আরেক গোর্খাল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল শান্ত হবে বলে মনে করেছিল অনেকেই। কারণ বিদ্রোহীদের প্রধান দাবি যৌথ বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার দল জিতলেও শান্তি ফেরেনি জঙ্গলমহলের তিন জেলায়। নির্বাচনের প্রাক্কালে চরমপন্থী মাওবাদীদের তৎপরতা কিছুটা কমলেও নির্বাচনের পর আবার বেড়েছে। কারণ, মাওবাদীদের প্রতি মুখ্যমন্ত্রী মমতার নতুন অবস্থান।মাওবাদীরা জঙ্গলমহলের সমস্যা সমাধানের জন্য দার্জিলিংয়ের ধাঁচে একটি স্বশাসিত পরিষদ গঠনের দাবি জানিয়েছে। অনেকেই একে দেখছে মমতার জন্য নতুন বিপত্তি হিসেবে।পাহাড় আর জঙ্গলে ভরা পশ্চিমবঙ্গের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জঙ্গলমহল হিসেবে পরিচিত। মমতার জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছিল পশ্চিমবঙ্গের মাওবাদীরা। তারাও ঘোষণা দিয়েছিল যে জঙ্গলমহলে সিপিএম ও যৌথ বাহিনীর অত্যাচার বন্ধের জন্য তারা মমতাকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। মমতা ক্ষমতায় এসে মাওবাদীদের ‘জীবনের মূল স্রোতে’ ফিরে আসার ডাক দিলেন। আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য ঘোষণা করলেন আর্থিক প্যাকেজ। জঙ্গলমহলের ১০ হাজার তরুণ-তরুণীকে পুলিশে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করলেন। কিন্তু মাওবাদীরা অনড় রইল দুই দফা নিয়ে: জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তি।মাওবাদীরা ১০ হাজার তরুণ-তরুণীকে পুলিশে চাকরি দেওয়ার ঘোষণাকে প্রত্যাখ্যান করে গোটা এলাকায় পোস্টার সেঁটে জানিয়ে দেয়, পুলিশে চাকরির জন্য কেউ আবেদন করলে তাকে ‘চরম শাস্তি’ ভোগ করতে হবে। তাদের অভিযোগ, রাজ্য সরকার পুলিশে চাকরির নামে জঙ্গলমহলে ‘সরকারি হার্মাদ’ তৈরি করার উদ্যোগ নিয়েছে।চাকরির প্রস্তাবের আগে মুখ্যমন্ত্রী মমতা গত ১২ আগস্ট ঘোষণা করেন এক আর্থিক প্যাকেজ। সেই প্যাকেজ ঘোষণা করে মমতা বলেছিলেন, আত্মসমর্পণ করলে মাওবাদীদের জীবনের নিরাপত্তা বিধান করবে রাজ্য সরকার। জনপ্রতি তিন বছর ধরে মাসে দেওয়া হবে দুই হাজার রুপি করে অনুদান। স্বাবলম্বী করার জন্য ব্যবস্থা করা হবে চাকরি ও ব্যাংকঋণের। এ ছাড়া আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রত্যেককে দেড় লাখ রুপির একটি স্থায়ী আমানত করে দেওয়া হবে।এ ছাড়া আগ্নেয়াস্ত্র জমা দিলে অস্ত্র বুঝে ২৫ হাজার রুপি থেকে দুই লাখ রুপি পর্যন্ত আর্থিক অনুদান দেওয়ার কথাও ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ক্ষমতা গ্রহণের চার মাস অতিবাহিত হলেও মূল দাবি যৌথ বাহিনী প্রত্যাহারের কোনো ঘোষণা দিলেন না তিনি। ক্ষুব্ধ মাওবাদীরা এখন এক ধাপ এগিয়ে গিয়ে দার্জিলিংয়ের ধাঁচে জঙ্গলমহলে একটি স্বশাসিত পরিষদ গঠনের দাবি জানিয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতিমতো মমতা দার্জিলিং সমস্যা সমাধানের লক্ষ্যে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) বা ‘গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন’ নামে একটি স্বশাসিত পরিষদ গঠন করার লক্ষ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই করেছেন। এবার মাওবাদীরাও সেই রকম কিছু চাইছে। তারা ইতিমধ্যে ‘স্বাধিকার ও উন্নয়নের নয়া দলিল’ নামে পার্টির একটি দলিলও তৈরি করেছে। সিপিআইয়ের (মাওবাদী) মুখপত্র পিপলস মার্চ-এ এ-সংক্রান্ত প্রতিবেদনে এই দাবিকে ‘গণদাবি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে ঝাড়খণ্ড সমন্বয় মঞ্চও একই দাবি করেছে। মাওবাদীদের প্রস্তাবিত স্বশাসিত পরিষদ কোন কোন অঞ্চল নিয়ে গড়া হবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে মনে করা হচ্ছে লালগড়, বেলপাহাড়ি, বান্দোলন, বারিকুল ইত্যাদি মাওবাদী এলাকাকে সংযুক্ত করে এই পরিষদ গঠনের দাবি জানানো হবে।পিপলস মার্চ-এর প্রতিবেদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে বলা হয়, যৌথ বাহিনী প্রত্যাহার, কারাবন্দীদের মুক্তি, নেতাদের গ্রেপ্তার ইত্যাদি ইস্যুতে মমতার জোট সরকার ভোল বদলে ফেলেছে। জঙ্গলমহলের মানুষ রায় দিয়েছে গণতন্ত্রের পক্ষে। স্বাধিকার, উন্নয়ন, ইজ্জত, গণতন্ত্র—এ সবই জঙ্গলমহলের দাবি আজ। এই দাবি সারা পশ্চিমবঙ্গের। এ সবই চায় জঙ্গলমহলের মানুষ। চায় না ভিক্ষার দান। অমর সাহা, কলকাতা