চারুকলার ছাত্র শুনে মোহাম্মদ আরাফাতকে (আরাফাত রুবেল) তাঁর এক আত্মীয় বলেছিলেন, চারুকলায় পড়ে কী হবে, পেটের ভাত হবে না, চাকরি পাওয়া যাবে না—এই তিরস্কারকে নিজের চেষ্টায় আর যোগ্যতায় পুরস্কারে পরিণত করেছেন মোহাম্মদ আরাফাত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পাস করার পরে এক দিনের জন্যও তিনি চাকরি খোঁজেননি। বরং নিজেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কাজে লেগে পড়েছেন। প্রত্যক্ষ-পরোক্ষভাবে এ পর্যন্ত তিনি প্রায় পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। মোহাম্মদ আরাফাতের বাড়ি রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকায়। বাবা আবদুল জব্বার সংবাদপত্রে চাকরি করতেন। বাবা-মায়ের চার সন্তানের মধ্যে আরাফাত তৃতীয়। শখ করে চারুকলায় ভর্তি হয়েছিলেন। তাঁর মাধ্যম ছিল ছাপচিত্র। এতে প্রধান উপকরণ হিসেবে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়। কাঠের ওপরে ছাপ দিয়ে ছবি করতে হয়। কাঠ ও পার্টিকেল বোর্ডের সংমিশ্রণে শিল্পকর্ম তৈরি করতে গিয়ে তাঁর মনে মানুষের নৈমিত্তিক ব্যবহারের আসবাবপত্র তৈরির ভাবনা জন্মে। শখের বশেই তিনি পড়াশোনার পাশাপাশি নিজস্ব নকশায় বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে শুরু করেন। ২০০৭ সালে এমএফএ কোর্স শেষ করেছেন। এরই মধ্যে রাজশাহীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হলো। তিনি নিজের তৈরি আসবাবপত্র নিয়ে মেলায় অংশ নেন। তাঁর তৈরি নিত্যপ্রয়োজনীয় সব আসবাবপত্রের শৈল্পিক চেহারায় চারদিকে হইচই পড়ে যায়। তিনি বেশ কিছু ফরমায়েশও পান। এতে আরাফাত দারুণ উৎসাহিত হন। তাঁর মাথায় বাণিজ্যিকভাবে এসব আসবাবপত্র তৈরির চিন্তা আসে। এর আগে ছাত্রাবস্থায় তিনি বিয়েবাড়ি ও অন্যান্য অনুষ্ঠানের সাজসজ্জার কাজ করতেন। এ থেকে তাঁর বেশ কিছু সঞ্চয় ছিল। এলাকার পাঁচ-সাতজন যুবক বেকার ঘুরে বেড়াচ্ছিলেন। আরাফাত তাঁদের ডেকে নিজের কাজের নকশা বোঝানোর চেষ্টা করেন। নতুন ধরনের কাজের ব্যাপারে তাঁরাও বেশ আগ্রহ প্রকাশ করেন। আরাফাত তাঁর জমানো টাকা দিয়ে হালকা কিছু যন্ত্রপাতি কিনলেন। নগরের রানীবাজারে একটা ঘর ভাড়া নিয়ে কারখানা করলেন। রাজশাহী শিক্ষানগরে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী অবস্থান করেন। এ জন্য আরাফাত প্রথম অবস্থায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় আসবাবপত্র, রিডিং টেবিল, কম্পিউটার টেবিল ও বুকশেলফ তৈরি শুরু করলেন। