আরেক দফা ওবামা ধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) তিন দিনের সম্মেলন হয়ে গেল ১৪ থেকে ১৬ মে নর্থ ক্যারোলাইনার শার্লটে। এবার ছিল তাদের ১৩৯তম সম্মেলন ও প্রদর্শনী। এ উপলক্ষে আয়োজন করা হয় বিশাল এক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী। সংগঠনটির সঙ্গে যুক্ত অনেকের কাছেই অবশ্য এটি স্রেফ কিছু বন্দুকের প্রদর্শনী নয় বরং একান্তই মার্কিন এক সাংস্কৃতিক উপকরণের উদ্যাপন।তিন দিনের এ অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন ৭০ হাজারের বেশি বন্দুকের মালিক আর শ্যুটার। ছিলেন সারাহ পেলিনের মতো জ্বালাময়ী বক্তৃতার জন্য পরিচিত নেতা। সুযোগ পেয়ে ওবামা এবং উদারপন্থীদের একহাত নিয়েও নেন গত নির্বাচনে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পেলিন। শার্লট কনভেনশন সেন্টারে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেয় ৪৬০টি প্রতিষ্ঠান। তারা নিয়ে আসে সর্বাধুনিক পিস্তল-রিভলবার, রাইফেল আর শিকারের সরঞ্জামসহ রাজ্যের জিনিসপত্র। ছিল গৃহযুদ্ধের আমলের সংস্কার করা বন্দুক থেকে শুরু করে মার্শাল আর্টের তলোয়ার পর্যন্ত। সবচেয়ে ভিড় ছিল যেসব জায়গায় তার মধ্যে একটি হচ্ছে লুকিয়ে রাখা যায় এমন হোলস্টারের (পিস্তল-রিভলবার রাখার খাপ) দোকান। যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে শরীরে লুকিয়ে রাখা অস্ত্রের জন্য পারমিট লাগে। প্রদর্শনী ছাড়াও ছিল বিভিন্ন কার্যক্রম। ইনডোর শ্যুটিং রেঞ্জে অভিজ্ঞ সুপারভাইজাররা সবাইকে আরও ভালো শ্যুটার হওয়ার কৌশল বাতলে দেন।এনআরএর এ সম্মেলনকে কেন্দ্র করে আরেকবার মুখর হতে দেখা গেল কট্টর ওবামাবিরোধীদের। বন্দুক রাখার স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ওবামা প্রশাসন তাদের সংবিধানপ্রদত্ত অধিকার ক্ষুণ্ন করতে পারে—এ আশঙ্কা জানিয়ে সদস্যদের সজাগ থাকতে বলেন নেতারা।এনআরএর একজন ম্যানেজার হাওয়ার্ড কিউ মুডি সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংগঠন হচ্ছে ক্রীড়ানুরাগী, দেশপ্রেমিক আর পরিবারমুখী একটি প্রতিষ্ঠান। আমরা বন্দুক ভালোবাসি, কারণ এ যন্ত্রটি আমরা পছন্দ করি এমন সব কাজ করার সুযোগ করে দেয়।’ তা এই পছন্দের কাজগুলো কী? মুডির ভাষায় সেগুলো হচ্ছে: খেলা হিসেবে শ্যুটিং চর্চা, পরিবারের সবাই মিলে মজা করা এবং প্রয়োজন পড়লে প্রিয়জন ও সহায়সম্পদ রক্ষা করা।১৮৭১ সালে দুজন ইউনিয়ন আর্মি সেনা নিউইয়র্কে এনআরএ প্রতিষ্ঠা করেন। গৃহযুদ্ধের সময় সেনাদের বাজে লক্ষ্যভেদ দেখে হতাশ ওই সেনাদ্বয় শ্যুটারদের প্রশিক্ষণ আর অন্যান্য সমর্থন দিতে এটি চালু করেন।তারপর থেকে সংগঠনটি ক্রমে একটি বিশাল রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে। এনআরএর সদস্যসংখ্যা প্রায় ৪০ লাখ। আর তারা দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক লবিং গ্রুপগুলোর একটি হিসেবেই পরিচিত। অনেকের মতে, এমনকি ইহুদি লবির চেয়েও শক্তিশালী এনআরএ।এনআরএর মূল ঘোষিত রাজনৈতিক আদর্শ হচ্ছে মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীর সুরক্ষা ও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি। এতে বলা হয়েছে, ‘জনগণের অস্ত্রের মালিক হওয়া ও তা বহন করার অধিকার ক্ষুণ্ন করা যাবে না।’