আর নয় মাতৃমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রসবজনিত জটিলতায় আর কোনো মায়ের যেন মৃত্যু না হয়, এটাই আমাদের প্রত্যাশা l ছবি: সুচিত্রা সরকার
প্রসবজনিত জটিলতায় আর কোনো মায়ের যেন মৃত্যু না হয়, এটাই আমাদের প্রত্যাশা l ছবি: সুচিত্রা সরকার

গত ৪ সেপ্টেম্বরের ঘটনা। বাগেরহাটের শরণখোলা উপজেলার থাদা গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষিকা রাশিদা সুলতানার (২৮) প্রসব বেদনা ওঠে। খবর দেওয়া হয় গ্রাম্য দাই রহিমা বেগমকে। কিন্তু স্বাভাবিকভাবে সন্তান প্রসব হচ্ছিল না। তখন রহিমা বেগম টেনে জোর করে বাচ্চা বের করেন, যার নিরাপদ সন্তান প্রসবের ওপর কোনো প্রশিক্ষণ ছিল না। এতে রাশিদার ব্যাপক রক্তক্ষরণ শুরু হয়। তখন তাঁকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার ১৫ মিনিটের মধ্যে মারা যান রাশিদা।
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত না হওয়ায় রাশিদার জীবনে এ করুণ পরিণতি ঘটেছে। শুধু রাশিদাই নন, গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসবোত্তর সেবা সম্পর্কে সচেতনতা না থাকায় বহু নারী এভাবে অকালে মৃত্যুবরণ করছেন। অথচ এই মৃত্যু প্রতিরোধযোগ্য।
নিরাপদ মাতৃত্ব বলতে বোঝায়, যেখানে একজন নারী নিজের সিদ্ধান্তে অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, যত্ন ও পুষ্টিকর খাবার পাবেন। যেমন—কমপক্ষে চারবার প্রসবপূর্ব চেকআপ, সন্তান প্রসবের সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ দাই (স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট বা মিডওয়াইফারি) দ্বারা সন্তান প্রসব এবং প্রসব-পরবর্তী সময়ে সঠিক পরিচর্যা। এরপরও যদি গর্ভকালে ও প্রসবকালে কোনো জটিলতা দেখা দেয়, প্রসব বাধাগ্রস্ত হয়, তবে তাঁকে জরুরি সেবার জন্য কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া। গর্ভধারণের সময় থেকে শুরু করে সন্তান প্রসবের ৪২ দিন পর্যন্ত অন্য কোনো দুর্ঘটনা ছাড়া কোনো নারীর মৃত্যুকে মাতৃমৃত্যু হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা ও মাতৃমৃত্যুর হার কমানোর ব্যাপারে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। কিন্তু আমাদের দেশে এখনো নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হয়নি। জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এখনো সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি এক লাখে ১৭০ জন মা মারা যাচ্ছেন। গত কয়েক দশকে অবশ্য বাংলাদেশে মাতৃমৃত্যুর হার ৬৬ শতাংশ হ্রাস পেয়েছে। ১৯৭৫ সালে লাখে ৬০০ জন এবং ১৯৯০ সালে ৫৭৪ জন মায়ের মৃত্যু হয়েছে। সরকার ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর এই হার ১৪৩-এ নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে।
বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, বাংলাদেশে মাতৃমৃত্যু বা মাতৃত্বজনিত অসুস্থতার বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে, বাড়িতে অদক্ষ দাইয়ের মাধ্যমে সন্তান প্রসব, মেয়েদের অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণ, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সময়ে সঠিক স্বাস্থ্য পরিচর্যা, যত্ন, পুষ্টির অভাব, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ না করা, অন্তঃসত্ত্বা মায়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন। এ ছাড়া স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সেবাসুবিধা না থাকা।
