আরিফের স্বর্গনীড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফ আহমেদ। ছবি: সংগৃহীত
আরিফ আহমেদ। ছবি: সংগৃহীত
>

আরিফ আহমেদ পেশায় মডেল আলোকচিত্রী। শখের বশে ছবি তোলেন প্রকৃতির; পাখি, বন্য প্রাণীর। সেসব ছবি তুলতে গিয়েই আরিফ তৈরি করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যার নাম দিয়েছেন প্যারাডাইস নেস্ট বা স্বর্গনীড়। দুধরাজ পাখি দম্পতির জীবনকাহিনি উপজীব্য করে তৈরি চলচ্চিত্রটি ভারতের কলকাতার ১৭তম কাল্ট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃতও হয়েছে।

বাঁশের ঝুলে–নুয়ে পড়া মোটা কঞ্চির গাঁটে দুধরাজ পাখি দম্পতির শান্ত সুখের নীড়। শৈল্পিক সেই বাসা ঘিরেই দিন কাটে দুই পাখির। যেন নবদম্পতি স্বপ্নসুখের সংসার বুনছে। তাদের সংসারজীবন শুরু হয়েছিল বাসা বানানোরও কিছুদিন আগে। যখন পুরুষ দুধরাজ পাখি সুরে সুরে ডেকেছিল মেয়ে দুধরাজ পাখিকে। পুরুষ পাখির সেই ডাকে সাড়া দিয়েই যৌথ বাসা তৈরিতে যোগ দিয়েছিল মেয়ে দুধরাজ পাখি।

সেই বাসা ঘিরেই আলোকচিত্রী আরিফ আহমেদ তৈরি করেছেন ৮ মিনিট ৩৭ সেকেন্ডের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি সেই চলচ্চিত্রের নাম দিয়েছেন প্যারাডাইস নেস্ট অর্থাৎ স্বর্গনীড়।১১ এপ্রিল আরিফ তাঁর ইউটিউব চ্যানেলে (youtu.be/G5u5noTtTbE) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির টিজার মুক্তি দিয়েছেন। শিগগিরই তা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেবেন বলে জানালেন। তবে বিশেষ ব্যবস্থায় দর্শক বানালেন আমাদের।

ছানার মুখে পরম মমতায় খাবার তুলে দিচ্ছে দুধরাজ পাখি
ছানার মুখে পরম মমতায় খাবার তুলে দিচ্ছে দুধরাজ পাখি

পাখির জীবনযাপন নিয়ে ব্যতিক্রমী চলচ্চিত্রটি নিয়েই কথা হলো আরিফ আহমেদের সঙ্গে। ৮ এপ্রিল সেই আলাপে উন্মোচিত হলো আলোকচিত্রী আরিফের প্রাণ-প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসার গল্প। ৩০ বছর বয়সী তরুণ আরিফের হাতে ক্যামেরা উঠেছিল সেই কৈশোরে। একসময় নাম লেখান মডেল আলোকচিত্রীর পেশায়। কাজের ফাঁকেই নিয়েছেন আলোকচিত্র–বিষয়ক ডিপ্লোমা সনদ। এখনো কাজ করছেন একটি জাতীয় দৈনিকের আলোকচিত্র সাংবাদিক হিসেবে। পেশাগত কাজের মধ্যেও প্রকৃতির প্রতি অকৃত্রিম টান আরিফকে নিয়ে গেছে বনে-জঙ্গলে। বন্য প্রাণীর একান্ত জীবন তাঁকে নিবিড়ভাবে টেনেছে, বন্য প্রাণীর বিপন্ন জীবন আবার কষ্টও দিয়েছে তাঁকে।

সেই কষ্ট থেকেই বন্য প্রাণীর নিরাপদ আবাসের ভাবনাটা পেয়ে বসেছিল আরিফকে। প্রাণী সংরক্ষণের জন্য নিজের জায়গা থেকে কিছু একটা করা দরকার, মানুষকে এ বিষয়ে সচেতন করা প্রয়োজন। সে চিন্তা থেকেই এই তরুণ আলোকচিত্রী ছবি তৈরির কাজে নেমেছিলেন। তবে দুধরাজ পাখির চরিত্র বেছে নেওয়ার কারণ, দুধরাজের অনিন্দ্য সৌন্দর্যের প্রতি ছেলেবেলার আকর্ষণ। আরিফ আহমেদ যেমনটি বলছিলেন, ‘আমার বেড়ে ওঠা কুষ্টিয়ায়। পড়াশোনা কুষ্টিয়া ও ঢাকায়। ছোটবেলায় বাড়ির আশপাশে প্রায়ই দুধরাজ পাখি দেখতাম। ইংরেজি নামের (এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার) মতো দুধরাজকে স্বর্গের পাখিই মনে হতো। সেই সৌন্দর্যই গেঁথে ছিল মনের ভেতর।’

