আরামদায়ক শেরওয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনের পরনে লাল শাড়ি, আর বরের শেরওয়ানি—এ ছাড়া আবার বিয়ে হয় নাকি! যুগ যুগ ধরে বিয়েতে বরের পোশাকের এই রীতিই চলে আসছে উপমহাদেশে। বছরের পর বছর চলে এলেও এই ফ্যাশন কখনোই পুরোনো হয় না; বরং শেরওয়ানির কাট, কাপড়, রং এবং বাড়তি কিছু যোগের ক্ষেত্রে দেখা যায় টুকটাক ভিন্নতা। এ সময়ে বিয়েতে শুধু বরই নন, আত্মীয়স্বজনও শেরওয়ানি পরছেন। সময়ের পরিবর্তন, ফ্যাশনধারা—সবকিছু মিলিয়েই শেরওয়ানির ফ্যাশনটা কী যাচ্ছে, তা-ই জেনে নিন এই বেলা।শেরওয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কাপড়। কাপড়ের উপাদানের ওপরই নির্ভর করে শেরওয়ানি কতটা সুন্দর দেখাবে। ফ্যাশন ডিজাইনার এমদাদ হক বলেন, ‘জামেবারই এখন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে শেরওয়ানির কাপড় হিসেবে। বুননবৈচিত্র্যে সমৃদ্ধ জামেবার কাপড়ে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এ ছাড়া ডুপিয়ান সিল্ক দিয়েও অনেকে তৈরি করছেন শেরওয়ানি।’ ফ্যাশন হাউস ওটুর প্রধান নির্বাহী আসিফ ইবনে মান্নান জানালেন, ওটু এবার বিয়ের শেরওয়ানি তৈরিতে বেছে নিয়েছে জামেবার কাপড়। এ ছাড়া জামেবারের সঙ্গে মিলিয়ে অন্যান্য কাপড়ও ব্যবহার করছে। তবে সেসব কাপড়ে সিল্কের প্রাধান্যই বেশি। শেরওয়ানি, তা বর বা বরের আত্মীয়, যারই হোক না কেন, আভিজাত্যটাই প্রাধান্য পাবে। শেরওয়ানিতে অনেক ধরনের প্যাটার্ন বা কাটের চল চলে এলেও বর্তমানের ফ্যাশনধারায় স্লিম কাটের চলটাই বেশি দেখা যাচ্ছে। একসময় অনেক লম্বা শেরওয়ানির চল থাকলেও এখন সেমি-লম্বাই চলনসই। আসিফের মতে, স্লিম ফিটের সেমি-লম্বা শেরওয়ানিই এখন বিয়ের ট্রেন্ড। বিভিন্ন ফ্যাশন হাউস ও শেরওয়ানির দোকান ঘুরে দেখা গেছে, স্লিম ফিটই ক্রেতাদের প্রথম পছন্দ। শেরওয়ানি যেহেতু বরের পোশাক, তাই এতে থাকা চাই জমকালো কাজ—এই ধারণা কিন্তু একদমই বদলে গেছে। বরং হালকা কিন্তু মার্জিত কাজ বা নকশাই সবার প্রথম পছন্দ। ওটু শেরওয়ানির নেকলাইন বা কাফলাইনে করছে কারচুপি, জারদৌসির কাজ। কখনো থাকছে মেশিন এমব্রয়ডারি। এমদাদ হক জানালেন, কারচুপি, জারদৌসির সঙ্গে দপকার কাজের ফ্যাশনটাও ভালোই চলছে। আর জামেবার কাপড় এত আভিজাত্যপূর্ণ যে তাতে হালকা অথচ মার্জিত কাজই মানানসই। আবার পাইপিংয়ের ব্যবহারও খুব দেখা যাচ্ছে।শেরওয়ানির রং নির্বাচনের বিষয়টিতে অবশ্যই প্রাধান্য পায় কনের পোশাক। কনের পোশাকের সঙ্গে মিলিয়েই রং বাছাই করতে হবে। তবে সাধারণত বিজ, মেরুন, চকলেট—এ ধরনের রংই বেশি চলছে বলে জানালেন আসিফ। বিয়েতে ফুলের মালা বর-কনেকে পরতেই হয়। দেখা যায়, মালাটা এত বড় যে তা পরলে আর পোশাকটাই বোঝা যায় না। এ জন্য আগেই ফরমায়েশ দিয়ে হালকা একটা মালা তৈরি করে রাখতে পারেন। ফুলের রংটা সাদা হলেই ভালো। আজকাল মালায় অর্কিডের ব্যবহার বেশ।শেরওয়ানির সঙ্গে কাটিং-প্যাটার্ন বুঝে তৈরি করতে হবে চুড়িদার, পাজামা বা পাতিওয়ালা সালোয়ার। তবে সবচেয়ে বেশি চলনসই চুড়িদার। আর চুড়িদারের কাপড়টা সিল্ক হলেই বেশি ভালো। চুড়িদার বা পাজামায় অফ-হোয়াইট রংই বেশি মানানসই বলে জানালেন এমদাদ হক। শেরওয়ানির নিচে অবশ্যই একটি পাতলা পাঞ্জাবি ব্যবহার করতে হবে। শেরওয়ানি বানানোর সময় একই সঙ্গে মাপ দিয়ে পাঞ্জাবি বানিয়ে নিতে হবে। বাজার ঘুরে দেখা গেছে, বর্তমান ফ্যাশনধারার শেরওয়ানি পাওয়া যাবে আড়ং, ওটু, আর্টিস্টির মতো ফ্যাশন হাউসগুলোতে। এ ছাড়া এলিফ্যান্ট রোডের বেশির ভাগ বিয়ের তত্ত্বের দোকানে পাওয়া যাবে হাল ফ্যাশনের শেরওয়ানি। আবার ট্রেন্ড অনুযায়ী তৈরি করিয়ে নিতে পারেন পছন্দসই শেরওয়ানি।বাজারে জামেবার, ডুপিয়ান সিল্ক কাপড়ের দাম ৮০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। শেরওয়ানি তৈরি করতে কাপড় লাগবে সর্বোচ্চ সাড়ে তিন গজ; আর চুড়িদার বানাতে সাড়ে তিন গজ। যদি শেরওয়ানির ঝুল কম দিয়ে পাতিয়ালা সালোয়ার তৈরি করতে চান, সে ক্ষেত্রে পাঁচ গজ কাপড় কিনতে হবে। দর্জির দোকানে শেরওয়ানি তৈরি করতে মজুরি দিতে হবে চার হাজার থেকে আট হাজার টাকা। কাজ করাতে গেলে মজুরি বাড়বে কাজের ধরন বুঝে। তবে শেরওয়ানি পুরো সেট তৈরি করতে চাইলে হাতে সময় নিয়ে তবেই তৈরি করা উচিত। সব মিলিয়ে শেরওয়ানির জন্য অন্তত ১০ হাজার টাকা বাজেট করলে চলতি ফ্যাশনে মানানসই শেরওয়ানি তৈরি করা সম্ভব। তবে সব সময় মাথায় রাখতে হবে, এখন জাঁকজমকপূর্ণ শেরওয়ানির চেয়ে আরামদায়ক ও সুন্দর প্যাটার্নের প্রাধান্যই বেশি।