সকালের নরম ভাবটা কেটে গিয়ে আকাশে তখন ঝলমলে রোদ। রাতের একপশলা বৃষ্টি পুরো শহরকে স্নিগ্ধ, শান্ত করে গেছে। আমার একমাত্র মেয়ে আরিবা বসার ঘরের বড় জানালার গ্রিল ধরে ডাবগাছে বসে থাকা দুটি কাকের দিকে তাকিয়ে আছে। এই বাড়ির কেউ কাক পছন্দ করে না। করবেই-বা কেন, কারণে-অকারণে কা কা করে চেঁচায়। কিন্তু আরিবা কখনো বিরক্ত হয় না, উল্টো ওর মামণি আশপাশে না থাকলে জানালা দিয়ে ওদের জন্য খাবার ছুড়ে দেয়।
আমাদের বাসাটা ঢাকার মগবাজারে। তিনতলা আর চারতলা মিলিয়ে সব ভাইবোন একসঙ্গে থাকি। আরিবাও অনেক ভাইবোন পেয়েছে। একসঙ্গে রাতের খাবার খাওয়ার চল আমাদের বাসায়। আরিবার খুব ভালো লাগে খাবার খাওয়ার সে সময়টা। ঢাকা শহরে আর কোন বাসায় একসঙ্গে এত মানুষ রোজ খেতে বসে কে জানে! যৌথ পরিবারের আনন্দে আমার মেয়ে বড় হয়ে উঠছে। তবে আনন্দময় এই বাসায় আজ সবারই মন খারাপ। কারণ, একটু পরই আরিবার বাবাই, মানে আমি দেশ ছেড়ে চলে যাব!
আরিবা সেই ছোটবেলা থেকেই ‘বাবাই’ ডাকে আমাকে। এই শব্দটা কেউ ওকে শিখিয়ে দেয়নি।
আমার আম্মা, অনেকক্ষণ দেখছিল আরিবা উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। কাছে গিয়ে কাঁধে হাত রাখল। এই স্পর্শ যে দাদির, আরিবা পেছনে না তাকিয়েই বুঝতে পারে। আরিবা তখন বলল, ‘দাদিমা, বলো তো বাবাইকে কে বেশি ভালোবাসে—আমি না তুমি?’
‘তুই তোর বাবাইকে বেশি ভালোবাসিস, কিন্তু তোর বাবাই আমাকে বেশি ভালোবাসে!’ কথাটা বলে মিটিমিটি হাসতে লাগল আমার দুই মা।
অন্য সময় হলে আরিবা ঠিকই বলত, ‘তোমাকে যদি বেশি ভালোবাসে, তাহলে যাও ছেলের সঙ্গে সৌদি আরবে!’
আরিবার যত ঝগড়া সব দাদির সঙ্গে। তার ধারণা, বাবাই সত্যি সত্যি দাদিমাকে বেশি ভালোবাসে। কিন্তু আজ ওসব বলতে ইচ্ছা করল না ওর। দাদিমার সঙ্গে বেশিক্ষণ কথা বললে আজ ঝগড়ার বদলে কাঁদবে। তাই চুপ করে দাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ল।
আমি তৈরি হব বলে গোসলে গেলাম। আরিবার মামণি রান্নাঘরে। বিদায়বেলায় দুজন দুঃখ লুকোনোর খেলায় ব্যস্ত—একজন আলু-পেঁয়াজ কাটতে গিয়ে, আরেকজন গোসলখানায়।
প্রিয়জনকে কাছে রাখার কী আপ্রাণ চেষ্টা, প্রিয়জনকে ফেলে যাওয়া কী করুণ কষ্ট! প্রতিবার দেশ ছাড়ার সময় বাড়ির পরিবেশটা এমনই হয়।