আরও যুদ্ধ, আরও রক্ত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার বাশার আল-আসাদ
সিরিয়ার বাশার আল-আসাদ

আরেক দফায় সাত বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিরিয়ার বাশার আল-আসাদ। প্রত্যাশামতোই প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে তাঁর পক্ষে। বাইরের বিশ্বে, বিশেষ করে পশ্চিমে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। যুক্তরাষ্ট্র বলেছে, এ ‘নির্বাচন পদবাচ্য নয়’। তারা বলেছে, এ নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না। অন্যদিকে, বাশারবিরোধীদের কথা হচ্ছে, এটি কেবল যুদ্ধের মাত্রাই বাড়িয়ে দেবে।
বাশার আল-আসাদ যে ভোটে জিততে যাচ্ছেন, তা জানাই ছিল। ফল ঘোষণার আগেই সরকারনিয়ন্ত্রিত এলাকাগুলোয় হাজার হাজার সমর্থক বাশারের ছবি আর জাতীয় পতাকা নিয়ে মিছিল বের করে। ফাঁকা গুলি ছুড়ে আনন্দ করে অনেকে।
বাশারবিরোধীদের দখলে থাকা অঞ্চলে কোনো ভোটগ্রহণ অবশ্য হয়নি। সেখানে বিরোধীরা সমবেত হয়ে সরকারবিরোধী নানা স্লোগান দেয়। তার মধ্যে প্রধান ছিল ২০১১ সালের আরব বসন্তের স্লোগান, ‘জনগণ এ সরকারের পতন চায়’।
সরকারপন্থী সব পত্রিকা প্রথম পাতায় পুনর্নির্বাচিত বাশারের ছবি ছেপেছে ফল ঘোষণার পরদিন। টিভির পর্দাজুড়েও ছিল তাঁর উপস্থিতি। ক্ষমতাসীন বা’থ দলের পত্রিকা ঘোষণা করে, নির্বাচনের দিন যে দৃঢ়তা জনগণ দেখিয়েছে, বিদ্রোহীদের প্রতিহত করে দেশ পুনর্গঠনেও তা দেখাবে। সরকারি হিসাব অনুযায়ী, এক কোটি ৫৮ লাখ ভোটারের মধ্যে এক কোটি ১৬ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সমালোচকেরা বলেছেন, বাশারের প্রতি ভক্তির চেয়ে ভয়ের কারণেই বরং লোকে ভোটকেন্দ্রে গেছে। বাশার পরিবার যেভাবে চার দশক ধরে কঠিন হাতে দেশ শাসন করে এসেছে, তাতে দেশটিতে সদাই বিরাজ করে এক ভয়ের আবহ।
আসাদের পুনর্নির্বাচনের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের কণ্ঠে সুর মিলিয়েছে মিত্র যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এ নির্বাচনকে বলেছেন, ‘কলঙ্ক’। তিনি বলেন, ‘এ নির্বাচনের আগেও বাশারের বৈধতার সংকট ছিল, পরেও আছে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নির্বাচনকে আখ্যা দিয়েছেন ‘এক বিরাট শূন্য’। তিনি বলেন, এ নির্বাচনের ফলে কোনো কিছুই বদলায়নি। কেরি বাশারের বিদেশি পৃষ্ঠপোষকদের প্রতি আহ্বান জানান সিরিয়ার তিন বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে উদ্যোগ নিতে।
সিরিয়ার বিরোধীদের আশঙ্কা, বাশার নতুন করে আরেক দফা প্রেসিডেন্ট হওয়ায় গৃহযুদ্ধ দীর্ঘায়িত হবে। প্রতিবেশী তুরস্কে থাকা এক বাশারবিরোধী বলেন, তাঁর ধারণা ছিল সিরীয় সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান হবে। কিন্তু বাশারের নতুন করে প্রেসিডেন্ট হওয়া শান্তিকে আগের যেকোনো সময়ের চেয়ে সুদূরপরাহত করে তুলেছে। বাশারবিরোধীদের অন্যতম প্রধান দাবি, বাশারকে ক্ষমতা থেকে সরতে হবে এবং ভবিষ্যৎ সিরিয়ায় আর যাঁরই হোক, তাঁর কোনো ভূমিকা থাকবে না। দেশের তৃতীয় বৃহত্তম শহর হোমসে সেনাবাহিনীর অবরোধের কারণে দুই বছর আটকে থাকা এ বিদ্রোহী বলেন, ‘দুঃখজনকভাবে এ নির্বাচনের অর্থ হবে আরও লড়াই ও রক্তক্ষয়। কেউ বলতে পারবে না তা কত দিন চলবে। কত দিন শিবিরে পচে মরবে শরণার্থীরা। সত্যি কথাটা হচ্ছে, সবাই একটি রাজনৈতিক সমাধান চায় বললেও বাশারকে ক্ষমতায় রেখে তা সম্ভব হবে না। অর্থাৎ যুদ্ধ চলতে থাকবে আর সিরীয়রা একে অন্যকে হত্যা করে যাবে।
সবদিক থেকেই ইঙ্গিত মিলছে, বাশার আবার প্রেসিডেন্ট হওয়ায় বিদ্রোহীরা হাল ছাড়ছে না মোটেই। বরং আরও

দৃঢ়প্রতিজ্ঞ হচ্ছে লড়াইয়ের ব্যাপারে। বিদ্রোহীদের সবচেয়ে বড় দলের একটি ইসলামিক ফ্রন্টের নেতা হাসান আবুদ বললেন, ‘এত রক্তপাত, লাখ লাখ লোকের শরণার্থী হওয়া, নিরন্তর গোলাবর্ষণ—এসবের পর সিরিয়ার মানুষ বাশার আসাদকে কোনো দিনই আর মেনে নেবে না। এই নির্বাচন হচ্ছে রক্ত মাড়িয়ে। আমরা জবাব দেব যুদ্ধের ময়দানে।’
সম্প্রতি সিরিয়ার বিস্তীর্ণ এলাকা সফর করা বিবিসির সাংবাদিক পল উড খুব অল্প কথায় দেশটির এখনকার পরিস্থিতি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন, বর্তমানে সিরিয়া একটি নয়, বরং দুটি। এক সিরিয়া গণতন্ত্রের বদলে লড়ছে ধর্মের জন্য। আরেক সিরিয়ার প্রতিভূ বাশারের বংশ। তারা ধর্মনিরপেক্ষ হলেও কর্তৃত্ববাদী এবং অনেক অপরাধের দায়ে অভিযুক্ত। এই দুই সিরিয়ার মধ্যে ফয়সালাটা ভোটের বাক্সে হবে না।
পল উডের ইঙ্গিতটা দেশ ছেড়ে তুরস্কে আশ্রয় নেওয়া বিদ্রোহীর সঙ্গে মিলে যায়: আরও যুদ্ধ, আরও রক্তই অপেক্ষা করছে সিরিয়ার জন্য।
সুমন কায়সার