আরেকটি মার্চগাথা ও তামিম

প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার ইচ্ছে নিয়েই বিশ্বকাপে পা রেখেছিলেন তিনি। কাছাকাছি চলেও গিয়েছিলেন। কিন্তু একটুর জন্য হলো না। ৫ রানের আক্ষেপ থাকলেও তামিম ইকবালের ৯৫ রানের ইনিংসটি মন ভরিয়েছে। সবচেয়ে বড় কথা, চোখ রাঙাতে থাকা স্কটিশদের বিপক্ষে মান বাঁচিয়েছে। ৩১৯ রানের বড় লক্ষ্য টপকে যাওয়ার স্বপ্নটি যে চট্টগ্রামের এই বাঁহাতি ওপেনারের হাত ধরেই রচিত।
কার শতক কার কপালে ছিল, সেটা পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেই দেখেছে সবাই। মাহমুদউল্লাহ রিয়াদ পর পর দুই ম্যাচ সেঞ্চুরি করে এখন ক্রিকেট ইতিহাস বইতে জায়গা করে নিয়েছেন। প্রথম শতক না হলেও বিশ্বকাপে তামিমের সেঞ্চুরির খিদে মেটানোর এখনো সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ যে ভারত। আর ভারতের বিপক্ষে বাংলাদেশের তিনটি জয়ের দুটিতেই ছিল তামিমের অনবদ্য অবদান। ২০০৪ সালে প্রথম জয়ের সময় তখনো জাতীয় দলে অভিষেক হয়নি এই বাঁহাতির। তবে ২০০৭ বিশ্বকাপে ত্রিনিদাদে তামিমের ৫১ রানের শুরুটা বাংলাদেশকে ম্যাচ জয়ের পথে নিয়ে গিয়েছিল। টাইগাররা ভারতের ১৯১ রান টপকে যায় অনায়াসেই, মাত্র ৫ উইকেট হারিয়ে। তামিমের পর সেই ম্যাচে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম অর্ধশতকের দুটি ইনিংস খেলেন। চার উইকেট নিয়ে ম্যাচসেরা মাশরাফি বিন মুর্তজা হলেও ব্যাটিংয়ের শুরুটার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তখনকার ধারাভাষ্যকারেরা। ভারতের বিপক্ষে এ ধরনের একটি শুরুর প্রত্যাশা তামিমের কাছে সবাই এখন করছে।
প্রতিপক্ষ ভারত বলেই এই প্রত্যাশাটা ডালপালা ছড়িয়েছে। ১৯ মার্চ মেলবোর্নে এ রকম একটি শুরু বদলে দিতে পারে দিনের চিত্র। কাকতালীয়ভাবে ২০০৭ সালের বিশ্বকাপ ম্যাচটি হয়েছিল ১৭ মার্চ। আর এবার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এর দুই দিন পর আজ ১৯ মার্চ। ভারতের বিপক্ষে সর্বশেষ জয়টিও আসে মার্চ মাসে। ২০১২ সালের ১৬ মার্চ এশিয়াকাপে। ওই জয়ের পেছনেও ছিল তামিমের অসাধারণ শুরু। টেন্ডুলকারের ১১৪ রানও সেদিন পানসে হয়ে পড়েছিল তামিমের আগুন ঝরানো ৭০ রানের কাছে। এ কারণেই সেদিন ২৮৯ রানের বিশাল পাহাড় টপকাতে পেরেছিল বাংলাদেশ। তামিমের ৭০ রানের পর দুটি অর্ধশতক ও দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন যথাক্রমে জহিরুল ইসলাম, নাসির হোসেন, সাকিব ও মুশফিক। শুরুর ঝলকের পর সম্মিলিত দায়ভারে আসে জয়। তাই ভালো, শুরুর দিকে তাকিয়ে আছে সবাই। তবে এটাও মানতে হবে বড় ইনিংস খেলার চেষ্টা থাকে প্রতিটি ক্রিকেটারের। দুই ওপেনারের চ্যালেঞ্জ সব সময় একটু বেশি। সবচেয়ে বেশি ভালো বলের মুখোমুখি হতে হয় তাঁদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখা গেছে টিম সাউদি ও বোল্টের বল কীভাবে বাতাসে ঘুরেছে শুরু থেকে। সেই শুরুর ধাক্কাটা কাটানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে বলের গতি ও সুইং কমে যায়।
এই হাউভোল্টেজ ম্যাচের আগে টাইগার সমর্থকেরা যখন তাকিয়ে আছেন তামিমের দিকে, তখন কী ভাবছেন তাঁর মা নুসরাত ইকবাল? গত সোমবার রাতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ক্রিকেট ভাগ্যের খেলা। ভাগ্য পক্ষে থাকলে অনেক কিছু হয়। ছেলের জন্য দোয়া করেন সবাই। সেই সঙ্গে দেশের জন্যও।’ এখন কেবল অপেক্ষা। আজ রচিত হবে কি তামিম ও টাইগারদের আরেকটি মার্চগাথা? কাল ২০ মার্চ তামিম জয়ের উচ্ছ্বাসে উদ্যাপন করবেন কি তাঁর জন্মদিন। স্বপ্ন দেখতে দোষ কী!