বান্দরবানের সাতটি দৃষ্টিনন্দন জায়গাকে বিশেষ পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। এলাকাগুলো হচ্ছে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, বৌদ্ধ প্যাগোডা, চিম্বুক-থানচি সড়কের শৈল প্রপাত, চিম্বুক চূড়া ও লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়।
এসব এলাকার ২৭২ দশমিক ৪৬ একর জমিতে পর্যটন ও পরিবেশবান্ধব উন্নয়ন কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের এ ঘোষণা বাস্তবায়ন হলে তা বান্দরবানে পর্যটনশিল্পের উন্নয়নে সহায়ক হবে। বান্দরবান হয়ে উঠবে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় এলাকা। এ ছাড়া, এ ঘোষণার ফলে সংশ্লিষ্ট এলাকার ভূমি অবৈধ দখল থেকে মুক্ত থাকবে।
জেলা প্রশাসকের কার্যালয়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামীম হোসেন জানান, এখন থেকে জেলা শহরের প্রবেশপথের মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শহরতলির স্বর্ণমন্দিরখ্যাত অনিন্দ্য সুন্দর বৌদ্ধ প্যাগোডা, চিম্বুক-থানচি সড়কের শৈল প্রপাত, চিম্বুক চূড়া ও লামা উপজেলার মিরিঞ্জা পাহাড় বিশেষ পর্যটনসংরক্ষিত জায়গা হিসেবে গণ্য হবে। জায়গাগুলো সংরক্ষণের সুবিধার জন্য জেলা প্রশাসন সীমানা নির্ধারণ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রতিটি সংরক্ষিত জায়গার জমির পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন মেঘলা ৯০ একর, নীলাচল ১০০ একর, প্রান্তিক লেক ৩৮ দশমিক ৪৬ একর, স্বর্ণমন্দির পাঁচ একর, শৈলপ্রপাত এক একর, চিম্বুক পাহাড় পাঁচ একর ও মিরিঞ্জা পাহাড় ৩৩ একর।
বান্দরবানের আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের পরেই বান্দরবান এখন পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। এখানকার সবুজ বনাঞ্চল ঘেরা উত্তর-দক্ষিণ দীর্ঘ পাহাড়শ্রেণী এবং আদিবাসী জনগোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্যের আকর্ষণে অনেকে এখানে ছুটে আসেন। এসব ঐতিহ্যের কোনো রকম বিকৃতি না ঘটিয়ে পর্যটন শিল্পের বিকাশ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বান্দরবান পর্যটন মোটেলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন আহমেদ বলেন, ‘সাতটি এলাকাকে পর্যটনসংরক্ষিত এলাকা ঘোষণা একটি ভালো উদ্যোগ। বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়নে এ সিদ্ধান্ত সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক ভালো সিদ্ধান্ত হয়। পরে তা বাস্তবায়ন হয় না। এ ঘোষণা যাতে বাস্তবায়িত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেছেন, বিশেষ পর্যটনসংরক্ষিত এলাকা ঘোষণার ফলে সংশ্লিষ্ট এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ হবে। এ ছাড়া, এতে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ এবং এলাকার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।