
হেলাল উদ্দিনকে রাজধানীর উত্তরাবাসী চিনতেই পারেন। ‘এই মুরগি লইবেন, মুরগি...’—তাঁর এমন হাঁকও শুনে থাকতে পারেন কেউ কেউ। মুরগি বিক্রি করার কাজটি সারেন উত্তরাতেই। কিন্তু থাকেন টঙ্গীর দত্তপাড়ায়। একই এলাকায় থাকেন নুরুল ইসলামও। তাঁর পেশা সবজি বিক্রি। একই এলাকায় বসবাসের সূত্রে হেলাল উদ্দিন ও নুরুল ইসলামের সঙ্গে চেনাজানা বেশ কিছুদিনের।
ঘটনার দিন, অর্থাৎ গত ৬ নভেম্বর ভোরবেলার কথা। সারা দেশে হরতাল চলছে। হরতালের দিনগুলোয় হেলাল উদ্দিন ও নুরুল ইসলাম ঘরেই বসে থাকেন। আড্ডাও মারেন দুজনে মিলে। আড্ডা মারতে মারতে আগের দিনই সিদ্ধান্ত নিয়েছেন, কাল যেহেতু হরতাল, তাই আশপাশে কোথাও মাছ ধরতে যাবেন। যেই কথা সেই কাজ।
‘ভোরবেলায় বাইর হইলাম দুইজনই। যামু টঙ্গীর বনমালা এলাকার ট্রেনলাইনের পাশের একটা খালের ওই দিকে। বনমালার ট্রেনলাইন পার হওয়ার সময়ই চোখে পড়ল, একদল পোলাপান ট্রেনলাইন খুইলা নিচের পাথর ও মাটি সরাইতেছে! মানা করতে গেলাম, উল্টা ঢিল ছুইড়া তাড়ায়া দিল!’ বলছিলেন হেলাল উদ্দিন।
বাধ্য হয়ে তাঁরা রওনা হলেন খালের দিকে। ব্যস্ত হয়ে পড়লেন মাছ ধরায়। ততক্ষণে ওই ছেলেরা তাদের কাজ সেরে ফিরে গেছে। তখনই খাল ছেড়ে লাইনের ওপরে দাঁড়ান হেলাল উদ্দিন ও নুরুল ইসলাম। দূর থেকে ট্রেন আসার শব্দ ভেসে আসে। দুজনই বোঝেন কাটা রেললাইনের ওপর দিয়ে ট্রেন গেলে নির্ঘাত দুর্ঘটনা ঘটবে। কতজনের প্রাণহানি হয় কে জানে! দ্রুত সিদ্ধান্ত নেন দুজন। হেলাল উদ্দিন কাঁধের লাল গামছাটা মাথার ওপর ঘোরাতে ঘোরাতে দৌড় দেন ট্রেনের দিকে। নুরুল ইসলাম রওনা দেন পাশের স্টেশনের দিকে। হেলাল উদ্দিন সামনে এগোতে থাকেন। ক্রমেই ট্রেন স্পষ্ট হয়ে ওঠে। ট্রেনের চালক লাল নিশান দেখতে পেয়ে গতি কমিয়ে দেন। কিন্তু পুরোপুরি শেষ রক্ষা হয় না। ক্ষতিগ্রস্ত রেললাইনের ওপর দিয়ে চলে যায় ইঞ্জিন ও কয়েকটি বগি। গতি কম থাকায় সে যাত্রায় বেঁচে যান চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের যাত্রীরা।

দেশের ওপর একটা দরদ আছে না!
‘আমরা কোনো কিছু পাওয়ার জন্য এই কাজ করি নাই।’—হেলাল উদ্দিন ও নুরুল ইসলামের অকপট জবাব। ঘটনার পর টঙ্গী বন্ধুসভার পক্ষ থেকে তাঁদের একটি করে কম্বল ও শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া উপহার দিয়েছেন কিছু নগদ অর্থ। তবে এসবে আগ্রহ নেই হেলাল ও নুরুলের। তাঁদের বক্তব্য, ‘দেশের ওপর একটা দরদ আছে না! ওই সম যদি রেললাইনের উপ্রে দিয়া পুরা ট্রেনটা যাইত, তাহলে কী হইত একবার চিন্তা করেন!’
সহযোগিতা: মো. রুবেল