যুক্তরাষ্ট্রের জাতীয় শিক্ষাব্যবস্থায় অসামান্য অবদান রাখার জন্য ‘হ্যারল্ড ডব্লিউ ম্যাকগ্র প্রাইজ ইন এডুকেশন’ পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪০ লাখ টাকা)। এ বছর এই পুরস্কারে ভূষিত হলেন জন মেরো, অ্যারিয়েলা রোজম্যান, টিমোথি ড্যালি এবং বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানগৃহশিক্ষক চাই? দিনরাত ২৪ ঘণ্টাই তাঁকে পাওয়া যাবে—যতক্ষণ চাই ততক্ষণই তিনি পড়াবেন। ধীরে কিংবা দ্রুত নয়, ঠিক যে গতিতে আপনি বুঝতে পারেন, সেভাবেই তিনি শিখিয়ে যাবেন। গণিত, বিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস—এমন অসংখ্য বিষয় তাঁর নখদর্পণে। কোথায় শিখলেন এত কিছু? শিখেছেন এমআইটি আর হার্ভার্ডের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে। আগে পড়ানোর অভিজ্ঞতা আছে কি না, জানতে চান? পৃথিবীজুড়ে লাখ লাখ মানুষ তাঁর ছাত্র! একটু অনুমান করুন তো, কত বেতন হতে পারে এমন একজন শিক্ষকের? শূন্য টাকা!শুনতে আষাঢ়ে গল্প মনে হলেও ইন্টারনেটের যুগে এটিই বাস্তব। আর একে বাস্তব করে তুলেছেন যিনি, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সালমান খান। খান একাডেমি আর এর প্রতিষ্ঠাতা সালমান খানকে বাংলাদেশের তরুণদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সবার জন্য বিনা খরচে পৃথিবীর সর্বত্র মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য সামনে নিয়ে খান একাডেমির জন্ম, তা এক বৈপ্লবিক কর্মযজ্ঞই বটে। প্রথমে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে গণিত, কম্পিউটার বিজ্ঞান ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে সালমান প্রযুক্তি নিয়েই কাজ শুরু করেন সিলিকন ভ্যালিতে।কাজিন নাদিয়াকে অঙ্ক শেখাতে গিয়ে খেয়ালের বশে গড়ে তোলেন এ পদ্ধতি। খান একাডেমি আজ তিন হাজার ২০০-এর বেশি ভিডিও নিয়ে শিক্ষামূলক সমৃদ্ধ এক ওয়েবসাইট। প্রতি মাসে ৬০ লাখের বেশি ব্যবহারকারী এই সাইটে এসে তাঁদের প্রয়োজনমতো পড়াশোনা করছেন। শিক্ষাক্ষেত্রে এ অবদানের জন্য ম্যাকগ্র হিল রিসার্চ ফাউন্ডেশন এ বছরের ১৯ সেপ্টেম্বর সালমান খানকে ‘হ্যারল্ড ডব্লিউ ম্যাকগ্র প্রাইজ ইন এডুকেশন’ পুরস্কার দেয়। সালমান ছাড়াও জন মেরো, অ্যারিয়েলা রোজম্যান ও টিমোথি ড্যালি এ বছর এ পুরস্কার পেয়েছেন।সালমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার প্রচলিত পদ্ধতিটাকে বদলে দিতে। যেখানে ক্লাসে একজন শিক্ষকের অধিকাংশ সময়ই ব্যয় হয় শিক্ষার্থীদের সামনে কোনো একটি বিষয় উপস্থাপন করে তা সবাইকে বোঝানোর চেষ্টা করতে, সেখানে শিক্ষার্থীদের নিয়ে সমস্যা সমাধান করানো বা তারা কোন জায়গায় বুঝতে হিমশিম খাচ্ছে, তা দেখা একেবারেই অসম্ভব। তাই ক্লাসের যে দুর্বল ছাত্রটি অন্যদের চেয়ে বুঝতে কিছুটা বেশি সময় নেয়, তার গৃহশিক্ষকের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় থাকে না। কিন্তু খান একাডেমি শেখানো ও শেখার এই ধারাটিকেই বদলে দেওয়ার চেষ্টা করছে।