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্রমবর্ধমান হারে তাঁর আসবাবপত্রের চাহিদা বাড়তে থাকে। এক বছরের মাথায় তাঁর কর্মচারীর সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫০-এ। আরাফাত তাঁর প্রতিষ্ঠানের নাম দেন ‘আলমিরা’। রাজশাহী নগরের গ্রেটার রোড, রানীবাজার ও বগুড়ার শেরপুর রোডে তাঁর বিক্রয়কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে আলমিরা একটি সৃজনশীল প্রতিষ্ঠান হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে। এখানে মানুষের প্রয়োজনের দিকে খেয়াল রেখে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে কিছু বিশেষ ধরনের আসবাবপত্র তৈরি করা হয়। যেমন, ছোট্টমণিরা সহজে বই নিয়ে বসতে চায় না, কিন্তু আলমিরা শিশুদের মনস্তাত্ত্বিক বিষয়ের দিকে খেয়াল রেখে বিচিত্র রঙের এমন কিছু আসবাবপত্র তৈরি করেছে যে শিশুরা আগ্রহভরে সেগুলোতে বই মেলে বসবে। রাজশাহীতে আলমিরার কারখানায় বর্তমানে শতাধিক শ্রমিক কাজ করছেন। আরাফাত পারটেক্স স্টারের রাজশাহী জেলার পরিবেশক। পরোক্ষভাবে তাঁর এই কাজের সঙ্গে আরও ৫০০ পরিবারের কর্মসংস্থান হয়েছে।তাঁর ব্যবসা সম্প্রসারিত হতে থাকলে একপর্যায়ে কয়েকটি বেসরকারি ব্যাংক তাঁর আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে। রাজশাহী শহরের এমন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আবদুল মুকিত বলেন, আমরা যে ব্যবসায়ীদের অর্থ সরবরাহ করি, তাঁদের মধ্যে আরাফাত রুবেল একজন সফল এবং সম্ভাবনাময় ব্যবসায়ী। আরাফাত চাকরি না করে নিজের উদ্যোগে কর্মসংস্থান তৈরির ব্যাপারটি এখন তাঁর সহপাঠী বন্ধুমহলে বেশ আলোচিত। আরাফাতের বাল্য বন্ধু এ টি এম জহিরুল ইসলাম ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, আরাফাত আমাকে ওর সঙ্গে ব্যবসা করার জন্য প্রস্তাব দিয়েছিল। তখন আমি সাহস পাইনি। এখন মনে মনে বলি, ও আমার চেয়ে হাজার গুণ ভালো করেছে। ও নিজের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। আর আমি চাকরি করি। সত্যি বলতে কি, আমাকে ঠিকমতো চলতে হিমশিপ খেতে হয়। আলমিরায় প্রথম পর্যায়ে যেসব কর্মচারী বেকার অবস্থায় কাজ পেয়েছিলেন, তাঁদের মধ্যে সুমন আহাম্মেদ একজন। সুমন বলেন, তিনি বেকার ঘুরে বেড়াচ্ছিলেন। অধিকন্তু বন্ধুদের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হতে যাচ্ছিলেন। এ সময় রুবেল তাঁকে এই কাজ দেন। সুমন এখন পরিবার-পরিজন নিয়ে বেশ ভালো আছেন। এখানে চার বছর ধরে কাজ করছেন মাসুদ রানা। তিনি বলেন, এই কারখানায় কাজ করে তিনি প্রতি মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা আয় করছেন। তিনি এই কাজ করে ইতিমধ্যেই তাঁর নিজের গ্রামে জায়গা-জমি ও হালের বলদ কিনেছেন। রামচন্দ্রপুরে আলমিরার কারখানায় গিয়ে দেখা যায়, ব্যস্ত কর্মচারীরা যে যাঁর মতো কাজ করছেন। কর্মচারী নজরুল ইসলাম বলেন, তাঁরা আলমিরার কারখানায় চুক্তিভিত্তিক কাজ করেন। একটা আলমারি তৈরি করলে তাঁরা ৬০০ থেকে ৮০০ টাকা মজুরি পেয়ে থাকেন। টানা কাজ করলে একদিনেই শেষ করা যায়।মোহাম্মদ আরাফাতের স্ত্রী আলিয়া রুপি বলেন, চাকরি নেই, ব্যবসায়েরও শুরু, এই অবস্থায় বিয়েতে তাঁর পরিবারের অনেকেরই অমত ছিল। কিন্তু এখন ওর সাফল্যে সবাই খুশি।