পড়ন্ত বিকেল। মুসলিম হলের সামনে হঠাৎ এসে হাজির মীনা, রাজু আর মিঠু। আরে! মীনা রাজু যে—হুমড়ি করে পড়ল সবাই। পর্দার কার্টুন চরিত্রের পাপেট সামনে পেয়ে শিশুদের খুশি আর দেখে কে! কেউ তাদের আনন্দে জড়িয়ে ধরছে। কেউ ছবি তোলা আর নাচে ব্যস্ত। এটি অ্যানিমেশন কার্টুন উৎসবের শুরুর চিত্র।
শিশুদের এমন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে দিতে এই আয়োজন করে চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশ (সিসিবি)। ইফাদ গ্রুপের সহযোগিতায় গত ২৯ থেকে ৩১ মে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব।
উৎসবের এবারের স্লোগান ছিল ‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে কার্টুন প্রদর্শনী। উৎসবে বাংলাদেশ, জাপান, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৮টি দেশের ৭৫টি শিশুতোষ অ্যানিমেশন কার্টুন প্রদর্শিত হয়।
আপনের সাইকেলে চড়ে দূরদেশ থেকে তার বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা কিংবা টিনটিনের অ্যাডভেঞ্চার কাহিনি, আবার মাদাগাস্কার দ্বীপে কিছু বন্য প্রাণীর বিচরণ—সবই শিশুরা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছে। সঙ্গে ছিল মীনার মতো শিক্ষণীয় কার্টুন।
উৎসবে কার্টুন দেখতে আসা সানরাইজ গ্রামার স্কুলের বিজয় তো কোনো কার্টুনই মিস করেনি। কার্টুনের মহাভক্ত তাহসীন ও উজমা জানায় এভাবে একসঙ্গে এতগুলো কার্টুন দেখতে পেরে অনেক খুশি। আর রনিক তো কার্টুনের মধ্যে এমনভাবে ডুবে গিয়েছিল যে প্রতিটি শো শেষ করে তবেই সে বের হয়েছে। তার সবচেয়ে ভালো লেগেছে আপনের সাইকেল এবং মাদাগাস্কার-৩।
২৯ মে দুপুর ১২টায় উৎসবের উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। এ সময় উপস্থিত ছিলেন ইফাদ মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক তাসকিন আহমেদ, সিসিবির উপদেষ্টা সাঈদ মিলকী ও নির্বাহী পরিচালক সায়মা আক্তার।
সাঈদ মিলকী জানান, ভবিষ্যতে শিশুদের নিয়ে আরও বিভিন্ন ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের। এ ছাড়া কার্টুন উৎসবের ব্যাপ্তি বাড়ানোরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উৎসবে প্রদর্শিত কার্টুনগুলোর মধ্যে অন্যতম পোলার এক্সপ্রেস, মাদাগাস্কার, আইসএজ, কুংফু পান্ডা, দ্য অ্যাডভেঞ্চার অব টিনটিন, ভোলার গল্প, টয় স্টোরি, মীনা প্রভৃতি।
কার্টুন দেখা, পাপেট শো, ‘চার ছক্কা হইহই’, ‘আমরা করব জয়’—গানের সঙ্গে শিশুদের ফ্ল্যাশ মব, ছবি আঁকা সব মিলিয়ে তিনটি দিন ছিল শুধুই শিশুদের। উৎসবকেন্দ্র মুখরিত হয়ে উঠেছিল শিশু-কিশোরদের পদচারণায়। উৎসবের সমাপনী দিনে প্রদর্শিত হয় কার্টুন সিনডারেলা, ক্রেডিবল, মিটবল, টম অ্যান্ড জেরি ও মীনা।