আরেক ক্রান্তিকালে ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের একটি দেশ পেতে ফিলিস্তিনিদের দীর্ঘ সংগ্রাম এক নতুন ক্রান্তিলগ্নে এসে পৌঁছেছে। জাতিসংঘের সদস্যপদ পেতে শক্ত অবস্থান নিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্রসহ অনেকের বিরোধিতার মুখেও ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের সদস্যপদের জন্য আবেদন করার ব্যাপারে অনড় তিনি। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের এভাবে একতরফা উদ্যোগের বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্র বলছে, শুধু আলোচনার মাধ্যমেই ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে। মাহমুদ আব্বাস জাতিসংঘের সদস্যপদ চাইলে ভেটো দিয়ে তা বানচাল করার এবং সহায়তা বন্ধেরও হুমকি দিয়েছে ওয়াশিংটন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটোক্ষমতাসম্পন্ন পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের একটি যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদস্যপদের প্রস্তাবটি প্রথমে এই পরিষদে উত্থাপিত হওয়ার কথা। যুক্তরাষ্ট্র বা পাঁচ সদস্যের অন্য কেউ প্রস্তাবে ভেটো দিলে ফিলিস্তিন সদস্যপদ পাবে না।যুক্তরাষ্ট্র ফিলিস্তিন কর্তৃপক্ষকে বছরে প্রায় ৫০ কোটি ডলার সহায়তা দেয়। মার্কিন প্রভাবশালী একজন কংগ্রেসসদস্য বলেছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘে সদস্যপদের জন্য আবেদন করলে সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়া হবে। তবে এই হুমকিকে আমলে নিচ্ছেন না আব্বাস। তিনি বলেন, ‘সহায়তা বন্ধ করলে আমরা সমস্যায় পড়ব—এটা নতুন কিছু নয়। এ মাসেই হয়তো বা কর্মকর্তা-কর্মচারীদের বেতনের অর্ধেকও দিতে পারব না। তার মানে হলো, সদস্যপদের জন্য আবেদনের আগেই আমাদের ওই পরিস্থিতির মুখে পড়তে হবে।’১১ সেপ্টেম্বর জর্ডানের সরকারি মালিকানাধীন সংবাদপত্র আল রাইয়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে আব্বাস বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করব। যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের হুমকিসহ অনেক বাধাবিপত্তি সত্ত্বেও এটা করা হবে।’ আব্বাস আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেটো দেবে বললেও তাঁরা পিছপা হবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতেও তাঁদের মতপার্থক্য ছিল। ‘যা-ই হোক, আমরা একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেব।’ সাক্ষাৎকারে বলেন আব্বাস।মনে করা হচ্ছে, আব্বাসের এমন অবস্থানের কারণে ওয়াশিংটনের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক ঝুঁকির মধ্যে পড়বে। ১৯৬৭ সাল থেকেই ফিলিস্তিনের জমি থেকে ইসরায়েলি বসতি প্রত্যাহার নিয়ে মধ্যস্থতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন সরকারের এক নথিতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র বা অন্য কারও সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে চায় না। নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদের প্রস্তাবে ভেটো দেওয়া হলে তা সাধারণ পরিষদের অধিবেশনে তোলা হবে। এতে সংখ্যাগরিষ্ঠ সদস্যরাষ্ট্রের ভোটে পাস হলে ‘পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা পাবে ফিলিস্তিন। শুধু জাতিসংঘের সদস্যপদের আবেদন নয়, ইসরায়েলের বিরুদ্ধে আদালতে যাওয়ারও ইচ্ছা মাহমুদ আব্বাসের। তিনি জোরের সঙ্গেই বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করার অধিকার ফিলিস্তিনের আছে। কিন্তু যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের এই পদক্ষেপেরও বিরোধী। তবে এখানেও অনড় আব্বাস। তিনি বলেন, ‘ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রতিনিয়ত আমাদের ওপর হামলা চালাচ্ছে, ফিলিস্তিনিদের হত্যা করছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে। কে তাদের প্রতিরোধ করবে? আমরা প্রতিদিন ইসরায়েল সরকারের কাছে অভিযোগ করি, কিন্তু কেউ আমাদের কথা শোনে না। কেউ না।’