এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরের দিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছবিগুলোর কথা একটু মনে করুন তো। প্রতিটি জাতীয় দৈনিকের মূল খবরের সঙ্গে ছিল ফল ভালো করার আনন্দে হাসোজ্জ্বল একঝাঁক শিক্ষার্থীর ছবি। প্রথম আলোর ১৬ জুলাইয়ের প্রতিবেদনে দেখা যাচ্ছে, এবার ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছে। এই এক একটি মুখের হাসিই ছড়িয়ে পড়বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঙিনায়।সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে মেয়েদের পড়ালেখার হার বেড়েছে, সেভাবে কি বাড়ছে তাঁদের পড়ালেখার সুযোগ-সুবিধা? আবাসিক সুবিধা? বাড়েনি। উত্তরটা সবারই জানা। আবাসন-সংকটের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে না পেরে ফিরে যেতে হয় গ্রামে, পড়ার সুযোগ হয় না স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে প্রায় সমান সংখ্যায়। অথচ এখানে ছেলেদের জন্য হল ১৪টি, আর মেয়েদের জন্য মাত্র চারটি। তাই প্রতিবছর আবাসন নিয়ে মারাত্মক সমস্যা পোহাতে হয় ছাত্রীদের।বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের রুম্মান রশীদের হলে উঠতে সময় লেগেছে দুই বছর নয় মাস। একই হলের মুক্তা সাহার হলে আসন পেতে সময় লেগেছে এক বছর, শামসুন নাহার লিজার লেগেছে প্রায় দুই বছর। তাঁদের কাছ থেকে জানা গেল, তাঁদের হলে ওঠার পেছনের কঠিন সংগ্রামের কথা। রুম্মান বলেন, ‘সিট সংকটের জন্য হলে ওঠাসংক্রান্ত কোনো তথ্যই ম্যাডামরা দিতে পারতেন না। দেড় বছর পর আবেদনপত্র আহ্বান করা হয়। আবেদন করার পর অপেক্ষা করতে হয়েছে আরও এক বছর। এ সময়টায় সাবলেট থাকতে হয়েছে একটি বাসায়।’শামসুন নাহার লিজাও বললেন প্রায় একই কথা। তৃতীয় বর্ষে উঠে হলে আসন পেয়েছেন তিনি। তিনিও থাকতেন একটি পরিবারের সঙ্গে, সাবলেট হিসেবে। বাড়ি থেকে পাঠানো মাসের খরচের টাকার একটা বড় অংশ চলে যেত বাড়ি ভাড়ায়। সাবলেট থেকে পড়াশোনার পাশাপাশি রয়েছে নিরাপত্তাজনিত সমস্যাও। রোকেয়া হলের সাদিকা পারভীনের কাছে জানা গেল, তাঁর হলে উঠতে সময় লেগেছে নয় মাসের মতো। এ সময় তিনি মানিকগঞ্জ থেকে এসে ক্লাস করতেন। ক্যাম্পাসে পৌঁছানোর আগেই সকালের ক্লাসগুলো শেষ হয়ে যেত। হলে উঠতে প্রতিদিন হাউসটিউটরদের কাছে যেতেন। অবশেষে বহু কষ্টের পর হলের গণরুমে আসন পেলেন। এক রুমে ১০ জন থাকতেন। চার বেডে আটজন আর বাকি দুজন মেঝেতে থাকতেন তাঁরা।নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বললেন, সময়মতো হলে আসন পাননি বলে বাধ্য হয়ে রাজনীতির আশ্রয় নিয়ে তাঁকে হলে উঠতে হয়েছে। এভাবে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে গেছেন বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঝামেলায়। যদি হল কর্তৃপক্ষ আসন বরাদ্দ দিত, তাহলে এ সমস্যায় পড়তে হতো না তাঁকে।শুধু মেয়েরা নয়, ছেলেরাও হচ্ছেন একই সমস্যার শিকার। কারণ, আপাতদৃষ্টিতে মেয়েদের হলের তুলনায় ছেলেদের হলের সংখ্যা বেশি হলেও তাঁদের আসন সংকুলান হচ্ছে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের ক্ষোভের কথা জানিয়েছিলাম কয়েকটি হলের প্রভোস্ট ও হাউসটিউটরকে। তাঁরা তাঁদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।ফজিলাতুন্নেসা মুজিব হলের হাউসটিউটর গুলশান আরা বলেন, ‘প্রতিবছর যে সংখ্যক মেয়ে হল থেকে বের হয়ে যায়, তার চেয়ে বেশি সংখ্যক মেয়ে বরাদ্দ পায়। ধরা যাক, প্রতিবছর একটি ফ্লোরের ১০টি আসন খালি হয়। নতুনভাবে সে ফ্লোরে বরাদ্দ দেওয়া হয় সর্বোচ্চ ২০ জনকে। ১০ জনকে আমরা আসন দিচ্ছি। বাকি ১০ জন থেকে যাচ্ছে পরের বছরের জন্য। যারা পরের বছরে ২০ জনের সঙ্গে যোগ হয়ে ৩০ জন হচ্ছে। আমাদের কিন্তু পরের বছরও ১০ জনের বেশি কাউকে আসন দেওয়ার ক্ষমতা নেই। একদিকে নতুন মেয়েদের আসন দিতে না-পারা, অন্যদিকে পুরোনো মেয়েদের হল ছাড়ার তাগাদা দেওয়া—দুটোই অমানবিক। ইচ্ছা থাকলেও কিছু করার উপায় নেই।’