
তরুণদের সম্বোধনে এসেছে আধুনিকতা। এখন তারা বন্ধুদের কেবল ‘দোস্ত’ বলেই ডাকে না, সম্বোধনের তালিকায় সবার ওপরে আসন নিয়েছে ‘মাম্মা’, ‘ড্যুড’ কিংবা ‘ব্রো’ শব্দগুলো। এর মধ্যে সর্বশেষ সংযোজন হলো ‘ফ্রান্স’। অচিরেই বিসিএসের প্রশ্ন হতে পারে এ রকম, ‘ফ্রান্স কী? ক. একটি দেশ; খ. একটি সম্বোধন; গ. কোনোটিই নয়; ঘ. দুটিই সঠিক।’ সে যাহোক, তরুণেরা সম্বোধনে বিপুল পরিবর্তন আনলেও বয়োজ্যেষ্ঠরা আজও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমলে পড়ে আছেন। ছোটদের সম্বোধনের বেলায় তাদের অভিধানে যেন ওই ‘বাবা’ শব্দটিই সবেধন নীলমণি! কিন্তু তরুণেরা তো এই ‘বাবা’ ডাক আর শুনতে চায় না। তাই বয়সে ছোটদের বেলায় কেমন হবে আপনার সম্বোধন? আর কেমনই বা হবে আপনার আদবকেতা? বিশিষ্ট আচার বিশেষজ্ঞ (পরান আচার-ব্যবহার প্রতিযোগিতা ২০১৬-তে ৩৯তম) চালতা বানু দিলেন বেশ কয়েকটি টিপস।
l তরুণদের আড্ডাস্থলে গিয়ে ‘কী খবর বাবারা, শরীর ভালো তো?’ বলেই হামলে পড়বেন না। এতে তরুণদের স্বতঃস্ফূর্ততায় ব্যঘাত ঘটে।
l তরুণেরা যেখানে আড্ডা দেয় তার আশপাশ দিয়ে চলাচল না করাই ভালো।
l রাস্তাঘাটে পরিচিত কোনো তরুণের সঙ্গে দেখা হলে ‘ইয়ো ড্যুড’ কিংবা ‘হ্যালো ফ্রান্স’ বলে সম্বোধন করুন।
l তরুণদের সঙ্গে হ্যান্ডশেক না করে হাই ফাইভ করতে পারেন, এতে তরুণেরা আপনাকে স্মার্ট হিসেবে গণ্য করবে।
l শরীর-স্বাস্থ্য ভালো আছে কি না, জিজ্ঞেস না করে ইন্টারনেটের লাইনে সমস্যা আছে কি না, ব্রডব্যান্ডে স্পিড ভালো পাচ্ছে কি না—এসব ব্যাপারে জানতে চান।
l সবশেষে ‘তোমার বাবাকে আমার শুভেচ্ছা জানিয়ো’ না বলে বলতে পারেন, ‘ইয়ো ব্রো, তোমার বাবারে বইল, আমি তারে “নক” দিছিলাম।’