প্যারাডাইস নেস্ট চলচ্চিত্রের পোস্টার
প্যারাডাইস নেস্ট চলচ্চিত্রের পোস্টার

চলচ্চিত্রের চরিত্র হিসেবে দুধরাজ পাখি বেছে নিলেও, প্যারাডাইস নেস্ট–এর পূর্ণতা দিতে তাঁকে খাটতে হয়েছে বেশ। পাখিটির জীবনচক্র পড়াশোনা থেকে চিত্রধারণের জন্য সুবিধাজনক ও সুন্দর একটা বাসা খোঁজার কাজটি অতিশয় কঠিন ছিল। আরিফ বলছিলেন, ‘চলচ্চিত্রটি বানানোর আগে দুধরাজ পাখি নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি। পড়তে পড়তেই জেনেছি, দুধরাজের আবাস বেশি উত্তরবঙ্গে। তবে কুষ্টিয়ায় আমরা ছোটবেলায় দেখেছি পাখিটিকে, তাই সে জন্যই কুষ্টিয়াতে খুঁজতে যাওয়া।’

দুধরাজ পাখির বাসাটি তিনি পেয়ে যান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক গ্রামে। বাঁশবাগানে। ড্রোন শট ছাড়া প্রায় পুরো কাজটি আরিফ অনেকটা একাই করেছেন। কাজটি তিনি করেছেন বাঁশবাগানঘেঁষা এক আমগাছে বসে। আরিফ আহমেদ বলছিলেন, ‘চিত্রধারণের জন্য দুধরাজ পাখির দুটি বাসা বেছে নিয়েছিলাম। কারণ ছিল পাখিটির রং পরিবর্তনের বিষয়টি দেখানো। পুরুষ পাখিটি খয়েরি থেকে একসময় সাদা রং ধারণ করে। এ জন্য অনেক মানুষ দুধরাজকে ভিন্ন জাতের পাখি হিসেবেও জানেন, কিন্তু আদতে তা নয়।’

দুধরাজ পাখির বাসায় ডিম
দুধরাজ পাখির বাসায় ডিম

রোদ-বৃষ্টি-ঝড় মাথায় নিয়ে পাখির মতো আরিফও বসে থাকতেন আমগাছের ডালে। গাঁটের পয়সা খরচ করে চিত্রধারণসহ আনুষঙ্গিক কাজে প্রায় পাঁচ মাস সময় দিতে হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পেছনে। তাতেই আরিফের ক্যামেরায় ধরা পড়েছে দুধরাজ দম্পতির জীবনগল্প। বাসা বানানোর পর জীবনচক্রের (মে-জুলাই দুধরাজ পাখিদের প্রজননকাল) নিয়ম মেনে একসময় সেই স্বর্গনীড়ে ডিম আসে। পাখি দুটির সব মনোযোগ তখন ডিম ঘিরে। নিয়ম করে তা দিয়ে একসময় ছোট নীড়ে প্রাণ পায় দুটি ছানা। এখন যেন ছানা দুটি বড় করাই তাদের কাজ। দিন যায়, ঝড়-ঝাপটা আসে, সব সামলে তারা ছানা দুটোকে বড় করতে থাকে দিনমান খাবার খাইয়ে। আবার শিকারি পাখির হাত থেকে বাঁচাতে মা পাখি ছানার বিষ্ঠা ফেলে আসে অন্যত্র। এভাবেই একসময় বেড়ে ওঠে ছানা দুটি। বাচ্চাদের গায়ে পালক গজায়। দিন কয়েকের মধ্যে ডানা মেলবে আকাশে। মুক্ত জীবনের স্বাদ নেবে তারা।

তবে সুখের সমাপ্তিরেখায় এসে বাজে বিষাদের সুর। খাদ্যশৃঙ্খলের চিরন্তন নিয়মে একদিন দুধরাজ পাখিদের বাসায় হানা দেয় শিকারি হাঁড়িচাঁচা পাখি। ছোঁ মেরে তুলে নিয়ে যায় ছানা। সন্তান হারানোর বেদনায় মা দুধরাজ পাখি তখন কাতর। শূন্য বাসার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে। একটি সুখী পরিবারের গল্প সমাপ্ত হয় নিঃস্ব-রিক্ত-সন্তান হারানো বেদনার করুণ সুরে। পাখির সেই বিষাদ ছুঁয়ে যায় এই দর্শকদেরও।