আরামের পোশাকে কাজের বেলা
করোনাকালের মধ্যেই খুলে গেছে অনেক অফিস–আদালত। আবহাওয়ায় এখন বৃষ্টি আর গরম। এ সময় অফিসে এমন পোশাক পরার পরামর্শ দিচ্ছেন ডিজাইনাররা, যেগুলো সহজেই ধোয়া যায়। এ সময়ে অফিসে পরার পোশাকের নকশা কেমন হবে, তা জানিয়েছেন নকশাবিদেরা।
করোনাভাইরাস সংক্রমণের এই সময়ের জীবনযাপনকে নতুন স্বাভাবিক অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে আমাদের। এর মধ্যেই খুলে গেছে অনেক অফিস–আদালত। কর্মক্ষেত্রে যেতে হচ্ছে অনেককে। কাজ চলছে স্বাস্থ্যবিধি মেনে। পাশাপাশি অফিসের পোশাক নিয়েও থাকতে হচ্ছে সচেতন।
বাইরে বের হলেই মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার হয়ে উঠেছে নিত্যসঙ্গী। পাশাপাশি সংক্রমণ এড়াতে অফিস থেকে বাড়ি ফিরেই ধুতে হচ্ছে প্রতিদিনের পোশাক। এ সময় পোশাকের জন্য এমন কাপড় বেছে নিতে হবে, যা সহজেই ধোয়া যায়। আলাদা করে ইস্ত্রির ঝামেলা থাকবে না, সহজেই শুকিয়ে যাবে এমন কাপড় হিসেবে ভিসকস, জর্জেট বা ব্লেন্ডেড জর্জেট (অপেক্ষাকৃত নরম) কাপড়ের পোশাক এ সময়ের জন্য উপযোগী। এমন ভাবনা থেকে ফ্যাশন হাউসগুলোতে থাকছে এ ধরনের পোশাকের সংগ্রহ।
আবহাওয়ায় এখন বৃষ্টির পাশাপাশি গরমভাব বেশ রয়েছে। যদিও সুতি কাপড়ে বেশি আরাম, তবে সুতি কাপড় সাবানপানিতে বেশি ধুলে এর গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। সুতি কাপড় ধুয়ে শুকিয়ে নেওয়ার ঝক্কিও কম নয়। ফলে করোনার এই সময়ে ভিসকস বা জর্জেটের তৈরি পোশাক জনপ্রিয় হয়ে উঠছে, এমনটাই বললেন কিউরিয়াসের বিপণন বিভাগের প্রধান তাসনিম হোসেন। শুধু কাপড়ের উপকরণ নিয়েই নয়, করোনার এই সময়ে অফিসের পোশাকের নকশা বা ছাপা কেমন হবে, তা নিয়েও কাজ করছেন নকশাবিদেরা।
জেনে রাখুন
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মুজিবুর রহমান জানান, ভাইরাস যাতে না ছড়ায়, সে উদ্দেশ্যেই মাস্ক পরা হয়। যখনই বাসার বাইরে যাবেন, তখনই মাস্ক পরবেন। হাসপাতাল ছাড়া অন্যান্য কর্মস্থলের জন্য যেকোনো ধরনের মাস্কই বেছে নেওয়া যেতে পারে। তবে তিন স্তরবিশিষ্ট মাস্ক হলে ভালো। কাপড়ের মাস্ক সাবান দিয়ে ধুয়ে বারবারা ব্যবহার করা যায়। চাইলে সার্জিক্যাল মাস্কও পরতে পারেন। তবে এটি পুনর্ব্যবহার করা যাবে না। অফিসে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছয় ফুট দূরে দাঁড়ানো দুজন ব্যক্তি, যাঁরা মাস্ক পরে আছেন, তাঁদের একজন থেকে অন্যজনে ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম।
হালকা নকশার জন্য করোনাকালে ডোরাকাটা বা স্ট্রাইপ নকশার ব্যবহার জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন ডিজাইনাররা। বিস্কুট রঙের ওপর সাদা স্ট্রাইপের এমন পোশাক বৃষ্টিতে ভিজে গেলেও সহজেই শুকিয়ে যাবে। পোশাক: কিউরিয়াস।
করোনার এই সময়ে অফিসে এক রঙের পোশাক পরার পরামর্শ দিচ্ছেন ডিজাইনাররা। কাপড়ে কাজ যত কম থাকবে তত ভালো। পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে পারেন একটু উঁচু প্যান্ট বা সালোয়ার। অফিসের পোশাক হিসেবে অনেক ফ্যাশন হাউসেই থাকছে এই কাটের সালোয়ার বা প্যান্ট। ডিজাইনারদের মতে, অফিস বা বাড়ি যেখানেই হোক না কেন, বাইরে থেকে ফিরেই ধুয়ে নিতে হচ্ছে পা। প্যান্ট বা সালোয়ারের উঁচু কাটের কারণে সহজেই ভিজবে না পোশাক। পোশাক: কিউরিয়াস।
ওপরের অংশে ফিটেড, নিচে একটু ঘের—এই কাট গরম আবহাওয়ার জন্য পুরো উপযোগী। পা পর্যন্ত লম্বা এই পোশাক গরমে আরামও দেবে। জর্জেট কাপড় হওয়ায় ধুয়ে দিলে সহজেই শুকিয়ে যাবে এটি। পোশাক: কিউরিয়াস।
কাফতান কাটের পোশাক এ সময়ের নতুন ধারা। অফিসের পোশাকের তালিকাতেও থাকতে পারে এমন পোশাকের সংযোজন। জর্জেট কাপড়ে টাইডাইয়ের কাজ, সঙ্গে ভি নেকে স্মার্ট আউটফিট কাফতান। পোশাক: রিফাত রাকা।