ক্যালিফোর্নিয়ার ২৫টি স্কুলে এখন খান একাডেমির পাইলট প্রকল্প চলছে, যেখানে শিক্ষার্থীরা খান একাডেমির ওয়েবসাইট দেখে বাড়িতে বসেই একটি নির্দিষ্ট বিষয় শিখে ক্লাসে আসছে, আর যা বুঝতে সমস্যা হচ্ছে তার সমাধান নিচ্ছে ক্লাসের শিক্ষকের কাছ থেকে। অর্থাৎ বাসায় বসে ভিডিও দেখে বুঝে নেওয়া, ক্লাসে এসে শিক্ষকের সহায়তায় সমস্যা সমাধান করা—ব্যস, শেখা হয়ে গেল। এখানেই শেষ নয়, নিজে নিজে পরীক্ষা দিয়ে তার ফলও বের করে নেওয়া যাচ্ছে একই সাইট থেকে। খুব আত্মকেন্দ্রিক পড়াশোনা মনে হচ্ছে? মোটেই নয়। কারণ, পুরো ক্লাসের ফলাফলই শিক্ষক, শিক্ষার্থী ও তাদের মা-বাবার দেখার জন্য উন্মুক্ত। এমনকি পরীক্ষার ফলাফলকে কতভাবে বিশ্লেষণ করা যায়, তারও রয়েছে হাজারো পদ্ধতি। একটি নির্দিষ্ট অঙ্ক ক্লাসের ঠিক কতজন সমাধান করতে পারল, কত সময়ের মধ্যে পারল, কে পারছে, আর কে হিমশিম খাচ্ছে—তা সবই দেখা যাচ্ছে অনলাইন ড্যাশবোর্ডে।সালমানের স্বপ্নের কমতি নেই। এ বছর ক্যালিফোর্নিয়ার প্যালো অ্যাল্টোতে শুরু হয়েছে ‘খান একাডেমি ডিসকভারি ল্যাব’। এখানে শিশুদের নিয়ে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে তারা খান একাডেমির ওয়েবসাইট ব্যবহার করে শিক্ষা গ্রহণ করছে। ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, এই ল্যাব যদি গ্রহণযোগ্যতা পায়, তাহলে তাঁর ইচ্ছা আছে আগামী বছর সারা মার্কিন যুক্তরাষ্ট্রে এমন ল্যাব চালু করা।এ বছর অক্টোবরে ৩৬ বছরে পা রাখবেন সালমান। কিন্তু এত কম বয়সেই তিনি সারা পৃথিবীর শিক্ষানুরাগী আর লাখ লাখ শিক্ষার্থীর অন্যতম প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। কীভাবে সম্ভব হলো এত কিছু, তা-ও এত কম সময়ে? এ বছর ৮ জুন এমআইটির সমাবর্তনে এসে সালমান বলেন, ‘কখনো কোনো কিছুতে উৎসাহ পেলে, সোজা কাজে লেগে যাও। কাউকে উল্টোপাল্টা কিছু বলার সুযোগ না দিয়ে নিজের মতো কাজ শুরু করো—অন্তত একবার চেষ্টা করে দেখো। অলসতা, অহংকার অথবা ভয়—এসব কিছু যেন কখনো তোমাকে সুযোগের সদ্ব্যবহার করা থেকে দমিয়ে রাখতে না পারে। শুধু একটি পদমর্যাদা, বা বিশাল ব্যাংক অ্যাকাউন্টের মালিকানাই তোমার সবকিছু নয়। তুমি নৃত্যশিল্পী, তুমি কবি, তুমি আবিষ্কারক, তুমি উদ্ভাবক! নিজের শখের জিনিসগুলোকে জীবনে জায়গা করে দিলে সেগুলো তোমাকে আরও সামনের দিকে নিয়ে যাবে।’