আরেক ক্রিকেট উত্সব
>২৬ থেকে ২৮ মে ধানমন্ডির দৃক গ্যালারিতে বসেছিল ‘বাংলাদেশ ক্রিকেট উৎসব’। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই উৎসবে ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নানা স্মারক, ছবি ও প্রকাশনার প্রদর্শনী

বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্ট ম্যাচ—সে কোন অতীতের গল্প। পুরোনো সেই দিনের কথা ক্ষণিকের জন্য বর্তমানে ফিরে এল ধানমন্ডির দৃক গ্যালারিতে। কোনো এক রৌদ্রকরোজ্জ্বল দিনে পাখির চোখে ছবিটা তুলেছিলেন প্রথমআলোর আলোকচিত্রী শামসুল হক। ছবিটা এক ঝটকায় নস্টালজিক করে তুলবে আপনাকে।
বাংলাদেশের ক্রিকেটের অতীত-বর্তমান এক বিন্দুতে মেলানোর এ উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। দ্বিতীয়বারের মতো তারা আয়োজন করল বাংলাদেশ ক্রিকেট উত্সব। ক্রিকেট উত্সব কেবল মাঠেই সীমাবদ্ধ নয়, প্রমাণ মিলল এখানে।
২৬ থেকে ২৮ মে—তিন দিনব্যাপী চলা এ আয়োজনে দেখা গেল বাংলাদেশের স্মরণীয় সব জয়সহ অসংখ্য ম্যাচের টিকিট, যেগুলোতে ছিল গোটা দলের কিংবা ম্যাচের সেরা পারফরমারের সই। স্বাক্ষর ছিল জার্সিতে, স্মরণীয় সব মুহূর্তের ছবিতে আর মিনিয়েচার ব্যাটে। বাংলাদেশের সাবেক-বর্তমান প্রায় সব জাতীয় তারকা থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের উজ্জ্বলতম তারাদের অনেকের অটোগ্রাফ কিংবা স্মারকের দেখা মিলল উত্সবে। চোখজুড়ানো, মনমাতানো এ আয়োজনের মূল উদ্যোক্তা জুনায়েদ পাইকার।
নামটা এখন বেশ পরিচিত ক্রিকেটপ্রেমীদের কাছে। লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে কর্মরত জুনায়েদের ক্রিকেটপ্রেমের গল্প জানা আছে অনেকেরই। কৈশোরেই হৃদয়টা বেঁধেছিলেন ক্রিকেটের সঙ্গে; তবে ক্রিকেটার হতে নয়, ক্রিকেটকে কাছে পেতে; ক্রিকেট-সংশ্লিষ্ট মানুষদের কাছাকাছি যেতে। এ উদ্দেশ্যেই স্কুল পেরিয়েই শুরু করেছিলেন দুরন্ত এক মিশন। প্রথম দিকে তাঁর মিশন সীমাবদ্ধ ছিল ক্রিকেটের স্মারক সংগ্রহে। পরে পরিধিটা বাড়ল আরও।
সংগ্রহ কেবল নিজের কাছে সীমাবদ্ধ থাকলে চলবে কী করে। জুনায়েদের পরিচয় হলো আরও বেশ কজন সংগ্রাহকের সঙ্গে। এল নতুন উদ্যোগের চিন্তা। সবার সংগ্রহ এক করার ভাবনা থেকে বেশ কয়েকজন ক্রিকেট স্মারক সংগ্রাহক, সমর্থক মিলে গড়লেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। ২০১৩ সালের ২৩ মে মাসে আত্মপ্রকাশ করা এ সংগঠনের প্রধান জুনায়েদ বললেন, ‘সমর্থকেরা সব সময়ই খেলাধুলার গুরুত্বপূর্ণ অংশ। অথচ সমর্থকদের সুবিধা-অসুবিধার কথা ভাবা হয় কমই। একটা টিকিট কাটতেও কত হ্যাপা!’ এ কারণে সমর্থকদের একটা প্ল্যাটফর্ম গড়ে তোলার ভাবনা আসে জুনায়েদের মাথায়, ‘সে ভাবনা থেকেই আমাদের আত্মপ্রকাশ। ক্রিকেট-সংক্রান্ত নানা সংকটে আমরা এককাট্টা থাকতে চাই। খেলোয়াড়দের সমর্থন দিতে চাই তাঁদের সাফল্য-ব্যর্থতায়।’