বাড়িতে অদক্ষ দাইয়ের মাধ্যমে সন্তান প্রসব: সম্প্রতি ইউএসএইড ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ইমপ্লিমেন্ট প্রোগ্রামের অর্থায়নে বাংলাদেশে একটি গবেষণা প্রকল্প পরিচালিত হয়। ওই গবেষণার ফলাফলে বলা হয়েছে, বাড়িতে সন্তান প্রসব ও প্রসবের সময় স্বাস্থ্যকর্মী বা দক্ষ ধাত্রী কাছে না থাকায় দেশে মাতৃমৃত্যু হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে হাসপাতালে প্রসবের হার মাত্র ২৯ শতাংশ। অন্তঃসত্ত্বা মায়েদের প্রসব-পূর্ব সেবা গ্রহণের হার মাত্র ২৬ শতাংশ, প্রসব-পরবর্তী সেবা গ্রহণের হার ২৭ শতাংশ। এই প্রসব-পরবর্তী সেবা গ্রহণের হার বাড়াতে হবে। কারণ, ৭৩ শতাংশ মা প্রসব-পরবর্তী সময়ে মারা যাচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর মাধ্যমে প্রসব করালে হয়তো মাতৃমৃত্যুর এই পরিসংখ্যানটা পাল্টে যেতে পারে।
অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণ: জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বিশ্ব শিশু পরিস্থিতি-২০১১ অনুযায়ী, বাংলাদেশে প্রতি তিনজনে দুইজন মেয়েরই (১০-১৮ বছর) অল্প বয়সে বিয়ে হয়। ফলে যে বয়সে কন্যাশিশুরা সন্তান ধারণের জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি হয় না, সেই বয়সে সন্তান ধারণ করায় মা ও শিশু উভয়েরই মৃত্যুঝুঁকি বেড়ে যায়। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। ১৯ বছরের মধ্যে প্রতি তিনজনে একজন মা হচ্ছেন। দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী জনগোষ্ঠী হচ্ছে মোট জনসংখ্যার বৃহত্তম প্রজননক্ষম অংশ। ১০ থেকে ১৯ বছর বয়সীদের সংখ্যাই মোট জনসংখ্যার ২৩ শতাংশ। অল্প বয়সে গর্ভধারণ করছে এ বয়সীরাই। অথচ, জনসংখ্যার এই অংশটা পরিবার পরিকল্পনা বা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সবচেয়ে কম তথ্য পাচ্ছে।
অসচেতনতা: গত ২৬ জুন প্রথম আলোতে প্রকাশিত এক সংবাদে দেখা যায়, পাবনা জেনারেল হাসপাতালে দেড় মাসে ৫৫ নবজাতক ও আট প্রসূতির মৃত্যু হয়েছে এবং এর কারণ হিসেবে বলা হয়েছে অসচেতনতা।
সরেজমিনে দেখা যায়, নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারে একজন অন্তঃসত্ত্বা মায়ের যত্ন বা দেখাশোনার ব্যাপার পুরোটাই উপেক্ষিত থাকে। এ ব্যাপারে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইসমত আরা বলেন, একজন অন্তঃসত্ত্বা মাকে অবশ্যই নিজের ও গর্ভস্থ সন্তানের ব্যাপারে সচেতন হতে হবে। পাশাপাশি পরিবারের সবাইকে তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। কারণ, এ সময় মায়ের দরকার বাড়তি যত্ন বা সেবা। গর্ভধারণের শুরু থেকেই মাকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। সময়মতো টিকা দিতে হবে। মাকে পুষ্টিকর খাবার দিতে হবে। এতে মা ও গর্ভের শিশু দুজনই ভালো থাকবে।
পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ না করা: পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ না করাকে অনেকে মাতৃমৃত্যুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অল্প বয়সে বিয়ে হলেও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে ৩২ শতাংশেরও বেশি মাতৃমৃত্যু রোধ করা সম্ভব।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার ১৯৭৫ সালের ৭ দশমিক ৭ শতাংশ থেকে ২০১০ সালে ৬১ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। কিন্তু বৃদ্ধির এই হার সন্তোষজনক নয়। ১৭ দশমিক ৬ শতাংশ দম্পতির মধ্যে চাহিদা থাকা সত্ত্বেও তাদের পরিবার পরিকল্পনা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
বিডিএইচএস ২০১১ অনুযায়ী, এখনো ১৩ দশমিক ৫ শতাংশ দম্পতি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না। পরিবার পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করা গেলে জন্মহার হ্রাস পায় এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমে যাওয়ার পাশাপাশি মাতৃমৃত্যু কমে আসে। ২০০১ সাল থেকে ২০১০ সাল এই এক দশকে মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে। ২০১০ সালের মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ বলছে, এ কমার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা কর্মসূচির অবদান ২৫ শতাংশ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা পদ্ধতি গৃহীতার হার বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে অপূরণীয় চাহিদার হার কমানোর জন্য বিভিন্ন কর্মকৌশল গ্রহণ করেছে।