এনআরএ যদি মনে করে তাদের ওই অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে তাহলে তারা তা রুখে দাঁড়ায়। যেমন আধা স্বয়ংক্রিয় শক্তিশালী অস্ত্র রাখার নিয়ম-কানুন কঠোর চেষ্টাকে তারা তাদের অধিকারের পরিপন্থী মনে করে। এনআরএ শিকারী ও স্পোর্টস শ্যুটারদের অধিকার সংরক্ষণের জন্য জোর তৎপরতা চালায়। দুটি গ্রুপ সংগঠনটির সবেচয়ে জোরদার সমর্থকদের অন্যতম।এনআরএ মনে করে এ সংগঠনের সদস্যপদ একটি সাংস্কৃতিক পরিচয়ও। এনআরএর সদস্য মানেই একদল মানুষ, যারা নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা ও দেশপ্রেমের বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। অস্ত্রের মালিক হওয়া আমেরিকার সীমান্তের ঐতিহ্যের সঙ্গে একটি সংযোগও। সে এলাকায় প্রথমদিকে বসতি স্থাপনকারীদের নিরাপত্তার জন্য অস্ত্র ছিল অত্যাবশ্যকীয়।ডানপন্থী রক্ষণশীলদের এক কঠিন ঘাঁটি হিসেবেই পরিচিত সংগঠনটি। এনআরএর সমালোচকদের মতে, ওবামা তাদের সব দাবি মেনে নিলেও তারা তাকে ভালো বলবে না। কারণ তার গায়ের রংটিও তাদের আপত্তির অন্যতম কারণ।এনআরএর আশঙ্কা, বর্তমান সরকার তাদের অস্ত্র রাখার অধিকারে হাত দিতে পারে। এনআরএ লিডারশিপ ফোরামে এ আশঙ্কা খুব ভালোভাবেই প্রকাশ পেয়েছে। ফোরামে মত প্রকাশ করা হয় যে দেশ ক্রমশই বামপন্থার দিকে ঝুঁকছে। সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন ‘দেশকে ফিরে পাওয়ার’ দাবি তোলে। সদস্যরা বিপুল উৎসাহেই সাড়া দিয়েছে তাতে।জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন বিশ্ব সংস্থাটির সমালোচনা করে একটি বক্তৃতা দেন যা সদস্যদের কাছ থেকে বেশ হাততালি পায়। তিনি জাতিসংঘের অস্ত্র নীতিকে একটি ফাঁদ আখ্যা দিয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে না। বোল্টন অভিযোগ করেন, জাতিসংঘ জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে এবং যুক্তরাষ্ট্রের সংবিধানকে ছোট করেছে।তবে অনুষ্ঠানের আসল আকর্ষণ ছিলেন আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেলিন। এমনিতে বক্তৃতার জন্য অনেক টাকা নিলেও পেলিন এ অনুষ্ঠানের জন্য তা কমান।পেলিন তাঁর ভাষণে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা ও তাঁর মিত্ররা অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে তুলনামূলকভাবে চুপচাপ আছেন। তবে এ জন্য না যে তারা আপনাদের অধিকার সীমিত করতে চান না। তাঁরা চুপ কারণ তাঁরা এর রাজনৈতিক পরিণতির কথা ভেবে ভয় পান।’ অথচ এ পর্যন্ত ওবামার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকারের পাস করা একমাত্র আইন হচ্ছে ন্যাশনাল পার্কগুলোতে গুলিভরা বন্দুক নিয়ে প্রবেশের জন্য লাইসেন্সধারীদের অনুমতি দেওয়া। অর্থাৎ বন্দুক লবির পক্ষেই একটি উদ্যোগ। কিন্তু ওবামার উদ্দেশ্যের ব্যাপারে কনভেনশনে উপস্থিতদের সন্দেহ যেন কিছুতেই যাওয়ার নয়। তারা এ প্রসঙ্গে ওবামার নির্বাচনী প্রচারণার একটি ভাষণের কথা তুলে থাকে। ওবামা ওতে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের শিল্প এলাকার মোটা বেতনভূক লোকজন মেজাজ খারাপ হলে বন্দুক আর না হয় ধর্ম আঁকড়ে ধরে।এনআরএর মুখপাত্র আলেক্সা ফ্রিটস বলেন, ‘এটা মুখের ওপর চপেটাঘাত ছাড়া কিছু না। আমাদের অতি সাবধান থাকতে হবে। আশা করে বসে থাকলে চলবে না।’