আরব বিপ্লবের পাঁচ শিক্ষা
আরব বিশ্বজুড়ে বয়ে যাওয়া বিপ্লবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিপ্লব বরাবরই একটি বিশৃঙ্খলাপূর্ণ বিষয়। কোনো ব্যাকরণ মেনে বিপ্লব হয় না। এটা মাধ্যমিক স্কুলের পাঠ্যবইয়ের সহজ যুক্তি মেনে চলে না। স্বাধীনতা ঘোষণার এক বছর আগেই আমেরিকান বিপ্লবকেন্দ্রিক বৈরিতা শুরু হয়ে গিয়েছিল। ব্রিটিশ বাহিনীর সঙ্গে ইয়র্কটাউনের চূড়ান্ত যুদ্ধেরও প্রায় সাত বছর পর্যন্ত সংবিধান অনুমোদিত হয়নি। ১৯৭৪ সাল থেকে মাত্র দুই বছরের মধ্যে পর্তুগাল নব্য ফ্যাসিবাদ থেকে সেনাশাসন হয়ে কমিউনিস্ট অভ্যুত্থানের মুখে পড়ে। এরপর সেখানে আবার উদারনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা সেই থেকে টিকে আছে। ১৯৮৬ সালে ফার্দিনান্দ মার্কোসের স্বৈরশাসন থেকে মুক্তি পায় ফিলিপাইনের জনগণ। কিন্তু তারা এখনো একাধারে গণতান্ত্রিক ও কার্যকর একটি সরকারপদ্ধতির সন্ধান করে ফিরছে।তিউনিসিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য দেখেছে বিশৃঙ্খলা কত প্রকার ও কী কী। তিউনিসিয়ায় তুলনামূলকভাবে দ্রুত ও শান্তিপূর্ণভাবে সরকারের পতন দেখেছে বিশ্ব। মিসরে হোসনি মোবারকের পতনের আগে ১৮ দিন ধরে চলেছে শান্তিপূর্ণ গণবিক্ষোভ ও সরকারের বিক্ষিপ্ত হস্তক্ষেপজনিত রক্তক্ষয়। কিন্তু রাজতান্ত্রিক ক্ষুদ্র বাহরাইনে সাংবিধানিক সংস্কারের দাবিতে জনতার বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়েছে। নানা মাত্রায় সহিংসতা হয়েছে ইয়েমেন ও ওমানে। সর্বশেষ বড় গোলযোগের সূত্রপাত হয়েছে আফ্রিকার লিবিয়ায়। সেখানকার সহিংসতার ধরন দেখে মনে হয় দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সব মিলিয়ে আরব বিশ্বের এই বিপ্লব থেকে যেসব শিক্ষা নেওয়া যায়, তা হলো:দাও, দাও, দাওঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট অ্যান্টনিস কলেজের মিডল ইস্ট সেন্টারের পরিচালক ইউজিনি রোগান বলেন, বর্তমানের মধ্যপ্রাচ্য সম্পর্কে চিন্তাভাবনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো জোগান। আরব বিশ্বের তরুণ জনগোষ্ঠী ক্রমবর্ধমানভাবে বংশানুক্রমিক রাজতন্ত্রের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে। প্রযুক্তির কল্যাণে তাঁরা ক্রমেই আগের চেয়ে বেশি করে বাইরের বিশ্বের সঙ্গে এবং একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এতে বিশ্বের অন্য দেশের সঙ্গে নিজেদের অবস্থার তুলনা করতে পারছেন তাঁরা। পর্যাপ্ত কাজের সুযোগ, শিক্ষা, বাসস্থান ও নিজ জনগণের মর্যাদার জন্য আরব বিশ্বের সরকারগুলো যথেষ্ট করেনি। রোগান বলেন, সরকারগুলোর দিতে না পারার ব্যর্থতাই উত্তেজনার সবচেয়ে বড় কারণ। একেক বিপ্লব একেক রকমকোনো বিপ্লব অন্য কোনো বিপ্লবের জন্য উৎকৃষ্ট উদাহরণ হতে পারে না। