আরেক ইলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাদে আর রূপে ইলিশের অনেকটা কাছাকাছি মিল্ক ফিশ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মাছের বাজার থেকে তোলা। ছবি: লেখক
স্বাদে আর রূপে ইলিশের অনেকটা কাছাকাছি মিল্ক ফিশ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মাছের বাজার থেকে তোলা। ছবি: লেখক

বরফের ওপর দিব্যি শুয়ে আছে মাছটা। ঝলমল করছে রুপালি শরীর। এই অজি মুল্লুকে ইলিশ! চোখে কি ভুল দেখছি তবে? চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য সামনে এগোই। মেলবোর্ন থেকে ক্যানবেরা এসেছি দু-চার দিনের জন্য। শুভ বাজার করতে এসেছে। আর মুফতে মূল্যবান অভিজ্ঞতা নেওয়ার জন্য সঙ্গে শামিল আমি। শুভকে ঝট করে ডাকলাম। দেখ দেখি কি কাণ্ড! অস্ট্রেলিয়ার মাছের বাজারে তরতাজা ইলিশ মৎস্য। এও কি হয়!
শুভর পুরো নাম শুভ বাকার। একাধারে মেধাবী আর সুদর্শন এই তরুণ কয়েক দিন আগে শিক্ষক হিসেবে যোগ দিয়েছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে। শুভর আরেকটা পরিচয় সে আমাদের সাবেক সহকর্মী আশা নাজনীনের স্বামী। মাছটা দেখেশুনে শুভ, মুখ দিয়ে ‘হুম!’ সূচক একটা শব্দ করল। অস্ট্রেলিয়াতে বাঙালির চিরকালের গৌরব ইলিশ মৎস্য দর্শনের উত্তেজনা তাকে স্পর্শ করছে বলে মনে হলো না। অথবা বাজারে স্রেফ একটা মাছ দেখে উত্তেজিত হওয়াটা হয়তো ঠিক শিক্ষকসুলভ গাম্ভীর্যের সঙ্গে যায় না।
শুভর ‘হুম’ থেকে একটা ব্যাপার অবশ্য বোঝা গেল, এই মাছ সেও আগে দেখেনি। যুক্তরাজ্য. আমেরিকা ঘুরে সে অস্ট্রেলিয়ায় এসেছে। শুভর এত দিনে মাছটা দেখার কথা ছিল। মাছটার নাম সে বলতে পারল না। যেহেতু সে অতি সজ্জন, আমার আগ্রহ দেখে ইলিশসদৃশ মাছটা সে অর্ডার করল কাটার জন্য। দস্তানা হাতে বিক্রয়কর্মী এসে মাছ উঠিয়ে নিয়ে গেলেন কাটার জন্য। তখনই আমার সংবিৎ ফিরল। গেল! গেল! কেটে ফেলল! লোকজনকে দেখাব কি করে। আনো আনো আবার ফেরত আনো। মাছের যে ফটোসেশন বাকি। অতএব শুভ খানিক কাঁচুমাচু হয়ে আবার গেল কাউন্টারে। ইংরেজিতে যা বলল তার সারমর্ম এ রকম—‘দয়া করে মাছটা ফেরত দিন। আমার বাড়ির মেহমান মাছের ছবি না তুলতে পারলে খুব মন খারাপ করবে।’ বিক্রয়কর্মী বাঙালির মেহমানদারি না বুঝুক ‘কাস্টমার স্যাটিসফেকশন’ বোঝেন। তাই মাছ আবার ফেরত এল ফটোসেশনের জন্য। আর তখনই আমার চোখে পড়ল মাছের ঝুড়ির নেমপ্লেট। মাছের নাম ‘মিল্ক ফিশ’ সোজা বাংলায় ‘দুধ মাছ।’ নাহ্ হিলশা বা ইলিশ নয় তাহলে?