ফিলিস্তিন ও ইসরায়েলের আলোচনার মধ্যস্থতাকারী ‘কোয়াট্রেট’ বলে পরিচিত চার পক্ষ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেন আব্বাস। তিনি বলেন, ‘চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু সময় অপচয় করেছে তারা। এখন তারা যদি এসে কোনো প্যাকেজ বা কিছুর কথা উল্লেখ করে বলে জাতিসংঘে যাওয়ার দরকার নেই, আমরা তা গ্রহণ করব না।’ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে ২১ সেপ্টেম্বর। ১৯৬৭ সালের সীমানা মেনে ফিলিস্তিন রাষ্ট্রের সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন নিরাপত্তা পরিষদে তোলা হবে ২২ বা ২৩ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন আব্বাস।ইসরায়েল ও আরবের কূটনীতিক মহল, ইইউ ও যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিনকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে।আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, ফিলিস্তিন পূর্ণ সদস্যপদ চাওয়ার বদলে বরং ‘পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা চেয়ে আবেদন করতে পারবে। কারণ তারা ১৯৭৪ সাল থেকে ‘পর্যবেক্ষক ভূখণ্ডের’ মর্যাদা পেয়ে আসছে। এতে দুটি সুবিধা পেতে পারে ফিলিস্তিন। প্রথমত, নিরাপত্তা পরিষদে যেতে হবে না। দ্বিতীয়ত, এই মর্যাদা নিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দিতে আইসিসিতে যেতে পারবে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনবিষয়ক অধ্যাপক যুবলি সানি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেলে অনেক সুযোগ সৃষ্টি হবে। আইসিসি একটি বড় ইস্যু। তা ছাড়া প্রয়োজনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীকে আহ্বান জানাতে পারবে। অন্তত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের মোকাবিলা করতে পারবে।বাস্তবতা হচ্ছে, সব ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করলে ফিলিস্তিন রাষ্ট্রের অর্থ কার্যকর হবে না। অনমনীয় আব্বাসও স্বীকার করেন, উভয়পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই কেবল সেনা প্রত্যাহার সম্ভব হবে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ফিলিস্তিনিদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন কেউ কেউ। হিব্রু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনবিষয়ক অধ্যাপক রোবি সাবেল বলেন, ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে গেলে নিজেরাও একই পরিস্থিতিতে পড়তে পারে। কারণ ফিলিস্তিনের মানুষও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। অধ্যাপক সাবেলের মতে, এ কারণেই জর্ডান ছাড়া প্রতিবেশী কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে যায়নি। প্যালেস্টিনিয়ান পলিসি নেটওয়ার্কের উপদেষ্টা ভিক্টর কাতান বলেছেন, তিনি ফিলিস্তিনের সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদে যাওয়ার বিপক্ষে। কারণ, এতে যুক্তরাষ্ট্রকে ভেটো দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে। তার চেয়ে বরং সাধারণ পরিষদে যাওয়া ভালো। বিরজেইত বিশ্ববিদ্যালয়ের সাবেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আবদুল্লাহ আবু ইদ বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক বিচারালয়ের (আইসিজে) মতামত চাইতে পারে। কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও নৈতিকভাবে আইসিজের মতামত মূল্যবান। রোবি সাবেল আবদুল্লাহ আবু ইদের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘আমরা এটা বলতে পারি যে আইসিজের মত গুরুত্বপূর্ণ।’ বিশ্লেষকেরা বলছেন, ফিলিস্তিনের এখন জাতিসংঘের সদস্যপদ লাভ করা উচিত। তবে একটি রাষ্ট্র তখনই রাষ্ট্র হয়ে ওঠে যখন অন্য রাষ্ট্রগুলো তাকে স্বীকৃতি দেয়। গত জুলাইয়ে দক্ষিণ সুদানের সদস্যপদ লাভ প্রসঙ্গে তাঁরা বলেন, দক্ষিণ সুদানের প্রতি সমন্বিত সমর্থন ছিল। বিভিন্ন দেশের সরকার এবং বিশ্বব্যাংক ও আইএমএফের মতো প্রভাবশালী সংস্থাগুলো ফিলিস্তিনকে প্রস্তুত বলে উল্লেখ করেছে। এ সমর্থনের মাত্রা অনেকটা দক্ষিণ সুদানের মতোই বলে মনে করা হচ্ছে।