আর মাত্র দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র দুই দিন। শেষ হবে অপেক্ষার পালা। সারা দেশ থেকে যাঁরা আচার পাঠিয়েছিলেন, তাঁরা দিন গুনছেন ফলাফল জানার জন্য। তাঁদের জন্য সুখবর হলো, ১৯ এপ্রিল হবে ১৩তম প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১২-এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণঅনুষ্ঠান। জমকালো ওই অনুষ্ঠানে জানা যাবে কে হবেন এবারের বিজয়ী। কার হাতে তৈরি আচার খেয়ে বিচারকেরা মুগ্ধ হয়েছেন, জিভেয় জল এসেছে—সেটি জানার জন্য ১৯ এপ্রিল বিকেল পর্যন্ত অপেক্ষা যে করতেই হবে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জানা গেল প্রাণ-আরএফএল গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) আদিল খানের কাছ থেকে। সারা দেশ থেকে প্রায় তিন হাজারের বেশি নারী প্রতিযোগী এই আচার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। টক, মিষ্টি, ঝাল ও অন্যান্য এই চারটি বিভাগে মোট আট হাজার ২০৮টি আচার জমা পড়ে। সেখান থেকে বিচারকেরা চুলচেরা বিশ্লেষণ করে বিজয়ী নির্ধারণ করবেন। অন্যবারের মতো এবারও বর্ষসেরা আচার বিজয়ী পাবেন দুই লাখ টাকা। আর প্রতি বিভাগের প্রথম স্থান অর্জনকারী পাবেন ঢাকা-মালয়েশিয়া-ঢাকা দুটি বিমান টিকিট, দ্বিতীয় হলে পাবেন ল্যাপটপ আর আইপিএস পাবেন তৃতীয় বিজয়ী। এ ছাড়া আরও ৩৫ জনের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রাণ ও প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১২-এর মিডিয়া পার্টনার চ্যানেল আই।