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের ওপর ঔপনিবেশিক ইতিহাসের ভিন্ন ভিন্ন ছাপ রয়েছে। মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ায় সাবেক শাসক ফ্রান্সের দৌলতে ফরাসি ভাষার ব্যাপক চল। ফ্রান্সের সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক। লিবিয়ার সঙ্গে সম্পর্ক ভালো সাবেক ঔপনিবেশিক শাসক ইতালির। জর্ডান কিছুদিনের জন্য ছিল ব্রিটিশদের হাতে সমর্পিত দেশ। মিসর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ সহায়তা পেয়ে থাকে। মিসরের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে পেন্টাগনের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। মিসরে মার্কিন স্বার্থটা যে রকম, প্রতিবেশী আর কারও ক্ষেত্রেই তেমন নয়।বিপ্লব এগিয়ে যাওয়ার পথে একেকটি দেশের নিজ নিজ স্মৃতি, ক্ষোভ ও সামাজিক ক্ষত তাদের বিপ্লবের ফলাফলের নির্দিষ্ট আকার দেয়। মিসরের ক্ষেত্রে বলা যায়, সে দেশের মানুষ সন্দেহাতীতভাবেই নিজেদের আবার আরব বিশ্বের নেতৃস্থানীয় অবস্থানে ফিরে পেতে চাইবে। তারা দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে চাইবে। জোটনিরপেক্ষ আন্দোলনের একসময়ের নেতা মিসরের ক্রম-অবনমনে দেশের অনেক মানুষই হীনম্মন্যতায় ভোগেন। হূতমর্যাদা পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা সব আরব দেশের মধ্যে মিসরেই হয়তো অনুভূত হবে সবচেয়ে তীব্রভাবে।অন্য দেশগুলোর কোনো কোনোটিতে পরবর্তী কালে কী ঘটবে, তা হয়তো নির্ধারণ করে দেবে ধর্ম। বাহরাইনে বিক্ষোভকারীদের স্লোগান, ‘নো সুন্নি, নো শিয়া, বাহরাইনি।’ শিয়া সংখ্যাগরিষ্ঠ বাহরাইনে সংখ্যালঘু সুন্নি ও রাজপরিবার (তারাও সুন্নি) শিয়াদের ওপর অন্যায় কর্তৃত্ব দেখিয়ে আসছে বলে অভিযোগ। সাম্প্রদায়িক ইস্যু দেশটিতে সাংবিধানিক সংস্কারের দাবির বিষয়টিতে খুব সহজেই তালগোল পাকিয়ে দিতে পারে। সিরিয়ারও নিজস্ব বিভাজন রয়েছে। ১৯৭০ সাল থেকে সিরিয়া শাসন করে আসছে আসাদ পরিবার, যারা এসেছে ক্ষুদ্র শিয়া গোষ্ঠী আলাবি থেকে। অথচ সিরিয়া সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। ১৯৮০-এর দশকে সিরিয়ায় মুসলিম ব্রাদারহুডকে যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তা এখনো স্মরণে রেখেছেন সেখানকার ইসলামপন্থীরা। ইয়েমেনে আলী আবদুল্লাহ সালেহর সরকার মোকাবিলা করছে দুটি বিদ্রোহের হুমকি। তার ওপর রয়েছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় সশস্ত্র জঙ্গিদের তৎপরতা। সুদানও দুই ভাগে বিভক্ত। আরব বংশোদ্ভূত মুসলিমরা উত্তরে (এই অংশের লোকেরা দেশটি শাসন করে) আর দক্ষিণে আফ্রিকান ও খ্রিষ্টানরা বাস করে। দক্ষিণের লোকেরা সম্প্রতি স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। জর্ডানে অসংখ্য উদ্বাস্তু ফিলিস্তিনির বাস।অর্থনৈতিক ইস্যুগুলোও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পাবে। দুর্নীতির প্রতি তীব্র বিরাগ আরব বিশ্বের দেশগুলোতে বরাবরই ছিল। তবে এই ঘৃণা সবচেয়ে বড় পরিবর্তনের নিয়ামক হতে পারে লিবিয়ার ক্ষেত্রে। কম জনসংখ্যা, খনিজ সম্পদের প্রাচুর্য, সাংস্কৃতিক ইতিহাস ও ধনী ইউরোপীয় বাজারের নৈকট্যের কারণে অনেক আগেই লিবিয়ার পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মতো ‘অর্থনৈতিক পাওয়ারহাউসে’ পরিণত হওয়ার কথা ছিল। কিন্তু এর পরিবর্তে দেশটি মুয়াম্মার গাদ্দাফি, তাঁর পরিবার ও সমর্থকদের লাভের জন্য পরিচালিত হয়েছে।