
হাজার বছর ধরে উপন্যাসের লেখক পরিচিতি পড়াতে গিয়ে মাজহারুল স্যার বলেছিলেন আরেক ফাল্গুন উপন্যাসের কথা। সে উপন্যাস যেন তাঁর মুখস্থ ছিল। বিভিন্ন অংশ থেকে শুনিয়েছিলেন।
আমরা তখন দুলালপুর স্কুলে নবম শ্রেণির ছাত্র। আজ এত বছর পর আরেক ফাল্গুনের রাতে উপন্যাসটি পড়লাম। শেষ পৃষ্ঠা পড়া শেষ করতেই কেমন যেন আনমনা হয়ে গেলাম। বিছানা থেকে উঠে গিয়ে জানালা খুলে গ্রিল ধরে দাঁড়ালাম। হাওয়ায় ভেসে আসছে আমের বোলের মিষ্টি সুবাস। ফাল্গুন আমার কাছে পরিচিত দুটি জিনিসে—শিমুল ফুল আর আমের মুকুল।
হাওয়া বয়ে যাচ্ছে, বাতাসে বসন্তের ঘ্রাণ। মনের পর্দায় ভেসে উঠল দুলালপুর স্কুল, মাজহারুল স্যার, টুকরো টুকরো দৃশ্য; মুনিম, সালমা, রসুল, আসাদ, বেণু, নীলা চরিত্রগুলো এখনো জীবন্ত হয়ে আছে আমার কাছে। আরও কত কী! ভাবতে শিহরণ জাগে কিসের নেশায় সব বাধা-বিপত্তি ও ভয়কে তুচ্ছজ্ঞান করেছিল তারা!
মনে হতে থাকে, একটিবার যদি ফিরে যেতে পারতাম ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনগুলোয়, তাহলে হয়তো জানতে পারতাম তাদের হৃদয়ছেঁড়া মূলমন্ত্র।
আবার হয়তো কখনো মাজহারুল স্যার ছাত্রদের পড়ানোর ছলে বলবেন আরেক ফাল্গুন উপন্যাসের নাম। আমার মতো কেউ পড়ে হয়তো আবার আনমনা হবে। কিন্তু কখনো ফিরে আসবে বায়ান্নর ফাল্গুন? আবার কি কখনো ভাঙা হবে বায়ান্নর ১৪৪ ধারা? আবার কি কখনো মুনিম, সালমা, রসুল, আসাদ, বেণু, নীলারা ফিরে আসবে ধনুকভাঙা পণ নিয়ে? আবার কি কখনো মেডিকেল হোস্টেল, মুসলিম হল, চামেলি হাউস, ইডেন হোস্টেল, ফজলুল হক হল, বান্ধব কুটির, নূপুর ভিলা থেকে ছাত্র-যুবকেরা ফেটে পড়বে চিৎকারে—‘শহীদ স্মৃতি অমর হোক’। আবার কি কখনো সমবেত তরুণ কণ্ঠ গাইবে, ‘ভুলি নাই ভুলব না একুশে ফেব্রুয়ারি।’ আবার কি কখনো লেখা হবে আরেক ফাল্গুন নামক আরেকটি অমর উপাখ্যান? জানি না, হয়তো জানবও না কোনো দিন!
শুধু এতটুকু জানি, প্রয়োজনে দ্রোহের আগুন জ্বালানোর মতো বারুদ এ প্রজন্মের বুকেও মজুত আছে।
আলম
শিবপুর, নরসিংদী