আরামদায়ক পোশাকের প্রাধান্য
প্রতিবারের মতো এবারও ঈদে বুটিক হাউসগুলো ফ্যাশনে এনেছে নতুন মাত্রা। চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনাররা দেশীয় ও পাশ্চাত্য ডিজাইনের সংমিশ্রণে পোশাকে এনেছেন বৈচিত্র্য। সব ধরনের পোশাকেই ভিন্নতা আনার চেষ্টা করছে বুটিক হাউসগুলো। তবে গরমের কথা মাথায় রেখে সুতির আরামদায়ক পোশাকের প্রাধান্য বেশি। ডলস হাউস, এনএস ক্রিয়েশনস, ক্র্যাফট ক্যাসেল, কালপুরুষসহ চট্টগ্রামের প্রায় সব বুটিক হাউসে শেষ হয়েছে ঈদের প্রস্তুতি।ডলস হাউস: হালফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় আমেজের নান্দনিকতায় ঈদ পোশাক সাজিয়েছেন ডলস হাউসের ফ্যাশন ডিজাইনার আইভি হাসান। তিনি বলেন, ‘ঈদ ফ্যাশনের ট্রেন্ড মাথায় রেখেই পোশাকের ডিজাইন করেছি। গরমে সুতি ও দেশীয় কাপড় বেছে নিলেও বিশেষ উপলক্ষে পড়ার মতো রুচিসম্মত জমকালো নকশা করেছি।’ আইভি হাসানের এবারের ঈদ আয়োজনে প্রাধ্যান্য পেয়েছে আদিবাসী সংস্কৃতি। দেশীয় কাপড়ে আদিবাসীদের পোশাকের বিভিন্ন নকশার প্রতিফলন ঘটেছে। শাড়িতে হ্যান্ডলুম, অ্যান্ডি ও মসলিন কাপড়ে চাকমা, মারমা, রাখাইন, মণিপুরি ও বম সম্প্রদায়ের পোশাকের নকশা স্থান পেয়েছে ভিন্ন ঢঙে। রবীন্দ্রনাথের সার্ধশততম বার্ষিকীর ভাবনা থেকে শাড়িতে ব্যবহার করা হয়েছে সেই সময়ের চিকন পাড়, তাতে স্ট্রেটলাইন স্টিচ বা কাঁথাফোঁড়, কুচিতে অ্যান্ডি কাপড়ে স্ট্রাইপ। কাপড়েও ভিন্নতা রয়েছে—মসলিন, কাতান, সিল্ক, হ্যান্ডলুমের কাপড়ের সঙ্গে কুচিতে অ্যান্ডি, আঁচলে হালকা কাজ। আদিবাসী নকশায় তৈরি শাড়ি পাঁচ থেকে ১০ হাজার, অ্যাপ্লিক ও হ্যান্ডপেইন্টের শাড়ি পাঁচ থেকে ১০ হাজার, কাতান ও মসলিনের শাড়ি ১০-১৫ হাজার, তাঁত এক হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০, শেষের কবিতার থিম নিয়ে তৈরি শাড়ি দুই থেকে আড়াই হাজার টাকায় পাওয়া যাচ্ছে। সালোয়ার-কামিজ কুর্তির আদলে করা হয়েছে। স্ট্রেটলাইন ও কলিদার—এ দুই ধরনের কাট এবং চওড়া ঘেড়ের লম্বা কামিজের প্রাধান্য থাকছে বেশি। ক্রেতাদের চাহিদামতো খাটো পোশাকও থাকছে। এসব সালোয়ার-কামিজ পাওয়া যাবে এক হাজার ২০০ থেকে পাঁচ হাজার টাকায়। ছেলেদের পাঞ্জাবি এক হাজার ২০০ থেকে আড়াই হাজার এবং ফতুয়া এক থেকে দেড় হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ডলস হাউসের এসব পোশাক পেতে যেতে হবে চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকের ২ নম্বর সড়কের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে।ক্র্যাফট ক্যাসেল: ক্র্যাফট ক্যাসেল বুটিক হাউসটি ১২ বছর ধরে চট্টগ্রামে ছেলেদের পোশাক নিয়ে কাজ করছে। নিউমার্কেট, সানমার ওশান সিটি ও মিমি সুপার মার্কেটে রয়েছে তাদের শাখা। ডিজাইনার রেজাউল হক খান জানান, প্রতিবারের মতোই পাঞ্জাবিটাই এবারের মূল আকর্ষণ। পাঞ্জাবিতে কম্পিউটার এমব্রয়ডারি থেকে শুরু করে কারচুপি, হাতের কাজ পর্যন্ত প্রাধান্য পেয়েছে। তবে রাউন্ড কাট, হাতে ফ্লিপ বেল্ট প্যাটার্নে এনেছে নতুনত্ব। এ ছাড়া দেশীয় ডিজাইনের সঙ্গে পাশ্চাত্যের মিশ্রণে তৈরি কিছু পোশাকও রয়েছে। পাঞ্জাবির দাম পড়বে দেড় হাজার থেকে তিন হাজার টাকা। ফতুয়া, শার্ট ও টি-শার্টে রয়েছে অ্যামব্রয়ডারি এবং স্ক্রিন প্রিন্ট। ফতুয়া ৭৫০ থেকে এক হাজার ৫০, শার্ট ৯৫০ থেকে দুই হাজার ৫০ এবং টি শার্ট ৪০০ টাকায় পাওয়া যাবে। এবারের আয়োজনে মেয়েদের জন্য ফতুয়াও থাকছে। এসব ফতুয়া পাওয়া যাবে এক হাজার ৫০ থেকে দুই হাজার ৫০ টাকায়। এন এস ক্রিয়েশনস: নগরের নতুন বিপণীকেন্দ্র আফমি প্লাজায় এন এস ক্রিয়েসনের শো রুম। ডিজাইনার নুসরাত ইসলাম জানান, ঈদের সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। এবারের ঈদের জামা কাপড় তৈরি, নকশা, সেলাই সব ক্ষেত্রেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। শাড়িতে বলাকা সিল্ক, কাতান, কোটা, রাজশাহী কটন, মসলিন, নরসিংদীর তাঁত ও রাজশাহীর তাঁতকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শাড়ি এক হাজার থেকে ২০ হাজার, ছেলেদের পাঞ্জাবি এক থেকে দেড় হাজার, শিশুদের ফ্রক ৭০০ থেকে তিন হাজার টাকায় পাওয়া যাবে। কালপুরুষ: ঈদ উৎসবে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে কালপুরুষ বুটিক ফোক মোটিফ নিয়ে কাজ করছে। তরুণদের জন্য রকমারি টি-শার্টই এবারের আয়োজনের প্রধান আকর্ষণ। গ্রাফিক্স, লেখা এবং ড্রইংয়ের সংমিশ্রণে তৈরি এসব টি-শার্টের দাম পড়বে ২৫০ থেকে ৩০০ টাকা। সানমার ওশান সিটিতে এদের শাখা রয়েছে।এ ছাড়াও মেঘের বাড়ি, তাজনুর বুটিক, সুলতানা নূরজাহান, নক্ষত্র, বাংলার কথা, চ্যালিস, জত্রিতা বুটিক হাউসসহ চট্টগ্রামের সব বুটিক হাউসগুলোতেই ঈদ উপলক্ষে পাওয়া যাবে আকর্ষণীয় সব পোশাক।