আরেক দফা বাড়ল বেকারিপণ্যের দাম
নগরে আরেক দফা বাড়ল বেকারিপণ্যের দাম। কেক, বিস্কুট, পাউরুটিসহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে গড়ে ১০ শতাংশ। ব্যবসায়ীরা বলছেন, আটা-ময়দা, ভোজ্যতেল ও ডিমের দাম লাগামহীনভাবে বেড়েছে। ফলে বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে। এর আগে গত বছরের নভেম্বরে এক দফা বাড়ানো হয় বেকারিপণ্যের দাম।নগরের কয়েকটি বেকারিতে খোঁজ নিয়ে জানা যায়, ছোট আকারের একটি পাউরুটির দাম আগে ছিল ১২ থেকে ১৫ টাকা, তা এখন বেড়ে হয়েছে ২৫ টাকা। ভালো মানের বিস্কুটের কেজি ১২০ থেকে হয়েছে ১৫০ টাকা। ৮০ থেকে ৯০ টাকা দামের কেক দাম বেড়ে হয়েছে ১২০ থেকে ১৫০ টাকা। এ ছাড়া সাধারণ মানের বিস্কুটের প্রতি প্যাকেটে ও স্ন্যাকস আইটেমের দামও বেড়েছে গড়ে পাঁচ টাকা। নগরের চৌমুহনী এলাকার বাসিন্দা রাশেদ হোসেন বলেন, ‘ভালো ও গুণগত মানের কারণে আমরা দীর্ঘদিন থেকেই আমাদের পরিচিত স্থানীয় বেকারি থেকে পাউরুটি, বিসু্কট, কেক ইত্যাদি কিনে আসছি। কিন্তু কিছুদিন থেকে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বেকারিপণ্য কেনা কমিয়ে দিয়েছি।’ আনিস আহমেদ নামের লালখান বাজারের এক ক্রেতা বলেন, ‘কেকের দাম ৮০ টাকা থেকে ১৫০ টাকা হয়ে গেছে এক লাফে। এটা কেমন কথা। দাম বাড়বে, তাই বলে এত বেশি!’বেকারির মালিক সূত্রে জানা যায়, বেকারিপণ্য তৈরিতে ব্যবহার করা পামতেলের দাম বেড়ে গেছে সাম্প্রতিক সময়ে। প্রায় ১৮৭ কেজি ওজনের এক ড্রাম পামতেলের দাম আগে ছিল সাড়ে ১৯ হাজার টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার টাকা। ডিমের দাম প্রতি শ ৫৬০ থেকে বেড়ে ৮১০ টাকা হয়েছে। এ ছাড়া বেড়েছে আটা-ময়দার দামও। ব্যবসায়ীদের অভিযোগ, ডলারের দাম বেড়েছে বলে আমদানিকারকেরা তেলসহ বিভিন্ন উৎপাদনসামগ্রী আমদানি করতে চাচ্ছেন না। আবার পাইকারি ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন। আগামী সময়ে দাম আরও বেড়ে যেতে পারে—এ আশঙ্কায় অনেক বেকারির মালিক পণ্য কিনে মজুদও করছেন। ফলে দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি বাড়ছে। এ প্রসঙ্গে নাম জানাতে অনিচ্ছুক এক বেকারি মালিক বলেন, ‘কাঁচামালের দাম এমন হু হু করে বেড়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক। আমরা কি কোনো প্রতারণার শিকার হচ্ছি, না ইচ্ছে করেই আমাদের কাছ থেকে বেশি দাম আদায় করা হচ্ছে তা বুঝতে পারছি না। কারণ আগে যেখানে দুই-এক টাকা করে বাড়তো এখন সেখানে তেল ও ডিমের দাম কয়েকগুণ বেশি হাঁকা হচ্ছে। বিশেষ করে তেলের ক্ষেত্রে সবখানেই একটি কথা বার বার বলা হচ্ছে। তা হলো ডলারের দাম বেড়েছে।’বেকারি পণ্যের দাম বাড়ার ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বেকারি মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবু ইউসুফ বলেন, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বাধ্য বেকারি পণ্যের দাম বাড়ানো হয়েছে। মান ঠিক রাখতে হলে দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই।