা নাকচ করা হয়। একই সময় ছড়ার পাশের কারও বন্দোবস্ত বাগান থাকলেও সেগুলো না কাটার এবং সবাইকে পাহাড়ে বনজ ও ফলদ গাছ রোপণের অনুরোধ জানানো হয়। ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহিনী তঞ্চঙ্গ্যা (৫৬) জানান, এলাকার মাটি পাথুরে হওয়ায় এখানে নলকূপ বসানো বা আধুনিক প্রক্রিয়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা অধিকাংশ জায়গায় সম্ভব হয় না। তাই অধিকাংশ মানুষ ধোয়ামোছা ও দৈনন্দিন পরিষ্কার পরিচ্ছন্নতাসহ পানীয়জলের জন্য সাপছড়ি ছড়ার পানির ওপর নির্ভরশীল। সাপছড়ি মইনপাড়ার রবিমালা তঞ্চঙ্গ্যা (৭৫) বলেন, প্রায় ৬০ বছর আগে আমি বউ হয়ে এখানে এসেছিলাম। তখন পুরো এলাকাটি ছিল গভীর জঙ্গলে ঢাকা। ছড়ায় পানির স্রোত ছিল এখনকার বর্ষার চেয়ে বেশি। এখন শুষ্ক মৌসুমে গোসল সারতে অনেক সময় লাগে।