ধৈর্যশীলতা প্রকৃতই সদ্গুণআরব বিশ্বের বিচিত্র সামাজিক ও অর্থনৈতিক পারিপার্শ্বিকতার বিবেচনায় এবং তিউনিসিয়ার সরকারবিরোধী বিক্ষোভের হাসিমুখ থেকে লিবিয়ার দ্রুত অবনতিশীল পরিস্থিতি এটাই বলে যে চলমান বিপ্লবের সবচেয়ে নিশ্চিত শব্দটি হচ্ছে অনিশ্চয়তা। বর্তমান পরিস্থিতিতে নিশ্চিতভাবেই সবচেয়ে প্রাজ্ঞ পরামর্শ হলো ধৈর্যশীলতার আহ্বান। ১৯৮৯ সালের ইউরোপীয় বিপ্লবের সময় অনেকেই মধ্যপ্রাচ্যের প্রসঙ্গ তুলতেন। অবাক হয়ে বলতেন, ওই অঞ্চলটি কেন এখনো গণতান্ত্রিক আন্দোলনের স্রোতে গা ভাসাচ্ছে না। কিন্তু গত কয়েক মাসে যদি কোনো কিছু নিশ্চিতভাবেই প্রমাণিত হয়ে থাকে, তা হলো ‘আরব ব্যতিক্রম’ বলে কিছু নেই। এমন কোনো লৌহকঠিন শাসন নেই, যা মধ্যপ্রাচ্যের মানুষের মন থেকে মানবজীবনের মৌলিক আশা-আকাঙ্ক্ষা মুছে দিতে পারে। নিজের শাসক বেছে নেওয়ার অধিকার, সন্তান নিজের চেয়ে ভালো জীবনযাপন করবে এই আশাবাদ, সমৃদ্ধি ও সুখের অন্বেষণের ধারণা—এগুলো সুপ্ত হলেও মধ্যপ্রাচ্যে ঠিকই ছিল। জাগিয়ে তুলতে দরকার ছিল শুধু একটি লিঙ্গের। তিউনিসিয়ায় নিজেকে পুড়িয়ে মারা বেকার যুবকটিই সেই লিঙ্গ।প্রতিষ্ঠান আসল ব্যাপারবৈপ্লবিক রূপান্তরের ধরনের কারণে মধ্যপ্রাচ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংঘবদ্ধ ও সাহসী তরুণেরা হয়তো পরিবর্তন আনতে সক্ষম হবে। কিন্তু তাহরির স্কয়ারে সমবেত জনতা দেশের শাসনক্ষমতা নিতে পারবে না। ফেসবুক কিংবা টুইটার অ্যাকাউন্টও দেশ পরিচালনা করতে পারবে না। সরকার চালাতে চাই আরও বেশি কিছু। দীর্ঘদিনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কারণে খুঁড়িয়ে চললেও মিসর ও তিউনিসিয়ায় পার্লামেন্ট আছে, রয়েছে রাজনৈতিক দল ও শ্রমিক ইউনিয়ন। এ ছাড়া সেখানে আছে গণমাধ্যম, যে গণমাধ্যমের কর্মীরা বিশ্বের অন্য জায়গায় সাংবাদিকেরা যেভাবে মুক্তভাবে কাজ করেন, সেভাবেই কাজ করতে চান। এ সবকিছুই একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকারপদ্ধতি গঠনের সম্ভাবনার শুভলক্ষণ বহন করে। যেসব দেশ এসব প্রতিষ্ঠানের দিক থেকে পিছিয়ে আছে তাদের জনগণের লড়াইটা হবে অনেক কঠিন। সমাজতন্ত্র-পরবর্তী রাশিয়া এর চমৎকার উদাহরণ।নিজেদের করতে দিনবিশ্বের বিক্ষুব্ধ ও অস্থিতিশীল কোনো অঞ্চলে পরিবর্তন এলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো সুখী অঞ্চলের বাসিন্দারা (পড়ুন সরকার) প্রসন্নচিত্তে এ কথা জিজ্ঞেস করতেই পারেন যে ‘আপনাদের সহায়তায় কী করতে পারি?’ এবং তাঁরা নিশ্চিতভাবেই সহায়তা করতেও পারবেন। নৈকট্যসহ নানা কারণে যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপ সম্ভবত এ ক্ষেত্রে এগিয়ে থাকবে।কিন্তু একটি বিষয় তাঁদের বিবেচনা করতে হবে যে আরবরা এবার নিজেরাই এই আন্দোলন করছে। এই বিপ্লব একটি আঞ্চলিক বিপ্লব। এই আন্দোলন এমন একটি আন্দোলন, যেখানে তরুণেরা অন্য দেশের বিপ্লব থেকে কৌশল শিখেছেন, প্রযুক্তি কাজে লাগিয়েছেন, ধার করেছেন একে অন্যের স্লোগান। বিবিসি কিংবা সিএনএন নয়, এ আন্দোলনের মূল মেগাফোন ছিল মধ্যপ্রাচ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা। ‘টাইম’ থেকে ভাষান্তর: দাউদ ইসলাম