পারিবারিক নির্যাতন: কয়েকটি হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক নির্যাতনের শিকার হয়ে অনেক নারী তাঁদের কাছে চিকিৎসাসেবা নিতে আসেন। তাঁদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। এ বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসক গুলশান আরা বলেন, কোনো অন্তঃসত্ত্বা মা শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে তা মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকর। নির্যাতনের শিকার মা মানসিকভাবে আক্রান্ত হতে পারেন, যার নেতিবাচক প্রভাব গর্ভের সন্তানের ওপর পড়তে পারে। মানসিক চাপজনিত কারণে অন্তঃসত্ত্বা মায়ের রক্তচাপ বেড়ে যেতে পারে। শারীরিক আঘাত গুরুতর হলে গর্ভস্থ শিশু বা মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে।
প্রসবজনিত জটিলতার কারণে মায়েরা যে শুধু মারা যাচ্ছেন তা নয়, অনেকে দীর্ঘকালীন অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে একটি হচ্ছে প্রসবজনিত ফিস্টুলা। যেমনটি ঘটেছে ফাতেমার বেলায়। প্রসব বেদনা ওঠার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নেননি। তাঁদের এক কথা, পারিবারিক দাইয়ের হাতেই সন্তানের জন্ম হতে হবে। দাই অনেক চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। শেষে যখন ফাতেমার অবস্থার অবনতি ঘটে তখন তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের মাধ্যমে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু ফাতেমার ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসবের কারণে তাঁর ফিস্টুলা হয়েছে। তাঁর জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা তাঁকে সংসার থেকে আলাদা করে দিয়েছে।
সরকারি ও বেসরকারি উদ্যোগ: মাতৃমৃত্যু প্রতিরোধে সরকার ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থাগুলো নানা কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে, সন্তান প্রসবপূর্ব মায়ের যত্ন, দরিদ্র নারীদের জন্য মাতৃস্বাস্থ্য ভাউচার প্রকল্প, কমিউনিটিভিত্তিক স্কিলড বার্থ অ্যাটেনডেন্টস (এসবিএ) নিয়োগ ও মিডওয়াইফারি কর্মসূচি।
২০১২ সাল থেকে এক হাজার ১০০-রও বেশি শিক্ষার্থী তিন বছর মেয়াদি মিডওয়াইফারি প্রশিক্ষণ কোর্স করছেন। প্রথম ব্যাচ বের হবে ২০১৫ সালে। এই সময়ের জন্য নার্স ও ধাত্রীদের জন্য কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে ছয় মাস মেয়াদি একটি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ইউএনএফপিএ সরকারের এসব কর্মসূচিতে সহায়তা ও সমর্থন দিচ্ছে।
সরকার ইউএনএফপিএ ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহায়তায় পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য ও প্রসবজনিত ফিস্টুলা সেবা প্রদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে।
ইউএনএফপিএর সহযোগিতায় ২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজসহ ১০টি হাসপাতালে প্রসবজনিত ফিস্টুলার চিকিৎসা, অপারেশন ও পুনর্বাসন সীমিত আকারে শুরু হয়। এ পর্যন্ত এসব হাসপাতালে সাড়ে তিন হাজারেরও বেশি িফস্টুলা রোগীর অপারেশন হয়েছে।
তবে এও ঠিক যে এত সব কর্মসূচি নেওয়ার পরও আমাদের দেশে প্রতিবছর পাঁচ হাজারেরও বেশি নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছেন। এ সমস্যার সমাধানে সরকারসহ সবাইকে আরও বেশি কাজ করতে হবে।
কারিগরি সহায়তায় ইউএনএফপিএ