গ্যালারির দোতলায় মোটামুটি আগের বছরের সংগ্রহগুলোই ছিল। নতুন যোগ হয়েছে লর্ডসের ২০০তম টেস্ট ম্যাচ টিকিট। টিকিটে রয়েছে ওই ম্যাচ খেলা তামিম ইকবালের অটোগ্রাফ। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টস কয়েন সংগ্রহ করা হয়েছে নিলাম থেকে কিনে। প্রথম অংশ নেওয়া ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের জার্সি যোগ হয়েছে। সংযোজন হয়েছে বাংলাদেশ দলের ২০১৫ বিশ্বকাপের জার্সিও। যে জার্সিতে মাহমুদউল্লাহ হাঁকিয়েছিলেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি, সেটিও যোগ হয়েছে। দুই পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসের অটোগ্রাফ–সংবলিত বলের দেখাও মিলল। যে টেস্ট ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় বলেছিলেন শচীন টেন্ডুলকার, সেটির টিকিটও যোগ হয়েছে এবার।
তিনতলায় ঢুকতেই বাঁ হাতে প্রথমআলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় তোলা কয়েকটি বিখ্যাত ছবি। সঙ্গে ছিল ডেইলিস্টার–এর আলোকচিত্রী ফিরোজ আহমেদ ও ঢাকাট্রিবিউন–এর মাইনুর ইসলামের দারুণ কিছু ছবি।

আয়োজনের আরেকটি আকর্ষণ ছিল দেশের স্বনামধন্য ক্রীড়া সাংবাদিকদের লেখা বইয়ের আলোচনা। ‘রিভিউ অন ক্রিকেট লিটেরেচার’ পর্বে ছিল প্রথমআলোর ক্রীড়া সম্পাদক উত্পল শুভ্রের শচীনরূপকথা, এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক অঘোর মণ্ডলের এক্সট্রাটাইম, কালেরকণ্ঠপত্রিকার ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুনের ক্রিকেটেরপাঞ্চও ইত্তেফাক–এর ক্রীড়া প্রতিবেদক দেবব্রত মুখোপাধ্যায়ের সাকিবআলহাসান: আপনচোখেভিন্নচোখে বইয়ের আলোচনা। অনুষ্ঠানে লেখকেরা নিজের বই নিয়ে মতবিনিময় করেছেন উপস্থিত দর্শকের সঙ্গে।

সাংবাদিক দুলু মল্লিকের ‘স্যার ডন ব্র্যাডম্যান’ সংগ্রহটাও ছিল তাক লাগানোর মতো। রাজশাহীর আহসানুল রনির সংগ্রহে থাকা প্রথমআলোর খেলাবিষয়ক ক্রোড়পত্র ‘স্টেডিয়াম’–এর (অধুনালুপ্ত) বেশ কয়েকটি সংখ্যা ঠাঁই পেয়েছিল উত্সবে। বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে বিসিএসএর সদস্য জাফিরের করা গ্রাফিকসগুলো রীতিমতো চোখজুড়োনো! আরেক সদস্য জুবায়ের সাঈদ প্রিয়র স্কেচও ছিল প্রশংসনীয়। এ ছাড়া শোভা পেয়েছিল ফ্যাশন ডিজাইনার সেজান লিংকনের করা বাংলাদেশ দলের জার্সিগুলো। এ উত্সবে বিসিএসের সঙ্গে প্রথমবারের মতো যোগ হয়েছিল ক্লেমন ক্রিকেট একাডেমি।
উত্সবের শেষ দিনে সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেটের সাত গুণী কোচকে। এ তালিকায় ছিলেন মো. বজলু, মন্টু ও চান খানের মতো প্রয়াত কোচরা। ছিলেন বর্তমান সময়ের ওসমান খান, সৈয়দ আলতাফ হোসেন, জালাল আহমেদ চৌধুরী ও সরোয়ার ইমরান।
জুনায়েদের স্বপ্ন, নিখাদ ক্রিকেটপ্রেমীদের নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে চান বহুদূর। জানালেন, ফেসবুকে সংগঠনের সদস্য এক লাখ ছাড়িয়েছে, নিবন্ধিত সদস্যসংখ্যা ৫৫০। বললেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চাই আমরা। তা ছাড়া আমাদের মধ্যে শখ জিনিসটাও কমে গেছে। ডাকটিকিট বা স্মারক সংগ্রহের সেই তাগিদ খুব একটা দেখা যায় না এখন। এখনকার ছেলেমেয়েরা মুঠোফোন, ভিডিও গেমস কিংবা সোশ্যাল নেটওয়ার্কিংয়েই সীমাবদ্ধ। সবাইকে উত্সাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’