আর নয় পারিবারিক বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলা না করেও আইনি ব্যবস্থার মাধ্যমে পারিবারিক বিরোধ মেটানো সম্ভব। ছবিটি প্রতীকী—ছবি: অধুনা
মামলা না করেও আইনি ব্যবস্থার মাধ্যমে পারিবারিক বিরোধ মেটানো সম্ভব। ছবিটি প্রতীকী—ছবি: অধুনা

পরিবারের মধ্যে নানা কারণে বিরোধ দেখা দিতে পারে। একান্ত ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে সম্পত্তির দেনা-পাওনা। বিরোধ হয়েছে ব্যস, করে ফেললাম মামলা। কিন্তু মামলা-মোকদ্দমার পথ যে এতটা মসৃণ নয়, তা আগে থেকে অনেকে বুঝতে পারেন না। অথচ একটু সচেতন হলে এবং আন্তরিক হলে পারিবারিক বিষয়গুলো নিজেরাই মিটিয়ে ফেলতে পারেন অনায়াসে। এ জন্য শুধু দরকার নিজেদের মধ্যে সদ্ভাব, সদিচ্ছা এবং যার যার অবস্থানের ক্ষেত্রে দায়িত্ববান হওয়া। যে বিষয়গুলো নিজেরা সহজেই মিটমাট করে ফেলতে পারেন, তা নিয়ে অযথাই কেন মামলা-মোকদ্দমা করতে যাবেন। মামলা না করেও আইনি উপায়ে বিরোধের মীমাংসা করা যায়।
এ জন্য একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন। আইনজীবীর কাছে গেলেই যে মামলা করতে হবে, তা তো নয়। যে বিষয়ে আপনি জানেন, সেটি সম্পর্কে সঠিক তথ্য ও পরামর্শ পাবেন তাঁর কাছে।
মামলা-মোকদ্দমা হলেও করা যায় মীমাংসা
কোনো বিষয় নিয়ে মামলা-মোকদ্দমা হলে তা চলাকালীন অবস্থায় আপস-মীমাংসা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলার সুযোগ রয়েছে। বিশেষ করে সব ধরনের দেওয়ানি প্রকৃতির মোকদ্দমায়। বর্তমান আইনে এই আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। দুই পক্ষ আদালতে হাজির হওয়ার পরে আদালতের অনুমতিক্রমে আদালতের বাইরে বা আদালতের সহায়তাই পক্ষরা আপস-মীমাংসার মাধ্যমে বিরোধটি মিটিয়ে ফেলতে পারেন। এমনকি আপিলে গেলেও এই সুযোগ রয়েছে। একে বিকল্প বিরোধ নিষ্পত্তি বলা হয়। এ ছাড়া দেওয়ানি কার্যবিধিতে সমঝোতার মাধ্যমে আদালত থেকে ডিক্রি নেওয়ার বিধানও রয়েছে। পারিবারিক আদালতে প্রথমে বিচার শুরু হওয়ার আগে একবার এবং রায় ঘোষণার আগে দ্বিতীয়বার আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিধান আছে। দেনমোহর, ভরণপোষণ, তালাক, নাবালকের অভিভাবকত্ব এবং দাম্পত্য অধিকার পুনরুদ্ধার প্রভৃতি বিষয় নিষ্পত্তি হয় পারিবারিক আদালতে। আদালতের খাস কামরায় দুই পক্ষের উপস্থিতিতে এই আপস-মীমাংসা করা হয়। বিরোধীয় বিষয়গুলো নিয়ে বিচারকের সামনে নিজেরা খোলাখুলি কথা বলে যার যা প্রাপ্য আছে, তা মিটিয়ে ফেললে অনেক ঝুট-ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। বিভিন্ন ফৌজদারি মামলাতেও আপসের সুযোগ রয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারায় এ সম্পর্কে বিস্তারিত বলা আছে। তবে গুরুতর অপরাধের ফৌজদারি মামলাগুলো আপস করা যায় না।

যে বিষয়ে মীমাংসা করা উচিত নয়
আমাদের দেশে প্রায় সময় দেখা যায় নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে নির্যাতিতা নারীটির পরিবারের সঙ্গে বিভিন্ন শর্তে অভিযুক্ত লোকটির পরিবার বিষয়টি মীমাংসা করে ফেলতে চায়। এমনও দেখা যায়, ধর্ষণের শিকার হওয়া মেয়েটির সঙ্গে ধর্ষকের বিয়ে দিয়ে বিষয়টি মিটমাট করা হয়। আবার অনেক সময় পারিবারিক নির্যাতনের শিকার হলে তাও বিভিন্নভাবে কৌশলে মিটমাট করা হয়। নারী নির্যাতনের কোনো ঘটনায় আপস-মীমাংসা করা উচিত নয়। এতে করে নির্যাতিতা যেমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়, তেমনি অপরাধের মাত্রা সমাজে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট