আরও যেসব জিনিস ফাঁস হয়

দৈনিক পত্রিকা ভোরে বের হওয়ার কথা থাকলেও সেটা ফাঁস হয়ে যায় আগের দিন রাত বারোটায়। বাসস্টেশন কিংবা রেলস্টেশনে গেলে ফাঁস হওয়া পত্রিকা পাওয়া যায় হকারদের হাতেই। আরও পাওয়া যায় টিভি চ্যানেলের শেষ রাতের টক শোগুলোতে। অথচ দোষ কেবল পিএসসির প্রশ্ন ফাঁস করলে!
চিত্রপরিচালক সিনেমা বানান নির্দিষ্ট দিনে সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য। অথচ পরিচালক নিজেই ট্রেইলার নামে সিনেমার হাইলাইটস ফাঁস করে দেন অনেক আগেই। এতেও ক্ষান্ত হন না, ফাঁস করে দেন সিনেমাটির গানের ভিডিও। কই, এ ব্যাপারে তো পরিচালককে কেউ দোষ দেয় না!
দোষ কি কেবল শিক্ষামন্ত্রীর?

ফাঁস হওয়ার ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক উদাহরণ হলো প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনাটাই ফাঁস হয়ে যাওয়া। পরীক্ষার প্রশ্নপত্র না–হয় ফাঁস হয়েছে, তাই বলে সেটা পত্রিকা, টিভি চ্যানেলগুলো ফাঁস করে দেবে? কই, প্রশ্ন ফাঁসের খবর ফাঁস করে দেওয়ার জন্য কোনো সাংবাদিককে তো কেউ দোষ দিচ্ছে না! তাহলে কেন সবাই কেবল শিক্ষামন্ত্রীকে দুষছে!
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ফাঁস হয়ে যাচ্ছে—সন্তানটি ছেলে, না মেয়ে। আলট্রাসনোগ্রাম করে বিষয়টি ফাঁস করছেন স্বয়ং হবু মা–বাবা। অথচ আমরা তা না দেখে কেবল শিক্ষামন্ত্রীকে দোষারোপ করছি প্রশ্নপত্র ফাঁসের জন্য।
এই লেখাটি লেখার পর রস+আলো কি পেরেছে ফাঁস না করে বসে থাকতে? পারেনি। রস+আলোকে কি কেউ এ ব্যাপারে একবারও তিরস্কার জানিয়েছে? কিংবা আদৌ জানাবে? বাজি ধরে বলা যায়, জানাবে না। অথচ আমরা কেবল প্রশ্নপত্র ফাঁস নিয়ে নিরীহ শিক্ষামন্ত্রীকে দোষ দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি! আমাদের হৃদয় বলে আসলে
কিছু নেই! মন্ত্রী মহোদয় তো বলেছেনই, সব গুজব!