বাবা সৈয়দ আহসান আলীর (সিডনি নামেই পরিচিত ছিলেন বেশি) বন্ধু বাহার ছিলেন একজন ঝানু শিকারি। তাঁর সঙ্গে প্রায়ই শিকারে বেরোতেন বালক জীতু আহসান। জমিদার বংশের সন্তান হওয়ায় শিকারের নেশাটা সেই ছোট্টবেলা থেকেই পেয়ে বসে তাঁকে। সঙ্গে যোগ হয়েছিল সংগ্রহের নেশাও।সেই ছোটবেলা থেকেই পূর্বপুরুষদের ব্যবহার্য জিনিসপত্রের প্রতি বাবার মোহ দেখে একসময় নিজেরও শখ জাগে এসব জিনিস যত্নে আগলে রাখার। বাবার মৃত্যুর পর সেই শখটি যেন এবার মাথার ওপর দায়িত্ব হয়েই বর্তায়। তার পর থেকে ঘরের ভেতর নিজের মতো করে সাজিয়ে নেন পূর্বপুরুষদের রেখে যাওয়া সব স্মৃতি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা জিনিসগুলোকেও একত্র করে আগলে রাখেন তিনি। পুরো ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখার ফাঁকে ফাঁকে এভাবেই ঘরের ভেতর জাদুঘর হয়ে ওঠার গল্পটি শুনিয়ে যান অভিনেতা জীতু আহসান।ঘর জাদুঘরদরজা ঠেলে ঘরের ভেতর ঢুকতেই চোখ পড়ে ওপরে ঝোলানো ঢাউস একটি ঝাড়বাতির দিকে। প্রাচীন আমলের ঝাড়বাতিটির কোনার দিকে একটু ভেঙে গেছে। ১৫০ বছর আগে যখন ঝাড়বাতিটি ব্যবহার করা হতো, তখন ছোট ছোট চিমনিগুলোর ভেতরে বাতি হিসেবে মোমবাতি জ্বালানো হতো। তবে এখন সেই চিমনিগুলোতে ছোট ছোট বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে। এ ছাড়া ঘরের চারদিকে বেশ কয়েকটি প্রাচীন আমলের চিমনি বসানো আছে, যাতে এখন মোমের বদলে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। ঘরটির ঠিক ডান দিকেই আছে দেয়ালের সঙ্গে লাগানো তিনটি আলমারি। এই আলমারিগুলোর বয়সও প্রায় ১৫০ বছরের কাছাকাছি। ইংল্যান্ডের বিখ্যাত হ্যারডস কোম্পানির তৈরি এসব আলমারির দরজার কাচগুলো সব বাঁকাভাবে বিশেষ কায়দায় লাগানো। ‘এখন আর এ ধরনের বাঁকানো কাচের আলমারি দেখা যায় না।’ বলছিলেন জীতু আহসান।শুরুতে রাখা আলমারিটির নাম হচ্ছে রুপার আলমারি। এই আলমারির ভেতর সাজিয়ে রাখা প্রায় সব জিনিসই রুপার তৈরি। রুপার এই জিনিসগুলোর মধ্যে আছে আতরদানি, প্রাচীনকালের পানের বাটা, গোলাপজল ছিটানোর পাত্র, হুক্কার কলকি। কোনো কোনোটায় আবার রুপার সঙ্গে ক্রিস্টালও মেশানো। আর একদম শেষের আলমারিতে আছে বাবা সৈয়দ আহসান আলীর ব্যবহার করা অসংখ্য গ্যাসলাইটার। এই গ্যাসলাইটারগুলোও যে নতুন, তা কিন্তু নয়। এই লাইটারগুলোর বেশির ভাগই বিভিন্ন আকৃতির ক্যামেরার মতো দেখতে, কোনোটা পিস্তল, কোনোটা আবার একদম সাধারণ। এই ঘরের ঠিক মধ্যিখানে আছে একদম চিকন কাঠ দিয়ে বানানো সোফা। ১৫০ বছর পেরোনোর পরও এখনো ব্যবহারোপযোগী আছে এই সোফাগুলো।তবে জীতু আহসান শুধু সংরক্ষক নন; বরং নিজেও একজন সংগ্রাহকও। জীতু আহসানের সংগ্রহগুলোর মধ্যে আছে জুতা, হাতঘড়ি আর টাই।ঘর পেরিয়েএই ঘর পেরিয়ে ওই ঘরে যাই। ওই ঘরে ঢুকতেই এক কোনা থেকে অভিনন্দন জানায় কথা বলা পোষা ময়নাপাখি। এই ঘরের পরিবেশটা একটু ভিন্ন রকমের। খুব একটা গোছানো নয়। এই ঘরেও সাজিয়ে রাখা আছে সেই আমলের কয়েকটি চেয়ার। চিকন কাঠের তৈরি এই চেয়ারগুলোতে আছে সে সময়ের খোদাই শিল্পীর হাতের নিপুণ কারুকাজ। এর পাশেই একটা ছোটমতো কাঠের বাক্সের ওপর সাজিয়ে রাখা আছে কিছু বেল্টের বকরম। বড় বাবা সৈয়দ হাসান আলী ও দাদা সৈয়দ মোহাম্মদ আলীর নাম খোদাই করা বেল্টের এ বকরমগুলো সেই আমলের বেয়ারারা ব্যবহার করত।এর পরের ঘরটিতে সাজিয়ে রাখা আছে প্রাচীন আমলের সব নিত্যব্যবহার্য জিনিসপত্র। এর মাঝে আছে একটি টি-সেট। এই টি-সেটটির একদিকে একটা টিপকল আছে, যাতে চাপ দিলেই চা বের হয়ে আসে। সাজিয়ে রাখা ডাবল প্লেটটি অসাধারণ! প্লেটটির নিচে একটি বাটির মতো জায়গা আছে, যেখানে গরম পানি রাখা হয়; যাতে খাবার গরম থাকে বেশি সময়। এ রকম আরও অসংখ্য জিনিসপত্রে ভরা এই ঘরটি। পূর্বপুরুষদের ব্যবহূত জিনিসপত্রগুলো সযত্নে আগলে রাখছেন তিনি। পেশায় পুরোদস্তুর অভিনেতা জীতু আহসান এই জিনিসগুলোর মাঝে তাঁর বাবাসহ পূর্বপুরুষদের ছায়া দেখতে পান।