আরাম পোশাক সোনামণির জন্য
শিশুর যুতসই পোশাক নিয়ে মা-বাবা চিন্তিত থাকেন সবসময়। ঈদের বাজারে শিশুদের রকমারি পোশাকের সম্ভার নিয়ে এসেছে বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠান। কিডস ক্যাম্প: জিইসি মোড়ের কাছে মোহাম্মদ আলী সড়কের মোড়ে কিডস ক্যাম্পে এবার সুতি, টিস্যু, সিল্কের ফ্রক বেশি এসেছে। তবে এবার ঈদে লম্বা ফ্রককে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কিডস ক্যাম্পের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ঈদে সুতি ফ্রক ও লং ফ্রক বেশি চলবে। কারণ অনেকেই মনে করছেন এবার ঈদে গরম পড়বে বেশি। আর গরমে সুতির কাপড়ই ছোটদের জন্য আরামদায়ক।’ তা ছাড়া তাঁদের দোকানে এবার নবজাতক শিশুর জন্যও বেশ ভালো সংগ্রহ রয়েছে বলে তিনি জানান। এ দোকানে বাচ্চাদের পোশাক ৮০০ থেকে ছয় হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। দোকানে আসা ক্রেতা নওশাদ বলেন, ‘এ দোকান থেকে আমি প্রতি বছর ঈদে আমার মেয়ের জন্য শপিং করি। এদের কালেকশন খুবই ভালো।’রওশনস: কিডস ক্যাম্পের পাশেই রওশনসে মেয়েদের জন্য হাতের কাজ, ব্লক ও অ্যামব্রয়ডারি করা সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে। তা ছাড়া ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, শেরওয়ানিও পাওয়া যাচ্ছে। বাচ্চাদের পাঞ্জাবিতে কারচুপির কাজ রয়েছে। আরও বিভিন্ন কাজের পাঞ্জাবি ও শেরওয়ানি মিলবে এখানে। চাইল্ড হুড: জিইসির মোড়ের সেন্ট্রাল প্লাজার চাইল্ড হুডে সালোয়ার-কামিজের মধ্যে এসেছে মাই নেম ইজ খান, প্রতিজ্ঞা, আকসারা, মাসাকালি, সোহানা ইত্যাদি। তা ছাড়া মেয়েদের লেহেঙ্গা ও ঘাগড়াও এসেছে। মেয়েদের স্কাট, জিনস, টপসও পাওয়া যাচ্ছে। এগুলোর বেশির ভাগ অরগ্যান্ডি, সিনথেটিক, শাইনিং কটন, সুতি, টিস্যু কাপড়ের তৈরি। সালোয়ার-কামিজগুলো দেড়-চার হাজার ৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছেলেদের জিনস, শার্ট, টি-শার্ট, থ্রি-কোয়ার্টার প্যান্ট, পাঞ্জাবি ও শেরওয়ানি পাওয়া যাচ্ছে। পাঞ্জাবিগুলো সিল্ক, আদি কটন, সুতি, অ্যান্ডি কটন কাপড়ে তৈরি। পাঞ্জাবি ও শেরওয়ানি ৭৫০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নবজাতক শিশুর কাপড়ও পাওয়া যাচ্ছ এখানে। পোশাকের পাশাপাশি ছোটদের জুতার জন্যও জনপ্রিয় এ প্রতিষ্ঠান। গার্ডেনিয়া: সেন্ট্রাল প্লাজার দোতলায় গার্ডেনিয়াতে ইন্ডিয়ান সালোয়ার-কামিজগুলো ভালো পাওয়া যাচ্ছে। মাসাকালি, আকসারা, সোহানা, বেবো, প্রতিজ্ঞা এসব কাপড়ই পাওয়া যাচ্ছে। দাম এক-পাঁচ হাজার টাকা পর্যন্ত। এখানে শাকিরা ফ্রকও পাওয়া যাচ্ছে। এ পোশাকের দাম ৬০০ থেকে দেড় হাজার টাকা। তা ছাড়া ছেলেদের গেঞ্জি সেট ৫০০ থেকে দুহাজার টাকায় বিক্রি হচ্ছে। এখানেও নবজাতকের কাপড় পাওয়া যাচ্ছে। দাম রাখা হচ্ছে ২০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। বেশ ভালো মানের কাপড় পাওয়া যাচ্ছে এখানে। সিনোরিতা: সানমার ওশান সিটির সিনোরিতাতে মেয়েদের ফ্রক, জিনস, টপস ইত্যাদি পাওয়া যাচ্ছে। জিনসের দাম ৮০০ থেকে এক হাজার টাকা। টপস পাওয়া যাচ্ছে ৮০০ থেকে দুহাজার টাকায়। এখানকার বেশির ভাগ কাপড়ই ভারতের। ফেনসি ফেয়ার: সানমার ওসান সিটির এ দোকানে সব ছেলেদের কাপড়। ছেলেদের জিনস, থ্রি-কোয়ার্টার প্যান্ট, গেঞ্জি, শার্ট, টি-শার্ট পাওয়া যায়। এখানেও কাপড়ের মূল্য তেমন বেশি নয়। অঞ্জন’স: পূর্ব নাসিরাবাদের অঞ্জনসে অ্যান্ডিকটন, লিলেন, টুয়েল কটন, রাজশাহী সিল্ক দিয়ে তৈরি সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে। মেয়েদের কাপড়ে হাতের কাজটাই বেশি করা হয়েছে। মেয়েদের ফতুয়া ২২৫-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আর সালোয়ার-কামিজ বিক্রি হচ্ছে ৮৫০ থেকে এক হাজার ৫০ টাকায়। ছেলেদের ফতুয়া ২২৫-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঞ্জাবি ৩৫০ থেকে এক হাজার ৫০ টাকা। ছেলেদের পাঞ্জাবিতেও হাতের কাজ রয়েছে। নোঙর: নাসিরাবাদের নোঙরে মেয়েদের সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৭৫০ টাকায়। আর ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া পাওয়া যাচ্ছে। পাঞ্জাবির দাম ৫০০-৬৬০ টাকা। ফতুয়া ৩৫০-৫৫০ টাকা। দেশি কাপড়গুলোর ওপর হাতের কাজ ও অ্যামব্রয়ডারি করে পোশাকগুলো তৈরি করা হয়েছে।