আরেক উৎসবের অপেক্ষায় চট্টগ্রাম
বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের ঘণ্টা বেজে গেছে আগেই। দলের দরপত্র শেষ। নিলামের জন্য ক্রিকেটার নির্ধারণ, খেলার সময়সূচিও হয়ে গেছে। ঢাকায় আজ বৃহস্পতিবার নিলামের মধ্য দিয়ে নির্ধারণ হবে কোন দলের ভাগ্যে কোন ক্রিকেটার জুটছে।ইতিমধ্যে দেশের ৮২ ও বিদেশের ১৮ ক্রিকেটারকে নিলামের জন্য তালিকা তৈরি করে দিয়েছেন উদ্যোক্তারা। এসব ক্রিকেটার নিয়ে কাড়াকাড়ি করবে অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি বা দল। এই ছয়টি দলের মধ্যে চট্টগ্রাম অন্যতম। ইতিমধ্যে চট্টগ্রাম আলাদা করে নজর কেড়েছে। চট্টগ্রাম দলকে সর্বোচ্চ ১ দশমিক ২ মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে এস কিউ স্পোটর্স। সর্বোচ্চ দামের দলটি ক্রিকেটার সংগ্রহের দিক থেকে নিজেদের শক্তিশালী অবস্থানের স্বাক্ষর রাখবেন—এই প্রত্যাশা স্থানীয় ক্রীড়ামোদীদের।টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ইতিমধ্যে চট্টগ্রাম দলের আইকনও নির্ধারিত হয়ে গেছে। মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল চট্টগ্রামের আইকন ক্রিকেটার। তেমনিভাবে আশরাফুল ঢাকার, মুশফিকুর রহিম রাজশাহীর, শাহরিয়ার নাফিস বরিশালের ও অলক কাপালি সিলেটের আইকন হিসেবে নিজ নিজ দলে খেলবেন। আইকনরা দলের সবচেয়ে দামি ক্রিকেটারের চেয়ে পাঁচ শতাংশ অর্থ বেশি পাবেন। আইকনদের বাইরে আর নয়জন স্বাগতিক ক্রিকেটার নিতে পারবে প্রতিটি দল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সম্পাদক বিসিবি পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘প্রতিটি দলে মোট ১৮ জন ক্রিকেটার থাকবে। তার মধ্যে আটজন বিদেশি খেলোয়াড় থাকবেন। এই আটজনের মধ্যে আবার পাঁচজনকে খেলানো বাধ্যতামূলক। আইকনের বাইরে বাকি যাঁরা থাকবেন, তাঁরা যেকোনো দলের জন্য উন্মুক্ত থাকবেন।’চট্টগ্রামের আইকন তামিম ইকবাল ছাড়াও তিনটি ক্যাটাগরির খেলোয়াড়রা খেলবেন। তবে দলে কারা আসবেন এ নিয়ে কৌতূহল আছে ক্রীড়ামোদীদের। স্থানীয় কয়েকজন ক্রিকেটার চট্টগ্রাম দলে আলো ছড়াবেন বলে ধারণা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এর মধ্যে ‘বি’ ক্যাটাগরিতে থাকা সদ্য টেস্ট অভিষিক্ত নাজিম উদ্দিন অন্যতম। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজিম তারকাখ্যাতি পেয়েছিলেন তাঁর মারকুটে ব্যাটিংয়ের কারণে। তাঁর ব্যাটিংয়ের কারণেই সেবার পাকিস্তানের মতো দল ধরাশায়ী হয়েছিল। আইসিএল ফেরত আফতাব আহমেদও আছেন আলোচনায়। এ ছাড়া তামিম সহোদর নাফিস ইকবালও রয়েছেন ক্যাটাগরি ‘সি’তে। তাঁকে পেতেও উদগ্রীব থাকতে পারে যেকোনো দল।চট্টগ্রামের জন্য আরেকটি সুখবর রয়েছে। টুর্নামেন্টের মোট ৩৩টি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বাকি সব কটি ম্যাচ ঢাকায় হওয়ার কথা রয়েছে। তাই বিপিএল নিয়েও চট্টগ্রামের মাতামাতি একেবারে কম হবে না বলে মনে করছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর। বলে রাখা ভালো, দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশে প্রথম চট্টগ্রামেই টি-টোয়েন্টি আসর বসেছিল তিন বছর আগে। পিসিএল নামে ওই টুর্নামেন্টের সর্বশেষ আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের শারজায়। অনেক দোষ-ত্রুটি থাকলেও পিসিএল সাড়া ফেলেছিল দেশের ক্রিকেট মহলে।