আরেক সেনাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই প্রথম আলো খুললে চোখে পড়ছিল শপথ গ্রহণ অভিযানের খবর। খবরটা পড়ে যতটুকু বুঝলাম তা হলো, প্রথম আলোর শপথের গাড়ি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে আর ধর্মবর্ণনির্বিশেষে সব মানুষ নাকি ব্যানারে লিখছে তাদের নিজ নিজ শপথ। খবরটা পড়ে একটু হাসি পেল এই ভেবে যে, হুজুগে মেতে কিছু মানুষ হয়তো শপথ করবে সবাইকে দেখিয়ে, কিন্তু দুই দিন যেতে না যেতেই তা একদম ভুলেও যাবে। যা-ই হোক, কিছুদিন বাদে একদিন কলেজ ছুটির পর দেখি আমাদের কলেজের সামনেই প্রথম আলোর শপথযান। সেখানেই দেখি আমাদের কলেজের কিছু ছেলে শপথের ব্যানারে কী সব যেন লিখছে। কাণ্ড দেখতে একটু সামনে এগোই। ছেলেগুলো লিখছে অদ্ভুত সব কথা। যেমন, সুযোগ পেলেই রক্তদান করব, দেশের ক্রান্তিকালে সক্রিয় থাকব, মেয়েদের উত্ত্যক্ত করব না, মানুষের মনে কষ্ট দেব না ইত্যাদি। কেউ বিশ্বাস করবেন কি না জানি না, আমার ধারণায়ও ছিল না যে এমন শপথ করা সম্ভব। আমি ভেবেছিলাম, শপথ মানে ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’—এই টাইপের কথাবার্তা। কিন্তু ছেলেগুলোর এসব শপথ দেখে মনে হলো, তারা বোধ হয় মন থেকেই শপথ করছে। ইতিমধ্যে আমারও শপথ করার জন্য মনটা উসখুস করছে, কিন্তু এগোতে ভয় লাগছিল। কারণ, সেখানে আমি বাদে আর কোনো মেয়ে নেই। তবু সামান্য সাহস নিয়ে একটু সামনে এগোই। দেখি, আমার পেছনে আরও কিছু মেয়ে আসছে। মেয়েদের এগোতে দেখে একটা ছেলে হেসে বলল, ‘এই তো, প্রমীলারাও জেগেছে!’ আমি আমার ব্যাগ থেকে কলম বের করে ভাবতে লাগলাম কী শপথ করা যায়। মনে মনে চিন্তা করি। আমি তো এমন প্রকৃতির মেয়ে, যার পক্ষে বিপদে পড়লে মিথ্যা বলা, পরীক্ষার হলে দেখাদেখি করা, ক্লাস ফাঁকি দেওয়া কোনো ব্যাপারই না। যত কুকর্ম আমি দিন-রাত করি, তা না করার শপথ যদি আমি লিখতে শুরু করি, তাহলে তো একটা ব্যানার ভরে আরও একটা লাগবে। যা-ই হোক, কিছু একটা ভেবে যেই শপথ লেখা শুরু করব, তখনই পাশ থেকে একটা ছেলে মার্জিতভাবে বলল, ‘আপু, আপনার সাইন পেন দিয়ে এই ব্যানারে লেখা সম্ভব নয়। আপনি বরং আমার মার্কার পেনটা নিন।’ ছেলেটার মার্জিত কথা শুনে মনে হলো, হয়তো এই ছেলেটার মতো কিছু সচেতন ও মার্জিত মানুষ এই ব্যানারে শপথ করছে। হয়তো এই মানুষগুলোর শপথেই বদলে যাবে দেশ।শপথের ব্যানারে শপথটা লিখে ফেললাম। লিখলাম, ‘নিজের বিবেকের সঙ্গে কোনো দিন প্রতারণা করব না এবং এই শপথ রক্ষায় যথাসাধ্য চেষ্টা করব।’ শপথটা লেখার পর কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, তা বোঝাতে পারব না। হঠাত্ শুনি পেছন থেকে মধ্যবয়সী এক লোক আমাকে উদ্দেশ করে বলছেন, ‘এমন কঠিন শপথ করলে, রাখতে পারবে তো?’ লোকটার কথার মধ্যে হয়তো উপহাস ছিল। আমি কোনো উত্তর না দিয়ে চলে এলাম। কিন্তু মনে মনে বললাম, ‘পারবই!’সেদিন থেকে আমার মধ্যে কী যেন প্রবেশ করেছে, যা আমাকে রীতিমতো বদলে দিতে শুরু করেছে। মাঝেমধ্যে মনে হয়, আমি বিরাট এক যুদ্ধে শামিল হয়েছি, যে যুদ্ধে আমার পক্ষে আমিই সেনাপতি, আবার আমিই সৈনিক। আর প্রতিপক্ষ আমার মনের সব কুপ্রবৃত্তি। আমার এ যুদ্ধ হয়তো আমাকে জীবনভর চালিয়ে যেতে হবে। তবে আমি নিশ্চিত, আজ কিংবা কাল যেদিনই হোক, যুদ্ধে আমিই জয়ী হব।নূর-ই-আয়শাদক্ষিণ পীরেরবাগঢাকা।