শামসুন্নাহার হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মেহজাবীন হক বলেন, ‘অভিভাবকেরা যখন এসে বলেন, “আপা, আমার মেয়েটাকে শুধু হলে থাকার অনুমতি দেন। দরকার হলে বারান্দায় ঘুমাবে, তবু ওর নিরাপত্তা চাই”, তখন খুব অসহায় লাগে। আমিও তো একজন মা। যতটুকু সম্ভব বিশেষ বিবেচনায় কিছু আসন দেওয়ার চেষ্টা করি আমরা। কিন্তু তা পর্যাপ্ত নয় বলে সমস্যা থেকেই যায়। শামসুন্নাহার হলে প্রায় সাত হাজার মেয়েকে ভর্তি করা হয়, অথচ আবাসিক ও দ্বৈতাবাসিক মিলিয়ে এক হাজার ৩০০-এর ওপরে আসন দেওয়া সম্ভব হয় না। এক বিছানায় দুজন মেয়েকে জায়গা দিয়েও সমস্যার সমাধান হচ্ছে না। গেমস রুম, খোলা বারান্দা—এগুলো পর্যন্ত থাকার রুম বানাতে হয়েছে। মেয়েদের চেয়ার-টেবিল দিতে পারছি না জায়গার অভাবে। ফলে অনেকেরই পড়ালেখায় ব্যাঘাত ঘটছে।’ আসন সংখ্যার সীমাবদ্ধতার চিত্রটি পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিবরণীতে (২০০৭-২০০৮)। মেয়েদের হলগুলোর শিক্ষার্থীসংখ্যা, আসন বরাদ্দ ও আবাসিক শিক্ষার্থীর সংখ্যার চিত্রটি নিম্নরূপ—রোকেয়া হলমোট ছাত্রীর সংখ্যা: ছয় হাজার ২২৪, আবাসিক এক হাজার ৬১৩, অনাবাসিক চার হাজার ৬১১ জন।শামসুন্নাহার হলমোট ছাত্রীর সংখ্যা: সাত হাজার ১৪৫, আবাসিক ৬৮৮, দ্বৈতাবাসিক ৬১২ এবং অনাবাসিক পাঁচ হাজার ৮৪৫ জন।বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলমোট ছাত্রী দুই হাজার ২৩১ জন। আবাসিক ৫৩৬, দ্বৈতাবাসিক ২৬৩ জন এবং অনাবাসিক এক হাজার ৪৩২ জন।বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলমোট: দুই ১৮৪ জন। আবাসিক ৩০৪, দ্বৈতাবাসিক ৫০১ এবংঅনাবাসিক এক হাজার ৩৭৯ জন।২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের এ পরিসংখ্যান বর্তমান সময়েও খুব একটা বদল হয়নি। বরং নতুন শিক্ষাবর্ষে যোগ হয়েছেন নতুন অনেক শিক্ষার্থী।ছাত্রছাত্রীদের প্রত্যাশা আর প্রভোস্ট ও হাউসটিউটরদের সীমাবদ্ধতার কথাগুলো তুলে ধরা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়বে, এটাই স্বাভাবিক। পাশাপাশি যে আবাসিক-সংকট দেখা দিয়েছে, তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। কার্জন হলের পাশে মেয়েদের একটি নতুন হলের নির্মাণকাজ চলছে। এর কাজ প্রায় ৮০ ভাগ শেষ। রোকেয়া হলে নতুন কক্ষ নির্মাণ করা হচ্ছে। সূর্যসেন ও জিয়া হলের মাঝখানে ছেলেদেরও নতুন একটি হল নির্মাণের কাজ শুরু হয়েছে। জগন্নাথ হলে নতুন কক্ষ নির্মাণের কাজ চলছে। ফজিলাতুন্নেসা মুজিব ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে কক্ষসংখ্যা বাড়ানোর কার্যক্রম চলছে। এ ছাড়া মেয়েদের আরও একটি হলের বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত এর কাজ শুরু হবে। কাজগুলো শেষ হলে আবাসন-সংকটের সমস্যা অনেকটাই সমাধান হবে আশা করি।’বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসন-সংকট উত্তরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কী ভাবছে? ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যে আবাসন-সংকটের সৃষ্টি হয়েছে, এর সমাধানে কাজ করে চলেছে মঞ্জুরি কমিশন। আবাসন-সংকট দূর করতে মঞ্জুরি কমিশনের কাজ হচ্ছে প্রয়োজন বিবেচনা করে অর্থ বরাদ্দ দেওয়া। মূল কাজটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের। তারা তাদের প্রস্তাব পাঠালে অবশ্যই সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ করা হয়েছে এরই মধ্যে।