আরেক ইসটিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশমাম আনওয়ার। অষ্টম শ্রেণীতে পড়ছে ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। যদি তাকে জিজ্ঞেস করা হয়, ইশমাম, বলো তো স্টেশন কোথায় থাকে? সে কোনো রকম না ভেবেই বলবে, ‘কেন? আমার ঘরে!’ উত্তর শুনে আক্কেলগুড়ুম হলে বুঝতে হবে আপনার স্টেশন আর ইশমামের স্টেশনে যোজন যোজন ফারাক। কারণ ইশমাম বা তার মতো আরও কিশোর-তরুণদের কাছে একটা স্টেশন দারুণ প্রিয়; সেটা হলো প্লেস্টেশন! এই স্টেশনে কোনো ট্রেন থামে না। এই স্টেশনে শুরু হয় কল্পনার ট্রেন-বাস-উড়োজাহাজ-ডুবোজাহাজ আর মহাকাশচারী নানা যানের অবাক যাত্রা। বলা হচ্ছে ভিডিও গেমস খেলার কথা। ভিডিও গেম খেলার একটা যন্ত্র (গেমিং কনসোল) আর একটা টিভি বা মনিটর থাকলেই ঘরে বসেই ঘুরে আসা যায় দেশ থেকে দেশান্তর, এমনকি পৃথিবীর বাইরের অচেনা জগৎ থেকেও।এই অচেনা জগতে ঢুকে পড়ার বাহন প্লেস্টেশন, এক্সবক্স বা নিনটেনডোর মতো গেম খেলার যন্ত্র। আর এগুলো জনপ্রিয় ঘরে ঘরে। অন্যদিকে ভিডিও গেম যেন ঘরের শত্রু বিভীষণ মা-বাবার চোখে। কারণ? শুনে আসা যাক পূর্ণ নামের এক কিশোরের বাবার কাছ থেকে, ‘এই এক গেমের কারণে ছেলেটাকে নিয়ে চিন্তার শেষ ছিল না! দিন-রাত শুধু গেমস, গেমস আর গেমস! মাঝ রাতে উঠেও দেখতাম ছেলেটা লুকিয়ে লুকিয়ে ভিডিও গেমস খেলছে।’তারপর? বাবা তো বলছিলেন ‘চিন্তার শেষ ছিল না’। তার মানে এখন কি চিন্তা নেই? ‘হ্যাঁ, অনেকটাই কমে গেছে নেশাটা। নেশা ছোটানোর জন্য একটা বুদ্ধি করেছিলাম। ক্রিকেটের প্রতি ওর আগ্রহ খেয়াল করেছিলাম আমি এবং আমার স্ত্রী। তাই দেরি না করে ওকে ভর্তি করিয়ে দিয়েছিলাম বাসার পাশের একটি ক্রিকেট একাডেমিতে। পূর্ণ এখন সাতসকালে উঠেই ছুটে যায় ক্রিকেট খেলতে। সেখান থেকে ফিরে চলে যায় স্কুলে। স্কুল থেকে ফিরে বিশ্রাম, তারপর শিক্ষক আসেন পড়াতে। ফলে গেমসের পেছনে সময় দেওয়ার মতো সময় এবং শক্তি আর পায় না ও।’কিন্তু সব মা-বাবাই কি পারছেন ভিডিও গেম থেকে সন্তানদের দূরে রাখতে। উত্তর অজানা নয়, মা-বাবাকে এই গেমসের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে প্রতিনিয়ত। ওদিকে সন্তানেরা প্রতিনিয়ত যুদ্ধে মত্ত গেমসের ময়দানে। গেমসভক্ত রুদ্র রুশোর কথাই ধরা যাক। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর এই শিক্ষার্থী বলল, ‘বাসার বড়রা বাইরে খেলতে যেতে বলেন। কিন্তু বাইরে খেলার জায়গা কই? আর আমার মনে হয় বাইরে গেলে বরং সময় নষ্ট হয়। তাই ঘরে বসেই গেম খেলি। এখন পরীক্ষা বা পড়ার চাপ না থাকলে দেড় ঘণ্টার মতো খেলি। আগে আরও বেশি সময় ধরে খেলতাম।’ঘরে বসে প্লেস্টেশন বা এক্সবক্সে বুঁদ হয়ে থাকার কারণ আমরা রুশোর মন্তব্যেই পেলাম। এবং বোঝাই যাচ্ছে, এর সমাধান আমাদের জনপ্রতিনিধিদের হাতেই। আবার অনেক বড় সমাধান আছে অভিভাবকদের হাতেই। সেগুলো নিয়ে বললেন মনোরোগ চিকিৎসক মেহতাব খানম, ‘গেমস থেকে সন্তানদের দূরে রাখতে মা-বাবারাই বড় ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হতে পারে সন্তানদের সঙ্গে আলোচনা করা। অনেক প্রশ্রয় বা অনেক শাসন না করে মাঝামাঝি অবস্থানে থেকে তাদের বোঝানো। যন্ত্রের সঙ্গে শিশুদের যে সখ্য, সেটা কাটিয়ে ওঠার জন্য মানুষ বন্ধু বানানোর গুরুত্বটা তাদের বোঝাতে হবে। বাইরে খেলতে নিয়ে যাওয়া এ ক্ষেত্রে ভালো কাজে দেয়। কাছেপিঠে খেলার জায়গা না থাকলে ঘরের ভেতরেই খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া যায়। পাড়া-প্রতিবেশীর সঙ্গে মেশার সুযোগ করে দেওয়াও গুরুত্বপূর্ণ। মানুষের সঙ্গে না মিশলে শিশুদের মনো-সামাজিক বিকাশ হয় না। শিশুরা যদি খেলতে যায় এবং হেরে যায়, তাহলে ওই হারটাও তারা উপভোগ করতে শেখে। অন্যের কষ্টে কষ্ট পেতে শেখে। কিংবা কেমন আচরণ করলে অন্য কেউ খুশি হয়—এটা বুঝতে পারে। এসবের মধ্য দিয়েই গেমসের নেশা থেকে দূরে রাখা সম্ভব।’