আরাকান সড়কের মিলিটারি পুলের অবস্থা নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কে বোয়ালখালী খালের ওপর নির্মিত মিলিটারি পুলের (সেতু) অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন এলাকার লোকজন।সরেজমিনে দেখা যায়, বোয়ালখালী ও পটিয়া উপজেলার সংযোগস্থল সেতুটির এক পাশের মাটি ধসে তলিয়ে যাচ্ছে বোয়ালখালী খালে। সেতুটি দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্তের। একদিকে বেইলি সেতু, অন্যদিকে পাকা সেতুর বিধ্বস্ত অংশ—যেন সেতুর ওপর সেতু। এ অবস্থায় সেতুর একদিক থেকে যানবাহন উঠলে অন্যদিক থেকে দেখা যায় না। তাই অনেক সময় উভয়দিক থেকে যানবাহন উঠে মুখোমুখি হয়ে যায়। স্থানীয় লোকজন জানান, গেল সপ্তাহে কয়েক দিনের টানা বৃষ্টিতে খালের পানির স্রোত অস্বাভাবিক বেড়ে যায়। স্রোতের আঘাতে নড়বড়ে হয়ে গেছে সেতুর অবকাঠামো। দেখা দিয়েছে ফাটল। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে সেতুটি দ্রুত মেরামত করা হবে বলে জানান সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দোহাজারি সার্কেলের নির্বাহী প্রকৌশলী।স্থানীয় সূত্র জানায়, ২০ বছর আগেই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জোড়াতালি দিয়ে কোনো মতে সেতুটি টিকিয়ে রেখেছে সওজ কর্তৃপক্ষ। দুই বছর আগে কর্তৃপক্ষ সেতুর দুই দিকে সর্তক-সংকেত সম্বলিত নির্দেশিকা টাঙিয়ে দেয়। তাতে লেখা আছে—‘ঝুঁকিপূর্ণ সেতু, পাঁচ টনের অধিক ভারী যানবাহন পারাপার নিষিদ্ধ।’ তবে সওজ এই নির্দেশিকা টাঙিয়েই যেন দায় সেরেছে। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে ২০-২৫ টন ওজনের বাস, ট্রাক, ট্রলিসহ নানা যানবাহন। জানা গেছে, এ সেতু দিয়ে প্রতিদিন ছোট-বড় পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে। কথা হয় সেতুর কাছে ট্রাকচালক রহমত উল্লাহর সঙ্গে। তিনি বলেন, ‘সেতুতে গাড়ি উঠলে পুরো সেতুসহ গাড়ি কাঁপতে থাকে। তখন আল্লাহর নাম জপে জপে সেতু পার হই।’ স্থানীয় লোকজন জানান, সেতুটি নির্মাণকালে বোয়ালখালী খালটি ছোট ও স্রোতহীন ছিল। এখন প্রবল স্রোতে খালের প্রস্থ দ্বিগুণ হয়েছে। এ ছাড়াও মিলিটারি পুল এলাকায় গড়ে উঠেছে অনেক কারখানা। সেতু এলাকা থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে বালু মহল ও নির্মাণাধীন বিভিন্ন কারখানার ভরাট কাজের জন্য। এভাবে খালের ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙনও বেড়ে গেছে। এতে দিন দিন নাজুক হয়ে পড়ছে সেতুর অবকাঠামো। স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সেতুটি অযত্ন-অবহেলার শিকার। খালের ভাঙনে সেতুর দুই পাশের মূলস্তম্ভ থেকে মাটি সরে গেছে। এখন নতুন সেতু নির্মাণের বিকল্প নেই। সওজ সূত্রে জানা যায়, ১৯৬৫ সালের দিকে নির্মিত ১২০ ফুট দীর্ঘ ও ১৮ ফুট প্রস্থের সেতুটি ছিল চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম। অত্যধিক যানবাহনের চাপে ৩০ বছরের মাথায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সেতুটি। ১৯৯৬ সালে সেতুর উত্তরাংশ দেবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সওজ কর্তৃপক্ষ দেবে যাওয়া পাকা সেতুর ওপর জরুরি ভিত্তিতে ৭০ ফুটের একটি বেইলি সেতু স্থাপন করে জোড়াতালি দিয়ে পুনরায় যান চলাচলের উপযোগী করে তোলে। পরবর্তীতে ওই বেইলি অংশে আবার ফাটল দেখা দিলে সওজ বেইলি সেতুর অংশ আরও ২০ ফুট বাড়ায়। এরপর গত ১৫ বছরে বেইলি অংশের ইস্পাতের পাটাতন জরাজীর্ণ হয়ে যাওয়ায় অসংখ্যবার দুর্ঘটনা ঘটেছে। সওজের পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছি। পরিকল্পনা কমিশনে ওই প্রস্তাবনা অনুুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া, দ্রুত মেরামত করার লক্ষ্যে দরপত্র আহ্বানের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’