সকাল থেকেই সবাই অপেক্ষা করছে। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গোটা গ্রামটাই হাজির। অশ্রুসজল চোখে সবাই অপেক্ষা করছে শুধু তাকে এক নজর দেখার জন্য। এই রাস্তা দিয়েই হবে তার শেষ যাত্রা। তাই তাদের বাড়ির সামনের রাস্তা ও বৌদ্ধ বিহারে শোকার্ত জনতার এই ভিড়। গত সোমবার রাতে আবুতোরাব উচ্চবিদ্যালয়ের নিহত ছাত্র জুয়েল বড়ুয়ার শেষকৃত্যানুষ্ঠানে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।জুয়েল বড়ুয়া গত ১১ জুলাই তার সহপাঠীদের সঙ্গে মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল। পথে তাদের বহনকারী মিনিট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ৩৯ জন ঘটনাস্থলেই মারা যায়। পরে আহতদের মধ্য থেকে চিকিৎসারত অবস্থায় আরও চারজন মারা গেলে মৃতের সংখ্যা ৪৩ জনে গিয়ে দাঁড়ায়। সর্বশেষ মারা গেল মায়ানির বড়ুয়াপাড়ার ভদ্রসেন বড়ুয়ার বড় ছেলে জুয়েল বড়ুয়া।গত সোমবার সন্ধ্যায় জুয়েল বড়ুয়াদের বাড়িতে গিয়ে কথা হয় তার বাবা ভদ্রসেন বড়ুয়ার সঙ্গে। তিনি জানান, ধার করে জুয়েলের জন্য বই কিনেছিলেন। ওই ধারের টাকা এখনো শোধ হয়নি। এখন সে বই কে পড়বে? অনেক কষ্টে সংসার চালান ভদ্রসেন বড়ুয়া। সংসারের ঘানি টানতে গিয়ে তাঁকে কাজ করতে হচ্ছে আবুতোরাব বাজারের দরবার হোটেলে।জুয়েলের বাবা জানান, খুব খেলাপাগল ছিল তাঁর ছেলে। এই খেলাই তাকে শেষ করল। যেদিন খেলা দেখতে যাচ্ছে, সেদিনও জুয়েল বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল দরবার হোটেলে। জুয়েল একবারের জন্যও বলেনি যে সে মিরসরাই স্টেডিয়ামে খেলা দেখতে যাবে। এই কথা জানতে পারলে ভদ্রসেন বড়ুয়া তাকে যেতে দিতেন না। এমন আক্ষেপ করতে করতে কান্নায় ভেঙে পড়েন ভদ্রসেন। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন আশপাশের বাড়ির পুরুষ-মহিলারা। কিন্তু ভদ্রসেন বড়ুয়ার কান্না আর থামছিল না কিছুতেই।একসময় সন্ধ্যে গড়িয়ে রাত হয়। দূরে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়। সবার অপেক্ষার পালাও শেষ হয়। জুয়েলের মরদেহ নিয়ে যাওয়া হয় তার চিরচেনা ভিটে-মাটিতে। নিজ ঘরে জুয়েলের মরদেহ কিছুক্ষণ রাখার পর তাকে নেওয়া হয় বাড়ির পাশে মায়ানি অমিতাভ বৌদ্ধবিহারে। সেখানে একে একে হাজির হন জুয়েলের মা রনজু বড়ুয়া, বোন চুমকি বড়ুয়া, এনি বড়ুয়া, ছোট ভাই পয়েল বড়ুয়া। তাঁদের কান্নায় মায়ানি বড়ুয়া গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে যাচ্ছিল। কয়েক হাজার মানুষও তাঁদের কান্না থামাতে পারছিলেন না। জুয়েলের মরদেহ বৌদ্ধবিহারে পৌঁছার আগেই বিহার প্রাঙ্গণ ভরে যায় কয়েক হাজার পুণ্যার্থীর পদভারে।জুয়েলের শেষযাত্রা দেখতে বৌদ্ধবিহারে উপস্থিত হয়েছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুব, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামি, হাইতকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা। জুয়েলের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করেন প্রেমানন্দ মহাথের। মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামি ও আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেক জানান, শোক ভুলে সবাই স্বাভাবিক হচ্ছিল আস্তে আস্তে। কিন্তু জুয়েলের মৃত্যু আবার সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিল।