আরও ছয় গবেষণা উপপ্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আরও ছয়টি গবেষণা উপপ্রকল্পের অনুমোদন দিয়েছে। ইউজিসির উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) একাডেমিক ইনোভেশন ফান্ডের (এআইএফ) অধীনে ১ এপ্রিল এসব উপপ্রকল্পের অনুমোদন দেওয়া হয়।ছয়টি উপপ্রকল্পে মোট ব্যয় হবে আট কোটি ৯৪ লাখ ৯৬ হাজার টাকা। বিশ্বব্যাংক এর অর্থায়ন করবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আরও ছয়টি উপপ্রকল্পের গবেষণাকাজ চলছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়বে। শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন।প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প যাচাই-বাছাই কমিটিতে (ইউপিএসসি) ৩৯টি উপপ্রকল্প জমা পড়ে। যাচাই-বাছাই শেষে কমিটি এসব উপপ্রকল্প ইউজিসিতে প্রেরণ করে। পরে ইউজিসি ছয়টির চূড়ান্ত অনুমোদন দেয়। ৩৯টি প্রকল্পের মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি, জীববিজ্ঞান ও বিজ্ঞান অনুষদের একটি করে উপপ্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।এর আগে প্রথম পর্যায়ে এ প্রকল্পের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৪৫টি উপপ্রকল্প জমা পড়ে। এর মধ্যে ইউজিসি ছয়টি উপপ্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয় এবং উপপ্রকল্পগুলো বাস্তবায়নে মোট আট কোটি ৫৩ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দেয়।বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক মো. নূর আহমদ বলেন, ‘ইউজিসির ছয়টি উপপ্রকল্পের অনুমোদনের চিঠি আমরা পেয়েছি। এতে গবেষণা কার্যক্রমে গতি আসবে। এই অনুমোদন বিশ্ববিদ্যালয়ের জন্য বড় পাওয়া।’