আরামদায়ক পোশাকই সেরা
ঈদের পোশাকে উৎসবের আমেজ থাকা চাই। পোশাক হতে হবে আরামদায়ক, রুচিশীল সেই সঙ্গে নকশায় থাকতে হবে নতুনত্ব। নুরজাহান আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় সেরা পোশাক বাছাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলোর ওপর জোর দিয়েছেন বিচারকেরা।রওশন আরা চৌধুরী, আইভি হাসান, শিমুল খালেদ, এইচ এম ইলিয়াস—এই চারজন ফ্যাশন ডিজাইনার ও সিনিয়র মার্চেন্ডাইজার শ্যামলী চৌধুরী এবার বিচারকের দায়িত্ব পালন করেছেন।প্রতিযোগিতায় ১১০টি পোশাক থেকে ১৩টি ক্যাটাগরিতে ৪৩টি পোশাককে পুরস্কৃত করেছেন বিচারকেরা। তাঁরা জানান, পোশাকের নকশায় দেশীয় সংস্কৃতির প্রতিফলন ঘটেছে। ইতিবাচক মনে হয়েছে প্রতিযোগীদের দেশি কাপড় ব্যবহার করার প্রবণতা।গত বুধবার রাতে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয়েছে রাত ১১টায়। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে একের পর এক ফ্যাশন কিউ দেখেছেন বিচারকেরা। র্যাম্পে একেকজন মডেল তাঁদের সামনে এসে দাঁড়াচ্ছিলেন। জহুরি চোখ দিয়ে নিরীক্ষণের পরপরই তাঁরা ঝুঁকে পড়ছিলেন নম্বরফর্দের ওপর। এমন ব্যস্ততার ফাঁকেই কথা হয় তাঁদের সঙ্গে। ‘এই ফ্যাশন শোর শুরু থেকেই আমি আছি। এক সময় প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছি, বিচারকদের রায়ের জন্য অপেক্ষা করেছি দুরু দুরু বুকে। আর আজকে এখানে নিজেই বিচারকের চেয়ারে বসেছি। এক ঝাঁক নতুন ডিজাইনারকে দেখে খুব ভালো লাগছে।’ আইভি হাসান এভাবেই নিজের উচ্ছ্বাসটা প্রকাশ করলেন। নতুনদের কাজ কেমন লেগেছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, কিছু কিছু কাজ ভালো। তবে ছেলেদের পোশাকে তেমন নতুনত্ব খুঁজে পাননি। উৎসবের সঙ্গে মানানসই, আরামদায়ক ও দাম হাতের নাগালে—এমন পোশাককেই ঈদের সেরা পোশাক মনে করেন তিনি।চট্টগ্রামের ডিজাইনাররা ভবিষ্যতে এগিয়ে যাবেন, এ ব্যাপারে ভীষণ আশাবাদী আইভি হাসান। বললেন, ‘ধীরে ধীরে হলেও এখানে বুটিক ও ফ্যাশন হাউজ গড়ে উঠছে। একটা সময় আসবে যখন ক্রেতারা বাজারের তৈরি পোশাক ছেড়ে এ ধরনের পোশাকের প্রতি আরও বেশি মাত্রায় আকৃষ্ট হবেন।’রওশন আরা চৌধুরী বলেন, ‘পোশাক বাছাইয়ের সময় আমরা লক্ষ করেছি পোশাকে উৎসবের ভাব আছে কী-না। এ ছাড়া, পোশাককে অবশ্যই আরামদায়ক হতে হবে।’ নতুন ডিজাইনারদের কাজে মুগ্ধ তিনি। জানালেন, ‘অনুজদের কাছে হেরে যাওয়ার মধুর অনুভূতি হচ্ছে।’মেয়েদের সালোয়ার-কামিজ বিভাগে ডিজাইনারদের কাজ দেখে মুগ্ধ শিমুল খালেদ। কাটিং, নকশা, রং ও কাপড়ের বাছাই ভালো লেগেছে বলে জানালেন তিনি।চট্টগ্রামের ডিজাইনারদের কাছ থেকে কেমন কাজ আশা করেন?—এই প্রশ্নের উত্তরে শিমুল জানান, ‘চট্টগ্রামের প্রকৃতি, এখানকার নদী, পাহাড় মানুষ, আদিবাসী এসব কিছুর মধ্যেই ছড়িয়ে আছে নকশার উপাদান। এখানকার ডিজাইনারদের কাজে এসবের ছাপ থাকবে এটাই আশা করি। সেই সঙ্গে কাপড়টা যাতে দেশি হয় সেদিকে লক্ষ রাখতে হবে।’গত বছরও আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন এইচ এম ইলিয়াস। এবার এই আসরের বিচারক তিনি। তরুণ ডিজাইনারদের মৌলিক কাজ করার পরামর্শ দিলেন। তা ছাড়া অধ্যবসায়, নিরন্তর নিরীক্ষা ও পড়াশোনার মধ্যে থাকলে সাফল্যের নিশ্চয়তা শতভাগ বলে তিনি মনে করেন ।বিদেশে এদেশের পোশাকের বাজার তৈরি ও রপ্তানি বাড়ানোর কাজের সঙ্গে যুক্ত মার্চেন্ডাইজার শ্যামলী চৌধুরী। দেশের বাইরে এ দেশের লোকজ ঘরানার পোশাকের কদর আছে। এই দিকটি সামনে রেখে ডিজাইনাররা কাজ করতে পারেন বলে তিনি মনে করেন। শ্যামলী বলেন, ‘বিদেশে এখানকার ডিজাইনের পোশাকের বাজার সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য বড় কারখানা প্রতিষ্ঠা করতে হবে। কম সময়ে একসঙ্গে অনেক পিস কাপড় সরবরাহ করতে না পারলে অর্ডার পাওয়া যাবে না।’ এখন না থাকলেও অদূর ভবিষ্যতে এ কাজে উদ্যোক্তার অভাব হবে না—এমন আশাবাদ পোষণ করেন তিনি।