আরাফাত এবার আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে
মুহাম্মদ সামছুজ্জামান আরাফাত দৌড়ে গিয়েছিলেন টেকনাফ থেকে তেঁতুলিয়া। ২০১৭ সালের সে যাত্রায় ২০ দিনে পাড়ি দিয়েছেন এক হাজার কিলোমিটারের বেশি পথ। দৌড়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার কৃতিত্ব গড়ার পর তাঁকে যেন আরও রোমাঞ্চ পেয়ে বসে। দেশ-বিদেশে নানা অভিযানে অংশ নিয়েছেন। যেমন এ বছরই সপ্তমবারের মতো পাড়ি দিয়েছেন বাংলা চ্যানেল।
রোমাঞ্চপ্রিয় মুহাম্মদ সামসুজ্জামান আরাফাত বুধবার পথ ধরেছেন মার্কিন মুলুকের। সেখানে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। সাঁতার, সাইক্লিং ও দৌড়—প্রতিযোগিতার তিনটি ধাপ। যুক্তরাষ্ট্রের সেন্ট জর্জ ইউটা শহরের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যেক প্রতিযোগীকে প্রথমে প্রায় দুই কিলোমিটার সাঁতরাতে হবে, তারপরই ৯০ কিলোমিটার সাইকেলে যেতে হবে এবং শেষ হবে প্রায় ২১ কিলোমিটার হাফ ম্যারাথনের মধ্য দিয়ে। আরাফাত জানালেন, প্রতিযোগীদের এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সাড়ে ৮ ঘণ্টার মধ্যে।
প্রস্তুতি সম্পর্কে মুহাম্মদ সামসুজ্জামান আরাফাত বলেন, ‘বছরব্যাপী আয়োজিত বিভিন্ন আয়রনম্যান ইভেন্টে অংশগ্রহণকারী অ্যাথলেটদের পারফরম্যান্সের ভিত্তিতে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিযোগী নির্বাচিত করা হয়। আমি সুযোগ পেয়ে প্রস্তুতিতে ঘাটতি রাখিনি। আয়রনম্যান অভিযানের লক্ষ্যে আমি দীর্ঘদিন কঠিন অনুশীলন করে চলেছি। আমার লক্ষ্য, সাড়ে ৫ ঘণ্টার মধ্যে এই কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করা।’
আয়রনম্যান আয়োজনে আরাফাত প্রথম অংশ নেন ২০১৭ সালে, মালয়েশিয়ায়। এরপর ২০১৯ সালে আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, একই বছর আয়রনম্যান মালয়েশিয়া এবং থাইল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বাংসায়েনে অংশ নিয়েছেন।
আরাফাতের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সহযোগিতা করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আকাশ ডিটিএইচ, ডিএইচএস মটরস এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।
পেশায় ব্যাংকার মুহাম্মদ সামসুজ্জামান আরাফাত বলেন, ‘আমি সুস্থ বাংলাদেশের স্বপ্ন দেখি। সে স্বপ্ন পূরণে কাজ করতে চাই। রোমাঞ্চকর নানা আয়োজনের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করতে চাই।’