ভাগ্য ভালো মাছটার দাম বেশি নয়। ছয় কি সাত ডলার। মানে বাংলাদেশি টাকায় প্রায় ৪০০ টাকার মতো। ফেরার সময় আশা নাজনীনকে বললাম মাছের কথা। সেও আগে দেখেনি এই মাছ। কিন্তু কোথায় দুধ মাছ আর কোথায় ইলিশ মাছ? কোথায় ক্যানবেরা আর কোথায় চাঁদপুর।
আশা নাজনীন আগেই দাবি করছিল বিদেশে এসে সে দারুণ রান্নাবান্না শিখে গেছে। সেই দাবির সত্যতা প্রমাণ করে সে দুধমাছ রান্নায় লেগে গেল। কারণ সেও সাবেক সাংবাদিক। ইলিশের মতো দেখতে মাছটার স্বাদ জানার আগ্রহ তারও আছে।
পরদিন চলে আসব। তাই আমি থাকতেই দুধমাছ রহস্যের সমাধান করতে চায় আশা। পরদিন সকালে সিডনি থেকে আমার মেলবোর্ন ফেরার ফ্লাইট। আশা গভীর রাত পর্যন্ত সেই মাছ রান্না করল।
পরদিন বিমান ধরব বলে সকাল সকাল বেরিয়েছি। শুভ গাড়ি চালাচ্ছে, আশা বলল, ‘আপনার মাছ আছে লাঞ্চবক্সে। মুরগিও আছে। খেয়ে দেইখেন।’ সিডনি বিমানবন্দরে বসে খাবারের প্যাকেট খুলে মনটাই ভালো হয়ে গেল। আশার রান্নার হাত সত্যিই ভালো। তারপর দুধমাছ চেখে দেখবার পালা। মুখে নিয়েই যাকে বলে জমে গেলাম মুহূর্তের জন্য। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র টেনিদা হলে নিশ্চয়ই ‘ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস’ বলে চিৎকার করে উঠত। সেই স্বাদ, সেই গন্ধ। ওরে এত মনে হচ্ছে ইলিশের ‘ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাই!’ বঙ্গোপসাগরে খেলতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল নির্ঘাত। তারপর দূর সাগরে এসে খানিক বদলেছে, কিন্তু ভেতরে-ভেতরে একদম দেশি।
সাংবাদিককে শুধু উত্তেজিত হলে চলে না। তাকে সত্যসন্ধানীও হতে হয়। মেলবোর্নে ফিরেই নামলাম সেই সত্যের সন্ধানে।
দু-চার মিনিট পরেই মিলল উত্তর। প্রথম কথা, কাছাকাছি দেখতে হলেও দুধমাছ আর ইলিশ আদতে এক নয়। পেটের কাছটা ধবধবে সাদা বলেই নাম দুধমাছ। মাছের জাত-গোত্রের দিক থেকেও যে তারা খুব কাছাকাছি সেটাও বলা যাচ্ছে না। তবে ওই যে স্বাদ? সেখানে খুব ভুল করেছি বলা যাচ্ছে না। কারণ, ভারতীয় সংবাদমাধ্যমের পুরোনো কিছু খবর। গেল জুলাই মাসে জিনিউজ অনলাইনে প্রকাশিত একটি খবর বলছে, অবশেষে মিল্ক ফিশ বা দুধমাছের কৃত্রিম প্রজননে সক্ষম হয়েছেন চেন্নাইয়ের গবেষকেরা। গবেষকদের আশা, দুধমাছ প্রজননের এই সাফল্য চেন্নাইয়ের লোকজনকে ইলিশ বা হিলশা খাওয়ার শখ মেটাবে। চেন্নাইয়ের গবেষকেরা দিব্যি বুঝে গেছেন জাতপাতের ব্যবধান থাকলেও ইলিশ আর দুধমাছ আসলে খুব দূরের নয়। মায়ের পেটের না হোক, দুধমাছকে ইলিশের মাসতুতো ভাই তো বলাই যায়!