ভিআইপি কোটা
সময়ের সঙ্গে সঙ্গে দেশ এগিয়ে যাচ্ছে হু হু করে। হু হু-টাইপের এগিয়ে যাওয়ার অন্যতম স্বাক্ষর যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নতি। যার ফলে ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাব করা হয়েছে। অথচ চাকরির ক্ষেত্রে এখনো ভিআইপিরা কত অবহেলিত! এত এত কোটা থাকলেও তাঁদের জন্য এখনো কোনো কোটার ব্যবস্থা করা হয়নি! কী অমানবিক ব্যাপার! ভাবা যায়? জনৈক ফেসবুকারের ভাষায় বলতে হয়, ‘এটা কিবাবে শমবাব?’ কাজেই কোমলমতি ভিআইপিদের জন্য কোটার ব্যবস্থা করা এখন সময়ের অন্যতম যৌক্তিক দাবি।
মামা-চাচা কোটা
যুগ যুগ ধরেই চাকরির ক্ষেত্রে অলিখিত মামা-খালু কোটা চালু থাকলেও সেটাকে কখনো কাগজে–কলমে স্বীকৃতি দেওয়া হয়নি। বড়ই অন্যায্য বিষয়। কর্তৃপক্ষ চাকরির ক্ষেত্রে এই ‘মামা-খালু’ কিংবা ‘মামা-চাচা’ ঐতিহ্য ধরে রাখার জন্য অচিরেই দেশের সব পাবলিক, অপাবলিক পরীক্ষায় মামা-চাচা কোটা চালু করতে পারে।
প্রেমিক কোটা
মানবিক বিবেচনা থেকে এ কোটা চালু করা যেতেই পারে। কেবল সময়মতো একটা চাকরি জোটাতে পারে না বলে কত কত প্রেমিক তাদের ‘বেলা বোস’কে হারিয়ে ফেলে, সে খবর কে রাখে! অতএব অভাগা প্রেমিকদের দুর্দশা লাঘবে অচিরেই চাকরির ক্ষেত্রে প্রেমিক কোটা প্রবর্তন করা যেতে পারে। প্রেমিক কোটার অধীনেই আরেকটি সাব কোটা থাকতে পারে, সেটা হলো ‘বড় ছেলে কোটা’। যারা প্রেমিক প্লাস বড় ছেলে, তারা চাকরির ক্ষেত্রে পাবে ডবল অগ্রাধিকার।
চাটুকার/শুভাকাঙ্ক্ষী কোটা
চোখ বুজে সব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে যাঁরা সব সময় সরকারের পাশে থেকে দেশের উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করেন, তাঁদের কথা ভেবে প্রবর্তন করা যেতে পারে চাটুকার বা শুভাকাঙ্ক্ষী কোটা।
বিরোধী কোটা
অন্য সব সুবিধাজনক কোটার ভিড়ে এই ‘অসুবিধাজনক’ কোটাটিও থাকতে পারে। সরকারের সমালোচকদের পুত্র-কন্যা এবং নাতি-পুতি এই কোটাধারী হবে। এই কোটাধারীদের আগেই চিহ্নিত করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করা হবে।
মেধাবী কোটা
কোটা বৈষম্য দূরীকরণে কর্তৃপক্ষ অন্যান্য কোটার সঙ্গে মেধাবী কোটাও চালু করতে পারে। তবে সেটা খুবই সামান্য হতে হবে, শতকরা এক থেকে দেড় ভাগ।
সোনার ছেলে কোটা
সব সরকারের সময়ই দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু ত্যাগী, সংগ্রামমুখর ‘বিশেষ যোগ্যতাসম্পন্ন’ ছাত্র সদা সোচ্চার থাকে। দেশ ও দশের কল্যাণের কথা তারা এত বেশি ভাবে যে অনেকেই পড়াশোনাটাও ঠিকঠাকমতো করতে পারে না। সেসব ত্যাগী ছাত্রদের কথা ভেবে চালু করা যেতে পারে সোনার ছেলে কোটা।