আরেক যুদ্ধের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মঞ্চস্থ মনবৈরী নাটকের একটি দৃশ্য
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মঞ্চস্থ মনবৈরী নাটকের একটি দৃশ্য

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাপসের সঙ্গে বিয়ে হয় রাজাকারের মেয়ে সাহেলীর। সাহেলীকে বিয়ের পর গ্রামের ছেলে তাপসের শুরু হয় শহুরে বিলাসবহুল জীবন। একদিন তাপসের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা চাচা তার বাসায় বেড়াতে এলে তাপসের পরিবর্তন দেখে বিস্মিত হন। এর মধ্যে সেখানে আসে সাহেলীর চাচাতো ভাই। তখনই জানা যায় সাহেলীর পরিবারের দুরভিসন্ধির কথা। তারা সাহেলীর যুদ্ধাপরাধী চাচার বিচার ঠেকাতে এই বিয়ের আয়োজন করে। কিন্তু সাহেলী কার দিকে যাবে স্বামী নাকি চাচা? অবশেষে স্বামীর পক্ষেই দাঁড়ায় সাহেলী। সে নিজেও তার রাজাকার চাচার বিচার চায়। এই কাহিনি নাটক মনবৈরী-এর।
গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মঞ্চস্থ হয় নাটকটি। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার স্বপন ভট্টাচার্য। নাটকের প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন নাট্য সংগঠক তাপস রক্ষিত, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী, সাবেক খেলোয়াড় রতন দাশ, কবি শামিম আকতার ও মানিক বৈরাগী। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের ৬৪টি জেলায় ‘মূল্যবোধের নাটক নির্মাণ’ শীর্ষক কার্যক্রমের আওতায় কক্সবাজার রেপার্টরি নাট্যদল মনবৈরী নির্মাণ করেছে।
নাটকে অভিনয় করেন সুশান্ত পাল (তাপসের চাচা), তাপস বড়ুয়া (তাপস), সৈয়দ মুহম্মদ আয়াজ (সাহেলীর চাচাতো ভাই) ও ইসমত আরা (সাহেলী)।
নাট্যকার স্বপন ভট্টাচার্য বলেন, মনবৈরী নাটকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, স্বাধীনতাবিরোধীদের মুখোশ উন্মোচন, যুদ্ধাপরাধীদের বিচার ও ইতিহাস বিকৃতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দর্শকদের সচেতন করা হয়েছে।